ম্যুরালে দিবালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের ম্যুরালের সামনে দিবালা
নিজের ম্যুরালের সামনে দিবালা

মৌসুম শেষের ছুটিটা বিস্ময় উপহার দিয়ে আর বিস্মিত হয়েই কাটছে পাওলো দিবালার!

ক্লাবের ব্যস্ত মৌসুম শেষে আর্জেন্টিনায় নিজের শহর লাগুনা লারগায় ফিরে গেছেন জুভেন্টাস ফরোয়ার্ড। বিস্ময় উপহার দেওয়ার কাজটা করেছিলেন কদিন আগে, সেখানকারই স্থানীয় একটি ক্লাবের সঙ্গে প্রদর্শনী ম্যাচে ২০ জনকে ফাঁকি দিয়ে ফ্রিকিকে করেছিলেন গোল। আর পরশু দিবালা নিজেই উপহার পেলেন একটা চমক—তাঁর গোল উদ্‌যাপনের ভঙ্গির বিশাল এক ম্যুরাল আঁকা হয়েছে আর্জেন্টাইন ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে!

লাগুনা লারগায় দিবালার শৈশবের ক্লাব ইন্সতিউতো আর্জেন্টিনারই আরেক ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের একটা শাখা। ছুটিতে ওল্ড বয়েজ ক্লাবে গিয়েছিলেন, সেখানেই বিস্ময়টা উপহার পেলেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড। ম্যুরালটা দেখার পর আবেগ ছুঁয়ে গেল দিবালাকেও। ইনস্টাগ্রামে ম্যুরাল উন্মোচনের ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘নিওয়েলস ওল্ড বয়েজ অ্যাথলেটিক ক্লাব অ্যান্ড লাইব্রেরিকে অনেক ধন্যবাদ এই দুর্দান্ত শিল্পকর্মের জন্য। নিজের ক্লাবে ফিরে এমন বিস্ময় উপহার পেয়ে আমি বিস্মিত। ধন্যবাদ, ধন্যবাদ এবং ধন্যবাদ!’ ডেইলি মেইল।