মড়ার উপর খাঁড়ার ঘা রামোসের

এবার চোটে পড়ে বড় সময়ের জন্যই মাঠের বাইরে চলে যাচ্ছেন রামোস।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই চুক্তি নিয়ে ঝামেলায় আছেন সের্হিও রামোস। রিয়াল মাদ্রিদের সঙ্গে বনিবনা হচ্ছে না। যেমন চুক্তি চাইছেন, ক্লাব তা দিতে নারাজ। আর চুক্তির ব্যাপারে ঐকমত্যে না পৌঁছালে আগামী জুনে প্রিয় ক্লাব ছেড়ে পাড়ি জমাতে হবে অন্য কোথাও। এর মধ্যে আরেক যন্ত্রণায় পড়েছেন রিয়াল অধিনায়ক। জানা গেছে, অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হতে পারে তাঁকে।

স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা কোপ জানিয়েছে, ছয় থেকে সাত সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে পারেন সের্হিও রামোস। কারণ আর কিছুই নয়, হাঁটুর চোট। এর মধ্যেই বাঁ হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে রামোসের, রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। কিন্তু অস্ত্রোপচার হলেও ঠিক কত দিন মাঠের বাইরে থাকবেন রামোস, সেটি জানা যাচ্ছিল না।

এবার কাদেনা কোপের কল্যাণে জানা গেল, অন্তত ছয় থেকে সাত সপ্তাহ মাঠে নামবেন না রামোস। আর তা-ই যদি হয়, তাহলে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে ইতালিয়ান ক্লাব আতালান্তার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ দুই লেগের ম্যাচ খেলতে পারবেন না রামোস। খেলতে পারবেন না আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটাও। এই ম্যাচগুলোয় ফলাফল যদি রিয়ালের পক্ষে না যায়, লিগ ও চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন বিসর্জন দিতে হতে পারে। রামোসের না থাকাটা তাই বিরাট বড় এক ধাক্কা।

চ্যাম্পিয়নস লিগেও না খেলতে পারার শঙ্কা রামোসকে ঘিরে।
ছবি: রয়টার্স

সুপারকোপার সেমিফাইনালে সেই যে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে নেমেছিলেন, এরপর আর মাঠে নামা হয়নি রামোসের। সে ম্যাচে পুরো ৯০ মিনিট খেললেও ফিটনেস নিয়ে যে বেশ যন্ত্রণায় আছেন, বোঝা গিয়েছিল। সাত সপ্তাহ মাঠের বাইরে থাকলে অবশ্য এল ক্লাসিকোর আগেই ফিরতে পারবেন, যা আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে।

এমনিতেই আতলেতিকোর চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে রিয়াল, আতলেতিকো খেলেছেও এক ম্যাচ কম। এমন অবস্থায় লিগ শিরোপা ধরে রাখার জন্য যেখানে রামোসকে সবচেয়ে বেশি দরকার, তখনই দলের প্রয়োজনে থাকতে পারছেন না এই সেন্টারব্যাক।

এদিকে রামোসের সঙ্গে রিয়াল যদি চুক্তি নবায়ন না করে, তাহলে চলমান মৌসুমেই রামোসকে রিয়ালের জার্সি গায়ে সর্বশেষ দেখা যাবে। এরপর কোথায় যাবেন, কেউ জানে না। আগ্রহী ক্লাবের তালিকায় আছে পিএসজি, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, জুভেন্টাস, এমনকি এভারটন-টটেনহামের নামও।