ম্যারাডোনার '১০' ইনসিনিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাপোলির সমর্থকদের আপনজন তো তিনি ছিলেনই। পরশু আনুষ্ঠানিকভাবে নেপলসের করে নেওয়া হলো ডিয়েগো ম্যারাডোনাকে, দেওয়া হলো সম্মানসূচক নাগরিকত্ব l এএফপি
নাপোলির সমর্থকদের আপনজন তো তিনি ছিলেনই। পরশু আনুষ্ঠানিকভাবে নেপলসের করে নেওয়া হলো ডিয়েগো ম্যারাডোনাকে, দেওয়া হলো সম্মানসূচক নাগরিকত্ব l এএফপি

এই শতাব্দীতে জার্সিটা আর কারও গায়ে ওঠেনি। ১০ নম্বর জার্সিটা গায়ে চাপিয়ে নাপোলির ইতিহাসের সবচেয়ে বর্ণিল অধ্যায়টা লিখেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। ক্লাবকে দুবার ইতালিয়ান লিগ জিতিয়েছিলেন, একবার জিতিয়েছিলেন উয়েফা কাপও। প্রিয়তম খেলোয়াড়ের সম্মানে নাপোলিও ২০০০ সাল থেকে আর্জেন্টাইন কিংবদন্তির ১০ নম্বর জার্সিটা আনুষ্ঠানিকভাবে তুলে রেখেছে।
তবে অবস্থাটা এবার বদলাল বলে! ম্যারাডোনা নিজেই জার্সিটার উত্তরসূরি খুঁজে নিয়েছেন নাপোলির বর্তমান দল থেকে—লরেঞ্জো ইনসিনিয়ে। তবে কিংবদন্তিতুল্য জার্সিটা পেতে একটা শর্তও পূরণ করতে হবে ইতালিয়ান মিডফিল্ডারকে। ম্যারাডোনাই শর্তটা বেঁধে দিয়েছেন—নাপোলির জার্সিতে তাঁর চেয়ে বেশি গোল করতে হবে ইনসিনিয়েকে।
নেপলসে ম্যারাডোনা এখনো আগের মতোই জনপ্রিয়। তবু এত দিন ছিলেন নাপোলির ‘দত্তক সন্তান’। গতকালই তাঁকে একেবারে নিজের করে নিয়েছে নাপোলি, ম্যারাডোনাকে দেওয়া হয়েছে নেপলসের নাগরিকত্ব। ওই অনুষ্ঠানেই ম্যারাডোনা নাপোলিতে তাঁর ১০ নম্বর জার্সির উত্তরসূরি হিসেবে বেছে নিলেন ইনসিনিয়েকে। শর্তটাও বলে দিয়েছেন, ‘ও (ইনসিনিয়ে) যদি আমার চেয়ে বেশি গোল করতে পারে, তাহলেই ও জার্সিটা পরতে পারবে।’
গত মৌসুমে ২৪ নম্বর জার্সি পরে খেলা ইনসিনিয়ের জন্য কাজটা এখনো ‘দিল্লি বহুদূর’ই। ম্যারাডোনা নাপোলির জার্সিতে গোল করেছিলেন ১১৫টি, সব প্রতিযোগিতা মিলিয়ে এখনো নাপোলির সর্বোচ্চ গোলদাতা। আর ২৬ বছর বয়সী ইনসিনিয়ের গোল ৪৮টি।
শুধু গোলের হিসাব করলে ইনসিনিয়ে নন, ম্যারাডোনার জার্সির সবচেয়ে কাছাকাছি চলে গেছেন মারেক হামসিক। নাপোলিতে ১০০ গোল হয়ে গেছে ২৯ বছর বয়সী স্লোভাক মিডফিল্ডারের। তবে হামসিককে জার্সির উত্তরসূরি না ভাবুন, সর্বোচ্চ গোলের রেকর্ডের উত্তরসূরি হতে শুভকামনা ঠিকই জানিয়েছেন ম্যারাডোনা, ‘আমি আশা করি, সে রেকর্ড গড়বে। রেকর্ড হয় ভাঙার জন্যই। আশা করি, সে অনেক গোল করবে এবং নাপোলিকে শিরোপা জিততে সাহায্য করবে, যাতে করে আমি তাকে অভিনন্দন পাঠাতে পারি।’
অবশ্য ২০১১ সালেও নাপোলিতে নিজের জার্সির উত্তরসূরি বেছে নিয়েছিলেন ম্যারাডোনা—এজেকিয়েল লাভেজ্জি। তখন স্বদেশি স্ট্রাইকারকে এমন কোনো শর্ত বেঁধে দেননি আর্জেন্টাইন কিংবদন্তি। তার ফলটা অবশ্য নাপোলির জন্য ভালো হয়নি! জার্সির চাপে হোক বা শিরোপা জেতার লোভে, পরের বছরই নাপোলি ছেড়ে পিএসজিতে চলে গিয়েছিলেন লাভেজ্জি। গোলডটকম।