ম্যারাডোনার মন-কষাকষি
কাল ভরা বার্নাব্যু যতটা আত্মবিশ্বাস জুগিয়েছে রিয়াল মাদ্রিদকে, গ্যালারিতে থাকা শুধু একজন মানুষই ততটা সাহস দিয়েছেন নাপোলিকে। এই একজন যে সাধারণ কেউ নন—ডিয়েগো ম্যারাডোনা! চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে নাপোলিকে সমর্থন জানাতে এসেছিলেন এই কিংবদন্তি। নির্ঘাত চিৎকার করে, স্কার্ফ ঘুরিয়ে পুরো ৯০ মিনিট প্রেরণা জুগিয়েছেন উত্তরসূরিদের।
আর্জেন্টাইন কিংবদন্তি অবশ্য মাদ্রিদে পা রেখেছেন ম্যাচের দুই দিন আগেই। বাগ্দত্তা রোসিও ওলিভাকে নিয়ে ক্ষণিক আবাস গেড়েছেন মাদ্রিদের এক পাঁচ তারকা হোটেলে। ভালোবাসা দিবসে হোটেলের স্পায় দুজনের বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ওলিভা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু রাত পেরিয়ে ভোর হতেই খবর হলেন ম্যারাডোনা। স্থানীয় পুলিশের দাবি, হোটেল কর্তৃপক্ষ সকাল সাড়ে আটটায় তাঁদের ডেকে পাঠিয়েছিল। ওলিভা নাকি অভিযোগ করেছেন, ম্যারাডোনার আক্রমণের শিকার তিনি।
পুলিশ অবশ্য খানিক জিজ্ঞাসাবাদ করে দুই ঘণ্টা পরেই হোটেল থেকে বিদায় নিয়েছে। ঘটনাকে প্রেমিক-প্রেমিকার কথা-কাটাকাটি হিসেবেই দেখছে তারা। আর মন দেওয়া-নেওয়ার কঠিন কাজে সীমা ছাড়াতেই পারে। ভালোবাসার মৌসুমে এমন দু-একটা ঘটনা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতেই পারে পুলিশ।
কিন্তু এমনই এক মন দেওয়া-নেওয়ার কীর্তির জন্য মাউরো ইকার্দিকে কোনোভাবেই ক্ষমা করতে পারছেন না ম্যারাডোনা নিজেই। আর্জেন্টাইন সতীর্থ ম্যাক্সি লোপেজের সাবেক স্ত্রীকে বিয়ে করেছেন ইন্টার মিলান অধিনায়ক। এর পর থেকেই ইকার্দি ম্যারাডোনার দুই চোখের বিষ, ‘এটা ওর জীবন, আমি পাত্তা দিই না। কিন্তু আমার কাছে ওর কোনো অস্তিত্ব নেই।’
এই ক্ষোভটা এবার গিয়ে পড়েছে এদগার্দো বাউজার ওপর। কারণ দারুণ ফর্মে থাকা স্ট্রাইকারের সঙ্গে দেখা করেছেন আর্জেন্টিনার কোচ বাউজা। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার যে অবস্থা তাতে সেটা করতেই পারেন। কিন্তু এতেই ম্যারাডোনা রেগে টং! শুধু এ কারণেই বাউজাকে চিরশত্রু বানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন ‘ফুটবল-ঈশ্বর’, ‘আমি মাফ করব না। আমি ওর সঙ্গে আর কখনো কথা বলব না। আমি দেখতে চাই বাউজা মেসিকে জিজ্ঞেস করুক, সে ইকার্দির বাসায় খাবে কি না কিংবা মেসি, আগুয়েরোর বাসায় ইকার্দি কখনো দাওয়াত পাবে কি না!’