যমজ সন্তানের বাবা হচ্ছেন রোনালদো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়ার ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য অপেক্ষা করছে বিরাট এক সুখবর। খেলার সঙ্গী পেতে যাচ্ছে সে। একজন নয়, এক সঙ্গে দুজন। রিয়াল মাদ্রিদের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো যে যমজ সন্তানের বাবা হতে চলেছেন।
রোনালদোর আবার বাবা হওয়ার খবরটি দিয়েছে ব্রিটিশ সংবাদপত্র দ্য সান। রোনালদোর বর্তমান বান্ধবী ২৩ বছর বয়সী মডেল জর্জিনা রদ্রিগেজ। তবে রোনালদো বাবা হলেও মা হচ্ছেন না তিনি। রোনালদোর সন্তানেরা বেড়ে উঠছে যুক্তরাষ্ট্রে এক নারীর গর্ভে। পত্রিকাটির খবর অনুযায়ী, গর্ভধারণের শেষ পর্যায়ে আছেন ওই নারী।
ব্যক্তিগত জীবন নিয়ে রোনালদো এমনিতে কম তথ্যই দেন। যমজ সন্তানের বিষয়েও কোনো তথ্য তিনি দেননি। ২০১০ সালে জন্ম নেওয়া রোনালদো জুনিয়রের মা যে কে তা এখনো পর্যন্ত প্রকাশ করেননি পর্তুগালের অধিনায়ক। সূত্র: মার্কা।