নাপোলির প্রেরণা ম্যারাডোনাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাপোলিকেই সমর্থন ম্যারাডোনার। ছবি: টুইটার
নাপোলিকেই সমর্থন ম্যারাডোনার। ছবি: টুইটার

নাপোলি রূপকথার নায়ক তিনি। সাধারণ মানের একটি দল কীভাবে এক জাদুকরের ছোঁয়ায় অসাধারণ হয়ে ওঠে সেই গল্পের সেরা উদাহরণ ইতালিয়ান ক্লাবটিই। নব্বইয়ের দশকে বার্সেলোনা ছেড়ে নাপোলিতে যোগ দেওয়ার পর এই দলের আজীবন সমর্থক হয়ে গেছেন আর্জেন্টাইন মহাতারকা! সেই ম্যারাডোনাকেই আবারও দেখা গেল ইতালিয়ান লিগে শিরোপা দৌড়ে দুই দলের জন্য গুরুত্বপূর্ন নাপোলি-জুভেন্টাস ম্যাচের আগে।
নাপোলিতে ৭ মৌসুম কাটিয়েছেন ম্যারাডোনা। দলটির ইতিহাসের সবচেয়ে সেরা সময়ই ছিল সেই ৭ মৌসুম। ওই সময়ে নাপোলিকে দুইবার সিরি-আ জিতিয়েছেন, রানার্সআপ করেছেন দুইবার। ইউরোপেও তাদের একমাত্র শিরোপা উয়েফা কাপটাও এসেছিল ম্যারাডোনার সময়ে। কিন্তু ম্যারাডোনা চলে যাওয়ার পর থেকেই নাপোলি নিজেদের গৌরব হারিয়েছে। এর পর আর কখনো লিগ শিরোপা জেতেনি নাপোলি।
অনেক দিন পর নাপোলির সামনে সুযোগ এসেছে লিগ শিরোপা জেতার। মৌসুমের অর্ধেকেরও বেশি সময় ধরে তারা লিগের শীর্ষে আছে। বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাসের বিপক্ষে খেলবে নাপোলি। দলটির এই উঠে আসার পেছনে আরেক আর্জেন্টাইনের অবদান—গঞ্জালো হিগুয়েইন। ২৪ ম্যাচে ২৪ গোল করে একের পর এক ম্যাচ জিতিয়ে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ম্যারাডোনা গতকাল ফোন করে দলের সবার সঙ্গেই কথা বলেছেন। নাপোলির দুই খেলোয়াড় দ্রিস মেয়ের্টেন্স ও লোরেঞ্জো ইনসিনিয়ের জার্সি উচিয়ে ছবি তুলে সবাইকে জানিয়ে দিচ্ছেন তিনি নাপোলিরই। মেয়ের্টেন্স ও ইনসিনিয়ের জার্সি হাতে ম্যারাডোনার এই ছবি টুইটারেও ফেলে দিয়েছে শোরগোল।

ম্যারাডোনার এমন সমর্থন নিশ্চয় বৃথা যেতে দেবেন না ইনসিনিয়ে-হিগুয়েইনরা! তথ্যসুত্র: ফুটবল ইতালিয়া।