ময়মনসিংহ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইব্রেকারে শামসুন্নাহারের শটটি জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ল ময়মনসিংহের মেয়েরা। আনন্দে ডিগবাজি দিতে গিয়ে মাঠেই অজ্ঞান হয়ে গেলেন ময়মনসিংহ থেকে দলের সঙ্গে আসা এক সমর্থক। অবস্থা এত খারাপ হয়ে পড়ে যে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে হয়েছে তাঁকে। শুধু এক সমর্থক নন, ১২০ মিনিট খেলার ধকল সইতে না পেরে ম্যাচ শেষে অজ্ঞান হয়ে পড়েন দুই ফুটবলার শামসুন্নাহার ও নাজমাও।
গতবারের চ্যাম্পিয়ন আনসারকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কেএফসি জাতীয় মহিলা ফুটবলের শিরোপা জয়টা যেন বিশ্বাসই হচ্ছিল না ময়মনসিংহের মেয়েদের। তবে কোচ মকবুল হোসেনের বিশ্বাস ছিল, পারবে তাঁর দল। জাতীয় দলের একগুচ্ছ খেলোয়াড়সমৃদ্ধ বিজেএমসিকে প্রথমে সেমিফাইনালে এবং কাল ফাইনালে আনসারকে হারিয়ে কোচের বিশ্বাসকেই প্রতিষ্ঠিত করলেন ময়মনসিংহের মেয়েরা। কাল ২৮ মিনিটে সাজেদার গোলে এগিয়ে যায় আনসার। ৭০ মিনিটে সমতা ফেরায় মার্জিয়া। ৯ গোল করে টুর্নামেন্ট-সেরার পুরস্কারও জিতেছে কলসিন্দুর স্কুলের সপ্তম শ্রেণির এই ছাত্রী। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক ফুটবল তারকা আশরাফউদ্দিন চুন্নু।