ময়েসের 'দুঃখ' বাড়াল ইউনাইটেড

ম্যাচে খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও সান্ডারল্যান্ড। কিন্তু আবহজুড়ে একটা ইউনাইটেড-ইউনাইটেড ঘ্রাণ। হোসে মরিনহো ইউনাইটেডের ডাগআউটে, তাঁর পাশে সান্ডারল্যান্ডের ডাগআউটেও ইউনাইটেডেরই সাবেক কোচ ডেভিড ময়েস। একদিকে স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’, অন্যদিকে স্যার অ্যালেক্স ফার্গুসনের বাছাই করা ‘চোজেন ওয়ান’। ম্যাচে অবশ্য তেমন স্পেশাল কিছু হয়নি, তবে জিতেছে ‘স্পেশাল ওয়ানে’র দলই। ৪৪ মিনিটেই ১০ জনের দল হয়ে পড়া সান্ডারল্যান্ডকে তাদেরই মাঠে হারিয়েছে ৩-০ গোলে।
ম্যাচে উত্তেজনা থাকবে কী করে! কালকের জয়টি নিয়ে প্রিমিয়ার লিগে টানা ২১ ম্যাচ অপরাজিত ইউনাইটেড। ৩০ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে আছে তালিকার পাঁচে। অন্যদিকে জয় তো দূরে থাক, এ নিয়ে টানা সাত ম্যাচে গোলই করতে পারেনি সান্ডারল্যান্ড! অবিশ্বাস্য কিছু না ঘটলে প্রিমিয়ার লিগ থেকে অবনমনও প্রায় নিশ্চিত, ৩১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সবার নিচে। এমনই অবস্থা, মরিনহোও ম্যাচের পর বলে বসলেন, ‘আমরা ভালো খেলেছি, তবে ম্যাচটা ছিল দুঃখভারাক্রান্ত একটা দলের সঙ্গে। আমরা যখন প্রথম গোল করলাম, ম্যাচটা ওখানেই প্রায় শেষ!’
‘দুঃখভারাক্রান্ত দল’টা অবশ্য প্রথম আধঘণ্টা ভালোই লড়েছে ইউনাইটেডের সঙ্গে। তবে মরিনহোর হিসাব অনুযায়ী বললে, ম্যাচটা শেষ হয়ে যায় ৩০ মিনিটে, বক্সের বাইরে থেকে ইব্রাহিমোভিচ ইউনাইটেডকে প্রথম গোলটি এনে দেওয়ার পর। এতে একটা অন্য রকম মাইলফলকও হলো ‘বুড়ো’ ইব্রার, বয়স ৩০ পেরোনোর পর এটি তাঁর ২৫০তম গোল! এই বয়সেও এমন গোলবন্যার রহস্য ম্যাচ শেষে ৩৫ বছর বয়সী সুইডিশ স্ট্রাইকার জানালেন এভাবে, ‘যত বুড়ো হচ্ছি, তত আরও বুদ্ধিমান হচ্ছি। ১০ বছর আগের মতো দৌড়াতে পারি না, তবে বয়সের সঙ্গে অভিজ্ঞতা আর বুদ্ধি বাড়ছে। যেমনটা আগেও বলেছি, নিজেকে বেঞ্জামিন বাটনের মতো মনে হয় আমার। বুড়ো হয়ে জন্মেছি, দিন দিন আরও তরুণ হচ্ছি।’
ইউনাইটেডের গোলদাতাদের তালিকাটাও বয়সের হিসাবে বুড়ো থেকে তরুণতরই হয়েছে। দ্বিতীয় গোলটি ২৮ বছর বয়সী হেনরিখ মেখিতারিয়ানের, শেষটি ১৯ বছর বয়সী মার্কাস রাশফোর্ডের। মেখিতারিয়ানের গোলটির একটু বিশেষত্বও আছে। দ্বিতীয়ার্ধের ৪৭ সেকেন্ডের মধ্যেই বল সান্ডারল্যান্ডের জালে, সান্ডারল্যান্ডের কোনো ফুটবলারের পায়ের ছোঁয়া লাগার আগেই! অবশ্য দ্বিতীয়ার্ধটা সান্ডারল্যান্ড শুরুই করেছে ১০ জন নিয়ে, ৪৪ মিনিটে লাল কার্ড দেখেছেন উইঙ্গার সেবাস্টিয়ান লারসন।
একে ‘দুঃখভারাক্রান্ত’, তার ওপর পুরো দ্বিতীয়ার্ধ ১০ জন নিয়ে খেলা...সান্ডারল্যান্ডের সাধ্য কী ইউনাইটেডের সঙ্গে পারে! স্টার স্পোর্টস।