যশোরে 'যশ' ফেরানোর অভিযান

অনেকে বলেন, প্রাচীন গৌড় রাজ্যের যশ হরণ করে নাম হয়েছিল ‘যশোহর।’ সেই ‘যশোহরই’ নাম নিল যশোর। যেখানে ফুটবলের ‘যশ’ উদ্ধারে আজ অভিযানে নামবে বাংলাদেশ দল। সাফের ব্যর্থতা, দলে ‘বিভেদের’ দেয়াল এবং সম্প্রতি যোগ হওয়া দলবদল নিয়ে তিনটি ক্লাবের মধ্যে টানাপোড়েন—এসব সরিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপই মামুনুলদের ‘যশ’ ফেরানোর বড় মঞ্চ।
যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে বেলা পৌনে তিনটায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চান মামুনুলরা। শুধু একটা জয়ই বদলে দিতে পারে মানসিকভাবে বিধ্বস্ত এই বাংলাদেশকে।
‘মধু’ কবির যশোর এখন ফুটবলময়। কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত শহরে কান পাতলেই শোনা যাচ্ছে, ‘টিকিট চাই, টিকিট।’ শহরে ও আশপাশ মিলিয়ে ২৫টি তোরণে শোভা পাচ্ছে স্থানীয় সাংসদ কাজী নাবিল আহমেদের শুভেচ্ছাসহ খেলা দেখার আমন্ত্রণ। দড়াটানা থেকে নিউমার্কেট, পুলিশ লাইন থেকে চাঁচড়া—বাফুফে সহসভাপতির শহরের মোড়ে মোড়ে টাঙানো ডিজিটাল ব্যানার। জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি। মোড়টা ঘেরা বঙ্গবন্ধুর নামাঙ্কিত টুর্নামেন্টের প্ল্যাকার্ডে। এ যেন ফুটবলের রাস উৎসব! প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টের আসর বসেছে যশোরে। এই উৎসবের টুকরো টুকরো মিছিল মিশেছে স্টেডিয়ামের মোহনায় গিয়ে। মাঠে বসানো হয়েছে ফেন্সিং। ড্রিল মেশিনের শব্দে জেরবার এলাকা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মাঠকর্মীরা।
স্থানীয় একটি হোটেলে কাল দুপুরে হয়ে গেল দুই দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সাফের সেমিফাইনাল খেলা শ্রীলঙ্কার কোচ সামপাথ পেরেরার চেহারায় ক্লান্তির ছাপ। কপালে চিন্তার ভাঁজ পড়া জাতীয় দলের কোচ মারুফুল হকের মুখে চ্যালেঞ্জ, ‘এমন অবস্থায় আসলে বলার খুব একটা কিছু থাকে না। আমাদের প্রত্যাশা এখানে ভালো কিছু করে দেখানো। কারণ সর্বশেষ টুর্নামেন্টে (সাফে) আমরা ভালো খেলতে পারিনি।’
পুরো টুর্নামেন্ট নিয়ে ভাবনার চেয়ে আজকের ম্যাচটা জেতাই মারুফুলের প্রধান লক্ষ্য, ‘ছেলেদের যে মানসিক অবস্থা দেখেছি তাতে বলতে পারি, ওদের ভেতরে ভালো করার তাড়নাটা প্রচণ্ড। জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চাই।’
সংবাদ সম্মেলনে অধিনায়ক আসার চিরায়ত রেওয়াজ থাকলেও মামুনুল ইসলাম আসেননি কাল। সকালের দিকে হালকা জ্বর ছিল। যদিও দুপুরে পুলিশ লাইন মাঠে ফুরফুরে মেজাজেই অনুশীলনে দেখা গেল তাঁকে। কোচও দিলেন অভয় বার্তা, ‘মামুনুলের অবস্থা তত গুরুতর নয়। আগামীকাল (আজ) ওর খেলা নিয়ে সংশয় নেই।’
মামুনুলের পরিবর্তে সংবাদ সম্মেলনে আসা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির মুখেও কোচের কথার অনুরণন, ‘দলের এখন যে অবস্থা তাতে ফাইনাল বা সেমিফাইনালে উঠব, সেটা বলতে চাই না। আমরা প্রথম ম্যাচটা জিততে চাই। জিতলে দলের চেহারাই বদলে যাবে।’
নতুন মৌসুমের দলবদলের জন্য একাধিক ক্লাব থেকে টাকা নিয়েছেন জাতীয় দলের অনেক ফুটবলার। সেসব টাকা ফেরত দেওয়া নিয়ে নাটকীয়তা দেখা গেছে পরশু। এসবের প্রভাব কি খেলায় পড়বে? মারুফুলের স্পষ্ট উত্তর, ‘খেলোয়াড়েরা যদি বেশি পেশাদার হয় তাহলে এসব খেলায় প্রভাব পড়বে না। আর যদি শৌখিন ফুটবলার হয়ে থাকে তাহলে নজরটা একটু হলেও নড়ে যাবে।’ এমিলি অবশ্য এসব নিয়ে মোটেও চিন্তিত নন, ‘দলবদল নিয়ে নিজেও কথা বলেছি সবার সঙ্গে। আমাদের সবার নজর বঙ্গবন্ধু গোল্ড কাপে। আমাদের বেশি মনোযোগ আগামীকালের ম্যাচে।’
২০১৪ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কা যশোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলেছিল বাংলাদেশের সঙ্গে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত বছর বঙ্গবন্ধু কাপে। ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১-০ গোলে। আজ অবশ্য জিততে চান শ্রীলঙ্কান কোচ সামপাথ পেরেরা, ‘আমরা সাফে ৮ দিনে টানা তিনটি ম্যাচ খেলেছি। খেলোয়াড়েরা একটু ক্লান্ত। তারপরও জিততে চাই।’
সম্ভাব্য একাদশ: সোহেল, নাসির উদ্দিন, ইয়াসিন, নাসিরুল, ওয়ালী ফয়সাল, জামাল, মামুনুল, জুয়েল রানা, জাহিদ, শাখাওয়াত রনি, এমিলি।
সূচি
‘এ’ গ্রুপ
মালয়েশিয়া, শ্রীলঙ্কা,
নেপাল, বাংলাদেশ
‘বি’ গ্রুপ
বাহরাইন, মালদ্বীপ, কম্বোডিয়া, বাংলাদেশ অলিম্পিক দল
তারিখ ম্যাচ
৮ জানু. বাংলাদেশ-শ্রীলঙ্কা
৯ জানু. মালয়েশিয়া-নেপাল
১০ জানু. বা. অলিম্পিক দল-বাহরাইন
১১ জানু. মালদ্বীপ-কম্বোডিয়া
১২ জানু. নেপাল-শ্রীলঙ্কা
১২ জানু. বাংলাদেশ-মালয়েশিয়া
১৩ জানু. কম্বোডিয়া-বাহরাইন
১৩ জানু. বা. অলিম্পিক দল-মালদ্বীপ
১৪ জানু. মালয়েশিয়া-শ্রীলঙ্কা
১৪ জানু. বাংলাদেশ-নেপাল
১৫ জানু. বাহরাইন-মালদ্বীপ
১৫ জানু. কম্বোডিয়া-বা. অলিম্পিক দল
১৭ জানু. ১ম সেমিফাইনাল
১৮ জানু. ২য় সেমিফাইনাল
২০ জানু. ফাইনাল
* প্রথম চারটি ম্যাচ হবে যশোরের শামস-উল হুদা স্টেডিয়ােম এবং পরের ম্যাচগুলো ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামে