ময়মনসিংহে কলসিন্দুরের মেয়েদের সংবর্ধনা
এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের আঞ্চলিক প্রতিযোগিতায় শিরোপাজয়ী বাংলাদেশ দলের কলসিন্দুরের মেয়েরা আজ বুধবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিজেদের বাড়ি ফিরেছে। ফেরার সময় পথে পথে উষ্ণ সংবর্ধনা আর মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে তারা।
গত রোববার ১ মে তাজিকিস্তানে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ভারতকে ৪-০ গোলে হারায় বাংলাদেশ। বাংলাদেশ দলের ১৮ জন ফুটবলারের মধ্যে আটজন ময়মনসিংহের প্রত্যন্ত ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের।
ময়মনসিংহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও ধোবাউড়া উপজেলা ক্রীড়ার সংস্থার সূত্রে জানা যায়, আজ বেলা ১টা ২০ মিনিটে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা থেকে প্রথমে ময়মনসিংহে আসে কলসিন্দুরের মেয়েরা। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে মেয়েদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর হায়াৎ খান, সাধারণ সম্পাদক মোর্শেদ জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ও ময়মনসিংহের ফুটবল কোচ সালাউদ্দিন।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে দেখা যায়, কলসিন্দুরের মেয়েদের দেখতে স্টেশনে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ। এ সময় কলসিন্দুরের মেয়ে মারিয়া, নাজমা, মাহমুদা, সাজেদা, শামছুন্নার ও তাসলিমা সবার ভালোবাসায় অভিভূত বলে প্রতিক্রিয়া ব্যক্ত করে। তারা আগামী দিনে বাংলাদেশের জন্য আরও বড় সাফল্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করে। মেয়েরা বাংলাদেশের নারীদের ঘরোয়া ফুটবল লিগ চালুর দাবি জানায়।
মেয়েরা বিকালে ধোবাউড়া উপজেলায় পৌঁছালে সেখানও তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় উপজেলা ক্রীড়া সংস্থা ও এলাকাবাসী। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুজ্জামান খান ফুলেল শুভেচ্ছা জানান মেয়েদের। ধোবাউড়ার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও তাদের শুভেচ্ছা জানান।
সন্ধ্যার দিকে কলসিন্দুর পৌঁছালে মেয়েদের বরণ করে নেয় তাদের পরিবার, স্বজন ও স্থানীয় লোকজন।