ময়মনসিংহের মেয়েরাই সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশের নারী ফুটবলের বড় বিজ্ঞাপন এখন ময়মনসিংহ জেলা। ওই জেলা থেকেই উঠে আসছে বেশির ভাগ খেলোয়াড়। আর টুর্নামেন্ট যদি হয় বয়সভিত্তিক, তাহলে তো কথাই নেই। তাতে ময়মনসিংহেরই প্রাধান্য। অনূর্ধ্ব-১৪ জেএফএ কাপেও সেটিই দেখা গেল। গত বছর শুরু হওয়া এই প্রতিযোগিতার টানা দ্বিতীয় শিরোপা জিতল ময়মনসিংহ। আজ বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে রংপুরকে।
ময়মনসিংহ জেলার নাম নিয়ে খেলেছে আসলে ধোবাউড়া গ্রামের সেই বিখ্যাত কলসিন্ধুর স্কুলের মেয়েরা। পুরো দলটিই ওই স্কুলের। কলসিন্ধুর স্কুলের মেয়েদের অগ্রযাত্রার খবর এরই মধ্যে ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। নিজেদের সেই সুনাম তারা ধরে রাখল জেএফএ কাপে অপরাজিত থেকে। সেই গর্বটা আজ ঠিকরে বেরোচ্ছিল অধিনায়ক সাজেদার চোখেমুখে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দাঁড়িয়ে সে বলছিল, ‘আমরা নিয়মিত অনুশীলন করেছি। ওটাই আমাদের এগিয়ে দিয়েছে অনেক।’
এই সাজেদাই তাজিকিস্তানে জাতীয় অনূর্ধ্ব-১৪ দলের সঙ্গে এএফসি অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের আঞ্চলিক পর্বে খেলে এসেছিল। যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই সাফল্য তার চোখে আঁকছে আরও বড় কিছুর স্বপ্ন। সাজেদারা স্বপ্ন দেখে জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর।