যত দাম, তত চাপ

সত্য-মিথ্যা পরের ব্যাপার। এ রকম গুঞ্জন ওঠাটাই তো বিস্ময়কর। না, নেইমার যে ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে পারেন, সেটা নয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জন্য ইউনাইটেড ৩২ কোটি ইউরো খরচ করতে রাজি—এই গুঞ্জনই অনেককে অবাক করে দেওয়ার মতো।
ধরা যাক, এটা স্রেফ গুঞ্জনই থেকে গেল। কিন্তু দলবদলের বাজারে খেলোয়াড়দের আকাশছোঁয়া দাম ওঠা তো নতুন কিছু নয়। মাত্র দুই মৌসুম আগে গ্যারেথ বেলকে কিনতে রিয়াল মাদ্রিদের ব্যয় হয়েছে ১০ কোটি ইউরো। গত বছর লুইস সুয়ারেজকে লিভারপুল থেকে ন্যু ক্যাম্পে আনতে বার্সেলোনার খরচ হয়েছে সব মিলিয়ে ৯৩.৭ মিলিয়ন ইউরো। অ্যাঙ্গেল ডি মারিয়া রিয়াল থেকে ইউনাইটেডে যান ৭৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে। ক্লাবগুলোর এত দাম দিয়ে খেলোয়াড় কেনাবেচা করাটা অস্বাভাবিক মনে করেন বায়ার্ন মিউনিখের চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদাল। তাঁর ধারণা, এতে করে খেলোয়াড়দের ওপর পারফর্ম করার বাড়তি চাপ তৈরি হয়।
ভিদাল নিজেও অবশ্য কিছুদিন আগে জুভেন্টাস থেকে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন ৪ কোটি ইউরো ট্রান্সফার ফিতে। দলবদলে খেলোয়াড়দের এই আকাশছোঁয়া দাম নিয়ে চিলিয়ান রেডিও এডিএনকে ভিদাল বলেছেন, ‘দলবদলে এই অঙ্কগুলো অস্বাভাবিক। এই মূল্যের যথার্থতা প্রমাণ করতে হলে খেলোয়াড়দের প্রতি ম্যাচে তিন-চারটি করে গোল করতে হবে। আমার মতে, খেলোয়াড়দের দাম আরও কম হওয়া উচিত।’
নিজের দামটা আরেকটু কম হলে কি আরও নির্ভার হয়ে খেলতে পারতেন ভিদাল? গোলডটকম।