যাঁর কাছে হারলেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়মঞ্চে আবেগাক্রান্ত ওয়েন্ডেল লিরা l এএফপি
বিজয়মঞ্চে আবেগাক্রান্ত ওয়েন্ডেল লিরা l এএফপি

নাম ঘোষণার পর পরই ক্যামেরা ধরল তাঁকে। এ কী, ওয়েনডেল লিরা কাঁদছেন! অবশ্যই আনন্দের কান্না। স্বপ্নেও তো ভাবেননি, ব্যালন ডি’অরের মতো অনুষ্ঠানে বর্ষসেরা গোলের ‘পুসকাস পুরস্কার’ পাবেন। ব্রাজিলের তৃতীয় বিভাগের অখ্যাত ক্লাব গোইয়ানেসিয়ার একজন ফুটবলার কীভাবেই তা ভাবেন!
ব্যালন ডি’অরের মঞ্চে ওঠা দূরে থাক, এখানে থাকাটাই তো অভাবিত ছিল। ফুটবলের এত সব মহারথীকে এত কাছ থেকে দেখাটাও তাঁর কাছে স্বপ্নের মতো। ট্রফি হাতে নেওয়ার পর চোখে জল নিয়ে লিরা তাই বললেন, ‘সত্যি সত্যিই মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। এত সব তারকাকে দেখতে মাথা ঘোরাতে ঘোরাতেই তো আমি হয়রান, মেসির সঙ্গে একই মঞ্চে উঠে তাঁকে পেছনে ফেলে পুরস্কার পাওয়া না হয় বাদই দিলাম।’
অথচ যে গোলের জন্য পুরস্কারটা পেয়েছেন, স্পিনিং বাইসাইকেল কিকে ওই দুর্দান্ত গোলের সাক্ষী ছিলেন মাত্র ২৯৭ জন। ইউটিউবে সেটা ছড়িয়ে পড়ার পর তা ঢুকে যায় ফিফা নির্বাচিত বছরের সেরা ১০ গোলে। সেখান থেকে সেরা তিনে। প্রথমবারের মতো ইউরোপে আসার সুযোগ পেয়ে যান লিরা। ওয়েবসাইটে সেরা গোলের ভোট দেওয়ার সময়সীমা শেষ হয়েছে পরশু পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়। ৪৬.৭ শতাংশ ভোট পেয়েছেন লিরা। ৩৩.৩ শতাংশ ভোট পেয়ে বিলবাওয়ের বিপক্ষে লিওনেল মেসির গোলটি দ্বিতীয়। চ্যাম্পিয়নস লিগে বার্সার বিপক্ষে রোমার ফ্লোরেঞ্জির গোলটি পেয়েছে ৭.১ শতাংশ ভোট। পুরস্কার পেয়েও যেন তা বিশ্বাস হচ্ছিল না লিরার, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না। সবকিছু যেন আগেই লিখে রাখা হয়েছিল।’ এএফপি, ফিফাডটকম।