ম্যারাডোনার সেরা মরিনহো

দুজনই সমসাময়িক এবং এই যুগের। তবে কোচ হিসেবে সর্বকালের সেরাদের তালিকা করলে সেই ছোট তালিকায়ও সম্ভবত দুজনই ঢুকে পড়বেন। তাঁদের মধ্যে একজন বার্সেলোনার ইতিহাসে মতান্তরে সবচেয়ে সুবর্ণ সময়টা উপহার দিয়েছেন, তৈরি করেছেন সর্বজয়ী এক দল। সেটার সাক্ষী বার্সার হয়ে মাত্র ৪ বছরের মধ্যে ১৪টি ট্রফি! তিনি পেপ গার্দিওলা। বার্সা থেকে বায়ার্ন মিউনিখে এসেও চলছে যাঁর সাফল্যগাথা।
শুধু ট্রফি হিসাব করলে অন্যজন আরও এগিয়ে। পোর্তো, চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ঘুরে আবার চেলসি। যেখানেই হাত দিয়েছেন সাফল্য এসেছে। হয়ে উঠেছেন আধুনিক ফুটবলে সাফল্যের বিকল্প নাম, স্বঘোষিত ‘দ্য স্পেশাল ওয়ান’। বুঝতেই পারছেন লোকটার নাম হোসে মরিনহো। কিন্তু তুলনাটা যখন তাঁদের দুজনের মধ্যে, তখন কে এগিয়ে কার চেয়ে?
‘এগিয়ে মরিনহো। শুধু গার্দিওলার চেয়ে নয়, মরিনহোই সর্বকালের সেরা!’—কথাটা যিনি বলেছেন, অল্পবিস্তর কোচিংয়ের অভিজ্ঞতা তাঁরও আছে। কিন্তু খেলোয়াড় ডিয়েগো ম্যারাডোনা যেমন সর্বকালের সেরাদের একজন, কোচ হিসেবে সেই পর্যায়ে যাওয়া দূরের কথা, ধারেকাছেও থাকবেন না। তবে কোচ হিসেবে যতই ‘সাধারণ’ হন, অসাধারণকে চিনে নেওয়ার চোখটা তো আছে! আর সেই বিচারেই ম্যারাডোনার সহজ স্বীকারোক্তি, ‘পেপ না মরিনহো? আমি বলব মরিনহো। পেপের আরও সময় লাগবে, যে সময়টা মরিনহো পেয়েছে “মরিনহো” হওয়ার জন্য।’
শুধু গার্দিওলার চেয়ে এগিয়ে থাকা নয়, মরিনহো কেন সর্বকালের সেরা কোচ সেটাও ব্যাখ্যা করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি, ‘মরিনহো যদিও আমার বন্ধু, তবে আমার কাছে সে সর্বকালের সেরা, কারণ আপনি কী বলতে যাচ্ছেন সেটা বলার আগেই সে বুঝে ফেলে। এটাই সবচেয়ে ভয়ংকর ব্যাপার! এ কারণেই সে মরিনহো। এ কারণেই সে সর্বকালের সেরা।’ কে জানে কথাটা বলার সময় স্যার অ্যালেক্স ফার্গুসন, রাইনাস মিশেলস, বব পেইসলি, ম্যাট বুসবি, ব্রায়ান ক্লফ, বেলা গুটম্যান, অ্যারিগো সাচ্চি আর হেলেনিও হেরেরাদের কথা ম্যারাডোনার মাথায় ছিল কি না!
দুই সমসাময়িক কোচের মধ্যে সেরাকে বেছে নিতে গিয়ে ম্যারাডোনা যেমন নিশ্চিন্তে একজনের পক্ষ নিতে পেরেছেন, সমসাময়িক দুই খেলোয়াড়ের বেলায় কিন্তু সেটা পারেননি। লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো দুজনকেই রেখেছেন একই কাতারে। মেসি তাঁর স্নেহধন্য। আর্জেন্টিনার কোচ থাকার সময় খুবই কাছ থেকে দেখেছেন বার্সেলোনা ফরোয়ার্ডকে। আগে বেশ কয়েকবার স্বদেশিকেই বাকি সবার চেয়ে এগিয়ে রাখার কথা বলেছেনও। তবে এ মুহূর্তে দুজনকেই পাশাপাশি রাখছেন ম্যারাডোনা, ‘ক্রিস্টিয়ানো দারুণ পেশাদার। আমার মনে হয় এখন সে মেসির পর্যায়েই। এখন ঠিক বলা যাবে না যে মেসি রোনালদোর চেয়ে এগিয়ে অথবা রোনালদো এগিয়ে মেসির চেয়ে। এখন তারা দুজনই সমান।’
সামগ্রিক দক্ষতায় দুজনই সমান তাঁর চোখে। তবে যে জায়গায় রোনালদো মেসির চেয়ে একটু এগিয়ে আছেন, সেটাও আলাদা করে বলেছেন ম্যারাডোনা, ‘গোলপোস্টের সামনের রোনালদো খুনির মতো। আপনি তাকে প্রতিপক্ষের অর্ধের যেকোনো জায়গা থেকে শট নেওয়ার সুযোগ দেবেন, ও আপনাকে খুন করে ফেলবে। গোলকিপাররা তার ভয়ে কাঁপে। মেসিকে ওরা এতটা ভয় পায় না কারণ সে ওই জায়গাটায় এত ভয়ংকর নয়।’ স্কাই স্পোর্টস।
