যত দোষ...

দল হারলে কি আর মাথা ঠিক থাকে! কেলি সদার্টনও রাগ সামলাতে পারেননি। চ্যাম্পিয়নস লিগে পরশু বার্সেলোনা-আর্সেনাল ম্যাচের বাকি আর মাত্র ৮ মিনিট, ১-০ গোলে পিছিয়ে গানাররা। এ অবস্থায় পেনাল্টি পায় বার্সেলোনা। আর্সেনালের পাঁড় ভক্ত সদার্টন আর সামলাতে পারলেন না নিজেকে, হাতে থাকা রিমোটটিই ছুড়ে মারলেন। হেপ্টাথলনে অলিম্পিক পদকজয়ী সদার্টনের নিশানা কি আর ভুল হয়, সঙ্গে সঙ্গে লক্ষ্যভেদ। দুর্ভাগ্য তাঁর টিভির, কেলির লক্ষ্য যে ছিল সেটি! সঙ্গে থাকা বন্ধু জেমি ফক্স পর্দা ফেটে চৌচির হওয়া টিভির ছবিটা টুইট করলেন তৎক্ষণাৎ। সদার্টনও কম যাননি; টুইটারেই উত্তর দিলেন, এ রকম অনুপ্রেরণা থাকলে জ্যাভেলিন থ্রোতে আরও কিছু পয়েন্ট পেতেন আর ক্যারিয়ারে পদকও কিছু বাড়ত। অধিকাংশ ইংলিশ পত্রিকা খবরটি ছাপিয়েও দেয়। পরিস্থিতি আওতার বাইরে চলে যাচ্ছে দেখে সদার্টন পরে স্বীকার করলেন, বাস্তবে এমন কিছু ঘটেনি, ফক্সের রসিকতায় তাল মিলিয়েছেন শুধু! ফক্স স্পোর্টস।