ময়মনসিংহের আরেকটি সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয় তবে সহচরী, হাতে হা​েত ধরি ধরি...! অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের ফাইনালে টাঙ্গাইলকে হারিয়ে দেওয়ার পর ময়মনসিংহের কিশোরীদের উল্লাস l ছবি: বাফুফে
আয় তবে সহচরী, হাতে হা​েত ধরি ধরি...! অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের ফাইনালে টাঙ্গাইলকে হারিয়ে দেওয়ার পর ময়মনসিংহের কিশোরীদের উল্লাস l ছবি: বাফুফে

‘মাঠে কাদা না থাকলে আরও বেশি গোলে জিততে পারতাম’—ম্যাচ শেষে ময়মনসিংহ জেলার কোচ মফিজউদ্দিনের কণ্ঠে আফসোস। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফাইনালে টাঙ্গাইলকে ২-০ গোলে হারিয়ে জেএফএ অনূর্ধ্ব-১৪ ফুটবলের প্রথম আসরেই চ্যাম্পিয়ন ময়মনসিংহ। ১৮ মিনিটে সানজিদার গোল, ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সাজেদা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মারিয়া। সর্বোচ্চ গোলদাতার (১০টি) পুরস্কার পেয়েছে মার্জিয়া।
মেয়েদের ফুটবলে যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছে ময়মনসিংহ। আরও স্পষ্ট করে বললে, ধোবাউড়ার প্রত্যন্ত এলাকার কলসিন্দুর উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা। যাদের উত্থানের শুরুটা ২০১১ সালে; বঙ্গমাতা স্কুল টুর্নামেন্টে। গত চার বছরে শুধুই সাফল্যে ভেসেছে কলসিন্দুরের মেয়েরা। এর মধ্যে বঙ্গমাতা স্কুল টুর্নামেন্টে দুবার হয়েছে চ্যাম্পিয়ন। একবার জাতীয় মেয়েদের ফুটবলে চ্যাম্পিয়ন, প্ল্যান বাংলাদেশ মেয়েদের টুর্নামেন্টে হয়েছে আঞ্চলিক চ্যাম্পিয়ন এবং আন্তস্কুল গ্রীষ্মকালীন প্রতিযোগিতায়ও সেরা। সর্বশেষ গতকাল জেএফএ কাপেও চ্যাম্পিয়ন!
এই দলের ১০ ফুটবলার সুযোগ পেয়েছিল এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে। গত এপ্রিলে নেপালের ওই টুর্নামেন্টের ফাইনালে ওঠে বাংলাদেশ। এর আগে এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের চ্যাম্পিয়নশিপের দলে খেলেছে পাঁচজন। এ ছাড়া সর্বশেষ মেয়েদের সাফের দলেও ডাক পেয়েছিল কলসিন্দুর স্কুলের পাঁচজন।
এলাকায় ভীষণ জনপ্রিয় সানজিদারা। কোথাও অনুশীলনে গেলে গাড়িতে নাকি ভাড়াই দিতে হয় না! সম্প্রতি নেত্রকোনার কলমাকান্দায় ফুটবল টুর্নামেন্টে খেলতে গিয়েছিল ওরা। ২৫০টি মোটরসাইকেল নিয়ে আগেভাগেই সেখানে উপস্থিত ময়মনসিংহের সমর্থকেরা! ওই দৃশ্য দেখে অভিভূত কোচ মফিজউদ্দিন, ‘মাঠে গিয়ে দেখি সব আমাদের লোক। মোটরসাইকেল নিয়ে ওরা খেলা দেখতে এসেছে। আমি তো অবাক!’
জেএফএ কাপের আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার পর বিশাল সংবর্ধনা দেওয়া হয় এই দলকে। সেই বর্ণনাও দিলেন কোচ, ‘চ্যাম্পিয়ন হওয়ার পর জেলা থেকে আমাদের ফুলেল সংবর্ধনা দেয়। বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় ময়মনসিংহে নিয়ে যায় মেয়েদের। এত বড় সংবর্ধনা পাব সেটা ভাবিনি।’
এই মেয়েরা জাতীয় দলে খেলে। টেলিভিশনে খেলা সম্প্রচার হলেই তা বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করে এলাকাবাসী। একবার লোডশেডিংয়ের কারণে খেলা দেখতে না পেয়ে মুঠোফোনে সেটি দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। তবে এই সাফল্য আর সংবর্ধনার ফুল পেয়েও মফিজউদ্দিনের একটা আক্ষেপ কিছুতেই ঘোচে না, ‘এই মেয়েদের কোনো স্পনসর নেই। গত বছর কোকাকোলা কিছু পৃষ্ঠপোষকতা করেছিল। কিন্তু এবার এলাকাবাসীর সামান্য অনুদান দিয়েই খরচ চালিয়েছি। কেউ পৃষ্ঠপোষকতা করলে অনেক দূর এগিয়ে যেতে পারব আমরা।’