যাঁর লড়াই মুক্তি দিয়েছে একালের ফুটবলারদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসম্যান, খেলোয়াড়দের ক্লাবের ‘দাসপ্রথা’ থেকে মুক্তি দিয়েছিলেন। ফাইল ছবি
বসম্যান, খেলোয়াড়দের ক্লাবের ‘দাসপ্রথা’ থেকে মুক্তি দিয়েছিলেন। ফাইল ছবি

দলবদলে রবার্ট লেভানডফস্কির মূল্য কত হতে পারে? কিংবা এসি মিলান থেকে আন্দ্রেয়া পিরলোকে আনতে কত খরচ হওয়ার কথা জুভেন্টাসের? শূন্য! একজন বর্তমান সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার, অন্যজন ইতিহাসেরই অন্যতম সেরা মিডফিল্ডার। অথচ এঁদের কারও জন্য একটি কড়িও খরচ করতে হয়নি বায়ার্ন মিউনিখ বা জুভেন্টাসকে! এর জন্য হয়তো একজন ব্যক্তিকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাচ্ছে ক্লাব দুটি—জ্যঁ মার্ক বসম্যান। বেলজিয়ান এই ভদ্রলোকের বছর পাঁচেকের কঠিন লড়াইয়ের ফলই দুহাত ভরে নিয়েছে বায়ার্ন ও জুভেন্টাস।
২০১৪ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে বায়ার্নে চলে যান লেভা, তবে তাঁর চুক্তি হয়েছিল আসলে ২০১৩ সালের ডিসেম্বরে। তখনো ডর্টমুন্ডের সঙ্গে তাঁর চুক্তির ছয় মাস বাকি। তবু এই পোলিশ স্ট্রাইকারকে যে প্রাকচুক্তিতে দলে নিতে পেরেছে বায়ার্ন, সেটি এই বসম্যানের সৌজন্যেই। পিরলোর বিষয়টি অবশ্য পুরোপুরি এমন নয়। ২০১১ সালে মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরই জুভেন্টাসে যোগ দেন ইতালিয়ান মিডফিল্ডার। এই প্রাকচুক্তি ফ্রি ট্রান্সফার বিষয়গুলো ইউরোপে এসেছেই বসম্যানের সৌজন্যে।
রোনালদিনহোর নো-লুক পাসের মতো কোনো উদ্ভাবনী আবিষ্কার হয়তো তাঁর ছিল না, ডিয়েগো ম্যারাডোনার মতো হয়তো দলকে বিশ্বমঞ্চে বিজয় তিনি এনে দিতে পারেননি, তবু ফুটবলের ইতিহাসে এক ট্র্যাজিক হিরো বসম্যান। তাঁর অর্জন যে স্বাধীনতা এনে দিয়েছে অনেক ফুটবলারকে। ইউরোপিয়ান ক্লাবগুলোতে বিভিন্ন দেশের খেলোয়াড়দের, সংস্কৃতির মিশেলের পথ খুলে দিয়েছে। ফুটবল অভিধানেও একটা শব্দ যোগ করে দিয়েছে—বসম্যান রুল।

তাঁর নিজের ক্যারিয়ার অতটা সমৃদ্ধ ছিল না। বেলজিয়ামে শীর্ষস্থানীয় ক্লাব স্ট্যান্ডার্ড লিয়েজের হয়ে ৮৬টি, আর বেলজিয়ামের যুবদলে প্রায় ২০টির মতো ম্যাচের ছোট্ট ক্যারিয়ার। তবে এটি আরও বড় হতে পারত। হয়নি ফুটবল ইতিহাস বদলে দেওয়া এক ঘটনার কারণে।
স্টান্ডার্ড লিয়েজ থেকে ১৯৮৮ সালে বেলজিয়ামেরই আরেক ক্লাব আরএফসি লিয়েজ কিনে নেয় তাঁকে। দুর্ভাগ্যবশত সেখানে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। ১৯৯০-এ আরএফসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফরাসি ক্লাব ডানকেরেকে যেতে চেয়েছিলেন বসম্যান। কিন্তু বাদ সাধে বেলজিয়ান ক্লাবটি। বসম্যানের জন্য বিপুল অর্থ দাবি করে বসে আরএফসি। তাতে আবার রাজি ছিল না ডানকারেক। সেসময়ে উয়েফার নিয়ম ছিল এমন, চুক্তির মেয়াদ শেষ হলেও ক্লাব না চাইলে কোনো খেলোয়াড় দলবদল করতে পারবে না। এই নিয়মের কারণেই বসম্যানের দলবদল হয়নি। আর এদিকে বেলজিয়ামে নিজের ক্লাবের প্রথম একাদশ থেকেও বাদ পড়ে যান বসম্যান, যার ফলে তাঁর বেতনের অঙ্কও অনেকখানি কমে আসে।
এই জোর-জবরদস্তির প্রতিবাদ করতে আরএফসি লিয়েজ, বেলজিয়াম ফুটবল ফেডারেশন ও ইউরোপিয়ান ফুটবল কর্তৃপক্ষের বিরুদ্ধে লুক্সেমবার্গের কোর্টে মামলা করেন বসম্যান। মামলার ফল তাঁর পক্ষে আসে। আর তাতেই বদলে যায় ফুটবলের চিত্র। ক্লাবগুলোর ইচ্ছা-অনিচ্ছা থেকে অনেকটা মুক্তি পান খেলোয়াড়েরা। চুক্তি শেষে ফ্রি-তে অন্য ক্লাবে চলে যেতে কোনো বাধা থাকল না। এমনকি চুক্তি শেষ হওয়ার ছয় মাস আগেই ফ্রি-তে অন্য ক্লাবের সঙ্গে প্রাক-চুক্তিও করতে পারছেন ফুটবলাররা। নিজেদের যোগ্যতা অনুযায়ী বড় ক্লাবে বাড়তি বেতনেও যেতে পারছেন। একই রুলের অধীনে ইউরোপের বাইরের খেলোয়াড়ের যে কোটা, সেটিও উঠে গিয়েছিল।
এই নিয়ম পরিবর্তন হওয়ার আগে ফুটবলাররা কিছুটা জিম্মি ছিল ক্লাবগুলোর ইচ্ছা-অনিচ্ছার কাছে। তবে অন্যদের ভাগ্য ফেরালেও, বসম্যানের নিজে এই নিয়মের সুবিধাটা ভোগ করতে পারেননি। ১৯৯০ সালে যখন কোর্টে মামলা করেছিলেন বসম্যান, তখন তাঁর বয়স ছিল ২৫। যে মামলার রায় আসতে লেগেছে ৫ বছর। এই সময়টাতে বিদ্রোহী বসম্যানকে বড় কোনো ক্লাব দলেও নিতে চায়নি। ৫ বছর পর যখন মামলায় জয়ী হয়ে ফিরলেন, তত দিনে বয়স পেরিয়ে গেছে ৩০ বছর।
১৯৯৫ সালের এই দিনে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস থেকে জয়ীর বেশে ফিরেছিলেন বসম্যান। আজ ফুটবলারদের সেই মুক্তির দিবসের ২০ বছর পূর্তি। তথ্যসূত্র: বিবিসি।