ময়মনসিংহে বিবর্ণ ফুটবল
শহরের গাঙ্গিনারপাড় শাপলা চত্বরের পত্রিকাস্টলে বিপিএলের সূচি খুঁজছিলেন জাহাঙ্গীর আলম। সেটা নেই শুনে হকার হেলালউদ্দিনের সঙ্গে তর্ক জুড়ে দিলেন ওই দর্শক। ঝগড়া থামাতে এই প্রতিবেদককেই উদ্যোগী হতে হলো। ফুটবল ফেডারেশন থেকে দেওয়া সূচি হাতে পেয়ে হেলাল ছুটলেন ফটোকপির দোকানে। সূচি ফটোকপি করে আনলেন ৫০টি। মুহূর্তেই বিক্রি হয়ে গেল কয়েকটি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে যে ময়মনসিংহবাসী ফুটবলমুখী হওয়ার চেষ্টা করছে, এটা তার ছোট্ট উদাহরণ বলাই যায়। বাস্তবতা হচ্ছে ঐতিহ্যবাহী এই জেলায় অনেক আগে থেকেই ক্রিকেট আলাদা জায়গা করে নিয়েছে। এই জেলায় জন্ম সাবেক ক্রিকেটার ও বিখ্যাত কোচ রামচাঁদ গোয়ালার। একসময় জাতীয় দলে খেলা ক্রিকেটার সাইফুল ইসলাম, মাহবুবুল আলম সেলিম, সানোয়ার হোসেনরা এই জেলা থেকেই উঠে এসেছেন। বর্তমান জাতীয় দলে খেলছেন মাহমুদউল্লাহ, শুভাগত হোমদের মতো তারকা ক্রিকেটার। উদীয়মান ওপেনার আবদুল মজিদের বাড়িও এই শহরে। ক্রিকেটের শহরে তারপরও ফুটবল এ মুহূর্তে সবার মুখে। চায়ের কাপে আলোচনা আবাহনী, মোহামেডান, শেখ জামালকে নিয়ে।
ফুটবল যে এই জেলায় কোনো কালেই মাঠে ছিল না, তা কিন্তু নয়। বৃহত্তর ময়মনসিংহ (জামালপুর) থেকে ঢাকার ফুটবল মাতিয়েছেন সহোদর শামসুল আলম মঞ্জু ও মনোয়ার হোসেন নান্নু। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ও বৃহত্তর ময়মনসিংহেরই (নেত্রকোনা) ফুটবলার।
আশির দশকে ঢাকায় খেলেছেন গোলাম কিবরিয়া বাবুল, শাহ আবদুল হালিম, আবদুল জলিল, হাবিবুর রহমান (ভুলু)। কিন্তু সেই ময়মনসিংহ থেকে এখন আর ফুটবলার উঠে আসে না। বর্তমানে প্রিমিয়ার লিগে বিজেএমসির হয়ে খেলছেন ময়মনসিংহের একমাত্র ফুটবলার জাকির হোসেন জিকু। ছেলেদের তুলনায় ব্যতিক্রম মেয়েরা। মহিলা ফুটবল দিয়ে সারা দেশে পরিচিতি পেয়েছে ময়মনসিংহ। ধোবাউড়ার প্রত্যন্ত কলসিন্দুর গ্রামের ১০ ফুটবলার খেলছে জাতীয় দলে।
২০০৮ সালে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) গঠনের পর মাত্র তিন মৌসুম প্রিমিয়ার লিগের আয়োজন করেছে ময়মনসিংহ ডিএফএ। মোট ১২টি দল অংশ নেয় লিগে। প্রিমিয়ার লিগ অনিয়মিত হলেও আন্ত-উপজেলা টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করেন বলে দাবি ডিএফএ সভাপতি ওমর হায়াৎ খানের। লিগের বর্তমান চ্যাম্পিয়ন ময়মনসিংহ পুলিশ। ময়মনসিংহে আবাহনী-মোহামেডান থাকলেও সাংগঠনিকভাবে খুবই দুর্বল। শিরোপা লড়াইয়ে থাকে উদয়ন ক্রীড়াচক্র, ফ্রেন্ডস ইলেভেন দল।
ময়মনসিংহে কেন ফুটবল ঝিমিয়ে পড়েছে? ওমর হায়াৎ হতাশার সুরে বললেন, ‘আমাদের এলাকায় সচ্ছল পরিবারের কেউ ফুটবল খেলে না। সবাই ক্রিকেট খেলতে চায়।’ তিনি জানালেন, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বার্ষিক অনুদান পান ৫-৬ লাখ টাকা। এর বাইরে ফেডারেশনের অনুদান ২ লাখ। কিন্তু এত অল্প টাকা দিয়ে নাকি লিগ আয়োজন সম্ভব নয়। যদিও টাকা নয়, এখানে কর্মকর্তাদের ইচ্ছার অভাবকে দায়ী করেন অনেকে। ওমর হায়াৎ ময়মনসিংহ শহরে স্পনসর পাওয়া যায় না বলে হাপিত্যেশ করেন। কেউ নাকি এ জেলায় খেলাধুলায় আগ্রহ দেখায় না।’ অথচ বিপিএলের প্রথম দিনে দর্শকসাড়া ছিল অনেক।
তবে এটা সত্য, ময়মনসিংহে ফুটবলচর্চা খুব কম। তার ওপর স্থানীয় প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের ওপর ঢাকার ক্লাবগুলোর নজর নেই। স্থানীয় কোচ মোরসালিন আহমেদ দায়টা নিজেদের কাঁধেও নিচ্ছেন, ‘আমরা সেভাবে ঢাকার কোচদের সঙ্গে যোগাযোগ রাখি না। এটা আমাদেরই ব্যর্থতা। তা ছাড়া এখানকার বেশির ভাগ কোচই তেমন শিক্ষিত নন। এটাও ফুটবলার বের না হওয়ার অন্যতম একটা কারণ।’