ম্যারাডোনার 'যুদ্ধ'
মিশেল প্লাতিনি সভাপতি পদে প্রার্থিতা ঘোষণার পর আবারও কৌতূহল ছড়াচ্ছে—ডিয়েগো ম্যারাডোনা কি ফিফা সভাপতি পদের জন্য লড়বেন? আর্জেন্টাইন কিংবদন্তি সরাসরি কিছু বলেননি। তবে ফিফার ভেতরে ‘মাফিয়ার’ বিরুদ্ধে যুদ্ধে নামার ইচ্ছা জানিয়ে সভাপতি পদে নির্বাচনের ইঙ্গিত কিন্তু দিয়ে রাখলেন।
দুর্নীতির অভিযোগে ফিফার সাত কর্মকর্তা গ্রেপ্তারের পরই ব্ল্যাটারকে সরাসরি ‘চোর’ বলে তোপ দেগেছিলেন ম্যারাডোনা। এরপর অনেক জল গড়িয়েছে, ব্ল্যাটার সভাপতি নির্বাচিত হয়ে আবার সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন। এতে অবশ্য সমস্যার সমাধান দেখছেন না ছিয়াশির বিশ্বকাপ নায়ক। তাঁর কথা, ফিফায় দুর্নীতির বিষবৃক্ষ অনেক দূর প্রোথিত হয়ে গেছে। আর্জেন্টাইন টিভি চ্যানেল আমেরিকার কাছে ম্যারাডোনা নিজের ইচ্ছেটাও জানিয়েছেন এভাবে, ‘ফিফায় সক্রিয় মাফিয়া চক্রের বিরুদ্ধে লড়াই করতে চাই। অনেক দিন ধরেই ফিফায় যারা চুরি করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে চাই।’ ফিফার সভাপতি পদে নির্বাচনের আভাস দিয়েছিলেন ব্ল্যাটার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর। তবে ব্যাপারটা নিয়ে ঝেড়ে কাশছেন না এখনো, রেখে দিচ্ছেন ধোঁয়াশা, ‘খুব করে চাই, ফিফায় যেন থাকতে পারি।’
ফিফার দুর্নীতি-কাণ্ডের পর ‘আগেই বলেছিলাম, এমন কিছু হবে’ জাতীয় প্রতিক্রিয়াই দিয়েছিলেন ম্যারাডোনা। আর্জেন্টাইন টিভি চ্যানেলকে পরশু আবার বললেন, ‘এখন তো দেখা যাচ্ছে, আমেরিকানরাই আমার কথা বলছে। এবং মনে হচ্ছে ওরা আরও
অনেক কিছু বের করে আনবে।’ রয়টার্স।