যাওয়ার সময় হলো রোনির?

২০০২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গোলটির কথা মনে আছে? সেই যে ৩৫ গজ দূর থেকে অবিশ্বাস্য ফ্রি-কিকে ডেভিড সিম্যানকে হতবাক করে যে গোলটি করেছিলেন?
সেই রোনালদিনহো ফুরিয়ে গেছেন।
১৯ নভেম্বর, ২০০৫। বার্নাব্যুতে গিয়ে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে বিধ্বস্ত করার পথে দুর্দান্ত দুটি গোল এসেছে বার্সেলোনার ‘নাম্বার টেনে’র পা থেকে। এত সহজে রামোস-হেলগুয়েরাদের কাটিয়ে যাচ্ছিলেন, মনে হচ্ছিল যেন তাঁকে বাধা দেওয়ার কেউ নেই। দ্বিতীয় গোলটির পর সকল প্রতিদ্বন্দ্বিতা, সব বৈরিতা ভুলে বার্নাব্যুর দর্শক উঠে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন রোনালদিনহোকে। ডিয়েগো ম্যারাডোনার পর দ্বিতীয় কোনো বার্সা খেলোয়াড়ের ভাগ্যে জুটেছিল এমন সম্মান।
সেই রোনালদিনহো এখন দূর অতীতের স্মৃতি।
চ্যাম্পিয়নস লিগে রিকার্ডো কারভালহোকে হতবুদ্ধি করে দেওয়া পায়ের নাচনের পর ডান পায়ের বাইরের অংশ দিয়ে নেওয়া সেই শটটি মনে আছে? গোলরক্ষক পিটার চেককে মূর্তির মতো স্তব্ধ করে যেটি ঢুকে গেল চেলসির জালে? কিংবা ভেরডার ব্রেমেনের বিপক্ষে মানবদেয়ালের নিচ দিয়ে ঢোকা ফ্রি-কিক?
সেই রোনালদিনহো এখন ক্লাব পাচ্ছেন না।
গত মাসের শেষ দিকে ফ্লুমিনেন্স ছাড়ার পর থেকেই ক্লাবহীন দুবারের বিশ্বসেরা খেলোয়াড়। ১৮ মাসের চুক্তির তিন মাস না যেতেই নয়টি ম্যাচ খেলে বিদায় নিয়েছেন। ইউরোপ ছাড়ার পর চার বছরে এ নিয়ে বদলেছেন ৪টি ক্লাব। মাঠের পারফরম্যান্স ছন্নছাড়া, পুরো মনোযোগই যেন মাঠের বাইরে নৈশজীবনে। মুটিয়েও গেছেন।
সব মিলিয়ে অনভিপ্রেত প্রশ্নটাই উঠল জোরেশোরে, তবে কি তাঁর আর দেওয়ার কিছু নেই? বুটজোড়া তুলে রাখার সময় হয়ে গেছে রোনালদিনহোর?
ব্রাজিল তারকার ভাই অবশ্য সেটি মানতে রাজি নন। ব্রাজিলের ফোলহা দে সাও পাওলোর পত্রিকার এমন প্রশ্নে রবার্তো মরেইরার জবাব, ‘পাগল হয়েছেন? অন্য সবার চেয়ে ওর একটা সুবিধা আছে, সেটা হলো ও কখনো গুরুতর কোনো চোটে পড়েনি। আর যতক্ষণ পর্যন্ত ওর মধ্যে ঝলকটা আছে, ততক্ষণ ঠিকই আছে ও।’
প্রশ্নটাও এখানেই। সেই ঝলকটাই যে আর দেখা যাচ্ছে না রোনির খেলায়। মিলান ছাড়ার পর এক অ্যাটলেটিকো মিনেইরোর কিছু সময় ছাড়া কখনোই রোনালদিনহোকে দেখে মনে হয়নি, ইনি-ই ব্রাজিল আর বার্সার হয়ে বিশ্ব ফুটবলকে বিমোহিত করে রাখা সেই প্লে-মেকার। মাঠে তাঁকে চিনতে হচ্ছে নাম দেখে। নিন্দুকেরা তো এমনও বলেন, মাঠে যে খেলোয়াড়টি সবচেয়ে কম দৌড়াচ্ছেন, তিনি রোনালদিনহো।
কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। জয়-পরাজয়ের হিসাবের বাইরেও ফুটবলে উপভোগের আনন্দ দিত যাঁর খেলা, ফুটবলের বড় মঞ্চেও যিনি খেলতেন রাস্তার পাশের শিশুতোষ ফুটবলের আনন্দে, যাঁকে বলা হতো ‘দ্য গ্রেটেস্ট এন্টারটেইনার অব অল’—সেই রোনালদিনহোই এখন যেন ফুটবল মাঠে সবচেয়ে নিরাসক্ত মানুষ! পুরো ম্যাচ গড়িয়ে যাচ্ছে চোখের সামনে দিয়ে, অথচ তাঁর কোনো সাড়া নেই।
এর প্রমাণ পরিসংখ্যানেও। ফ্লুমিনেন্সে নয় ম্যাচে কোনো গোল তো নেই-ই, সঙ্গীর গোলে সহায়তাও করতে পারেননি। পায়ের কারুকাজ কমে গেছে। পাসিংয়েও সেই ধার নেই—ফ্লুমিনেন্সের ম্যাচে তাঁর গড় সফল পাস মাত্র ৬৪ শতাংশ। বয়সও তো মধ্য তিরিশ পেরিয়ে গেছে।
তবে রোনির নিজের ইচ্ছে আরও খেলে যাবেন। ব্রাজিলের রেডিও রেদে আতলান্তিদাকে সাবেক বার্সা তারকা বললেন, ‘প্রতিদিনই প্রস্তাব আসছে। এটা ইঙ্গিত দেয় যে ক্লাবগুলো এখনো আমার ব্যাপারে আগ্রহী। যেভাবে অনুশীলন করছি, আমার মনে হয় এখনকার খেলোয়াড়দের সঙ্গে একই পর্যায়ে খেলে যেতে পারব।’ কী নিষ্ঠুর, না! ২০০৯ সালে ওয়ার্ল্ড সকারের ঘোষিত ‘দশক-সেরা খেলোয়াড়’কেও এমন দাবি করতে হচ্ছে!
হয়তো আরও খেলে যাবেন। তবে যতবার মাঠে নামবেন, ভক্তরা পুরোনো সেই সদা হাস্য রোনিকে মনে করে হয়তো গোপনে দীর্ঘশ্বাস ফেলবেন। গোলডটকম, রোনালদিনহো১০ডটনেট।