যত কাণ্ড ঘড়ি নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

উপহারের ঘড়ি নিয়ে যে এত কাণ্ড হবে, তা কে জানত! ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) দেওয়া ঘড়ি নিয়ে এখন রীতিমতো বিব্রত বিশ্ব ফুটবলের হর্তাকর্তারা। আগামী ২৪ অক্টোবরের মধ্যে ‘উপহার’ হিসেবে পাওয়া ঘড়িগুলো ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে খোদ ফিফার নৈতিক (এথিকস) কমিটি। কিন্তু সেই নির্দেশের পর বেঁকে বসেছেন মিশেল প্লাতিনি। নীতিগত কারণে ঘড়ি ফেরত দিতে রাজি নন উয়েফা সভাপতি।

গত জুনে বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগে সাও পাওলোয় ফিফা কংগ্রেস চলার সময় বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২টি দেশের প্রতিনিধি, লাতিন আমেরিকা অঞ্চলের বাকি ৫টি ফেডারেশনের প্রতিনিধি ও ফিফার নির্বাহী কমিটির ২৮ সদস্যকে একটি করে উপহারের ব্যাগ দিয়েছিল স্বাগতিক ব্রাজিলের ফুটবল কনফেডারেশন। সেই ব্যাগেই উপহারসামগ্রীর সঙ্গে ছিল একটি বিলাসবহুল ঘড়িও। সিবিএফের দাবি, প্রতিটি ঘড়ির মূল্য ৮ হাজার ৭৫০ ডলার (প্রায় সাড়ে ৬ লাখ টাকা)। কিন্তু ফিফার তদন্তে দেখা গেছে আসলে প্রতিটি ঘড়ির বাজারমূল্য সিবিএফের দাবিকৃত মূল্যের প্রায় তিন গুণ (২০ লাখ টাকারও বেশি)। এর পরই সবাইকে ঘড়িগুলো ফেরত দিতে বলা হয় ফিফার নৈতিক কমিটির পক্ষ থেকে। সঙ্গে এটাও বলা হয়, ঘড়িগুলো ফেরত পাওয়ার পর ব্রাজিলের কোনো অলাভজনক দাতব্য প্রতিষ্ঠানে দান করা হবে কিংবা কোনো সামাজিক দায়বদ্ধতা প্রকল্পে ব্যবহার করা হবে।

তবে এ সিদ্ধান্ত মানবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মিশেল প্লাতিনি। বলেছেন, ‘আমি শুধু ঘড়িগুলোর দাম শুনেই বিস্মিত নই, এথিকস কমিটির বিবৃতি পড়েও। ওরা যদি এই উপহারের ব্যাপার নিয়ে অসন্তুষ্ট হয়ে থাকে, তাহলে চার মাস আগে যখন আমাদের উপহারগুলো দেওয়া হয়েছিল, তখন বলতে পারত। হঠাৎ করে ব্রিটিশ পত্রিকায় এ নিয়ে একটা প্রতিবেদন হলো আর ওরাও ঘড়ি ফেরত চাওয়া শুরু করল।’

উপহার পাওয়া কোনো কিছু ফেরত দেওয়াটা তাঁর সৌজন্যবোধের সঙ্গে যায় না বলেও জানিয়েছেন প্লাতিনি, ‘আমি একজন সুশিক্ষিত মানুষ। আমি উপহার ফেরত দিই না। আমি ঘড়িগুলোর দাম জিজ্ঞাস করব। তারপর সেই পরিমাণ অর্থ কোনো দাতব্য প্রতিষ্ঠানে বা সংস্থায় নিজেই দান করব।’

মজার ব্যাপার, ফিফার নির্বাহী কমিটির একজন হিসেবে সভাপতি সেপ ব্ল্যাটারও পেয়েছেন সেই উপহারের ঘড়ি। তিনি সেটি ফেরত দেবেন কি না, তা অবশ্য খোলাসা করে বলেননি এখনো। এএফপি, ডেইলি মিরর।