যাওয়ার আগে মামুনুলের আর্তি

কিরগিজস্তানে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলে ১৫ অক্টোবর দেশে ফিরবে বাংলাদেশ দল। ২০ অক্টোবর চট্টগ্রামে শুরু হয়ে যাবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ। কিন্তু ঘরের মাঠে সেই টুর্নামেন্ট খেলতে পারবেন কি না নিশ্চিত নন খোদ জাতীয় দলের অধিনায়ক। কারণ মামুনুলের দল শেখ জামাল খেলছে না এই টুর্নামেন্টে। এমনকি নিজেদের খেলোয়াড়দের অন্য দলে খেলার অনুমতি এখন পর্যন্ত দেয়নি শেখ জামাল। দেবে, এমন আভাসও নেই।
তাই কাল কিরগিজস্তান যাওয়ার আগে আর্তিই জানালেন মামুনুল, ‘আমরা ঘরের মাঠে শেখ কামাল টুর্নামেন্ট খেলতে চাই। ফেডারেশনকে অনুরোধ করব যেন আমাদের খেলার ব্যাপারে উদ্যোগ নেয়।’
মামুনুল চট্টগ্রাম শহরেরই ছেলে। তাই চট্টগ্রামের টুর্নামেন্টে তিনি থাকবেন না এটা মানতে রাজি নন জাতীয় দলের অধিনায়ক। বরং চট্টগ্রামের খেলোয়াড়দের নিয়ে চট্টগ্রাম আবাহনীতে খেলার ইচ্ছা প্রকাশ করে গেলেন কাল, ‘আমি, গোলরক্ষক সোহেল, ডিফেন্ডার নাসির, ফরোয়ার্ড শাখাওয়াত রনি চট্টগ্রামের ছেলে। আমরা চট্টগ্রাম আবাহনীতে খেললে স্থানীয় দর্শক আনন্দ পাবেন। নিজের শহরের দলের হয়ে খেললে আমাদেরও ভালো লাগবে।’
মামুনুলের চাওয়া পূরণ হবে কি না জানা যাবে কয়েক দিনের মধ্যে। তবে শেখ রাসেলের খেলোয়াড়দের চট্টগ্রাম আবাহনীর পক্ষে খেলতে দেখা যাবে বলে জানালেন দলটির কোচ শফিকুল ইসলাম মানিক, ‘এমিলি, জাহিদ, মিঠুন, মিশু, রেজাউলসহ শেখ রাসেলের ১২-১৩ জন খেলোয়াড়কে নিয়েছি আমরা।’ সেদিক থেকে অন্য দল থেকে খেলোয়াড় ‘সংগ্রহে’ পিছিয়ে আছে টুর্নামেন্টে বাংলাদেশের অন্য দুই দল ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডান।
ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বললেন, ‘আমরা শেখ রাসেলের কাছে চিঠি দিয়ে খেলোয়াড় চেয়ে বসে আছি। কোনো উত্তর তো পেলাম না।’ আবাহনী নিজেদের ১২-১৩ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন করছে। মোহামেডানের প্রস্তুতিতেও খেলোয়াড় ১০-১১ জন। জাতীয় দল ফিরলে পুরোদমে অনুশীলনের আশা তিন দলেরই। তবে দল গোছানোর জন্য হাতে থাকবে মাত্র ৩-৪ দিন।