যাত্রা 'বড়দের' পথেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয় দিয়ে শুরুর প্রত্যাশায় বাংলাদেশ অলিম্পিক ফুটবল দলের অনুশীলনে রাব্বি ও ইমন (ডানে)। কাল যশোরের বিজিবি মাঠে l এহসান-উদ-দৌলা
জয় দিয়ে শুরুর প্রত্যাশায় বাংলাদেশ অলিম্পিক ফুটবল দলের অনুশীলনে রাব্বি ও ইমন (ডানে)। কাল যশোরের বিজিবি মাঠে l এহসান-উদ-দৌলা

শহরতলির ঝুমঝুমপুর বিজিবি মাঠটা নিরিবিলি; চারদিক সুনসান। নিস্তব্ধতা ভেঙে ভেসে আসছিল কোচ গঞ্জালো মোরেনোর কণ্ঠ, ‘নাইন, এইট, সেভেন...। গো অ্যাহেড।’ অনুশীলনের সামনের সারিতেই রেজাউল, কেষ্ট, অরূপরা। দেখে বোঝার উপায় নেই যে, এটা অনূর্ধ্ব-২৩ দল। টুর্নামেন্টে যে দলটির পোশাকি নাম আসলে বাংলাদেশ অলিম্পিক দল।
যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে আজ বেলা পৌনে তিনটায় বাংলাদেশের এই দলটিই বাহরাইনের মুখোমুখি হবে। পরশু জাতীয় দল জয় দিয়ে শুরু করেছে। এবার অলিম্পিক দলটাও বড়দের পথেই হাঁটতে চায়। মাঠে, টিম হোটেলে এবং সংবাদ সম্মেলনে কোচ-খেলোয়াড়দের মুখে শোনা গেল তারই প্রতিধ্বনি।
টুর্নামেন্টে অনূর্ধ্ব-২৩ দলের ছড়াছড়ি। অনুমিতই ছিল যে বাহরাইনও ব্যতিক্রম হবে না। সংবাদ সম্মেলনে এসে বাহরাইন কোচ মারজান ইদ জানিয়ে দিলেন, ‘এই দলের বেশির ভাগ ফুটবলারের জন্ম ১৯৯৫ সালের পর।’
প্রতিপক্ষ যেমনই হোক জয়ে শুরুর আশা স্বাগতিক দলের স্প্যানিশ কোচ গঞ্জালো মোরেনোর, ‘এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চাই। খেলতে ফুটবলাররা মুখিয়ে আছে।’
বাংলাদেশ অলিম্পিক দলটিতে আছেন ২৩ বছরের বেশি বয়সী দুই গোলরক্ষক জিয়াউর রহমান ও সুলতান আহমেদ। বেশি বয়সীদের তালিকায় আছেন ডিফেন্ডার রেজাউল করিম, কেষ্ট কুমার ও অরূপ বৈদ্য ও মিডফিল্ডার ইমন বাবু। এরা দলের সঙ্গে যোগ দিয়েছেন দিন দশেক আগে। তবে বাকিদের নিয়ে কোচ কাজ করছেন মাস দুয়েক। এঁদের নিয়েই স্বপ্ন দেখছেন টুর্নামেন্টে ভালো কিছু করার।
অভিজ্ঞ হিসেবে চ্যালেঞ্জটা বেড়ে গেছে শেখ রাসেল ডিফেন্ডার রেজাউল করিমের। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলেছেন দুর্দান্ত। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান বঙ্গবন্ধু গোল্ড কাপেও, ‘চট্টগ্রামে যেমন খেলেছি তেমনটাই খেলতে চাই এখানে। সেমিফাইনালে যেতে হলে প্রথম ম্যাচটা জিততেই হবে। খেলোয়াড়েরা প্রস্তুত।’ যশোরের তরুণ ফুটবলার মান্নাফ রাব্বি এক ধাপ এগিয়ে রয়েছেন। শামস-উল হুদা ফুটবল একাডেমিতে তাঁর ফুটবলে হাতে খড়ি। চুড়ামনকাঠির যুবক কাল বলছিলেন, ‘যশোর বিমানবন্দরে এর আগেও এসে নেমেছি। কিন্তু কাল যেন গর্বে বুক ভরে উঠেছিল। যদি কোচ সুযোগ দেন নিজেকে উজাড় করে দিয়ে খেলব।’
বাহরাইন দলটা তারুণ্যনির্ভর। উদীয়মানদের নিয়েই আত্মবিশ্বাসী কোচ মার্জান, ‘আমরা পূর্ণ শক্তির দলটা আনতে পারিনি। কারণ বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলেদের পরীক্ষা চলছে। তবে যারা এসেছে তারাও ভালো মানের। আমাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ আছে।’
বাংলাদেশ সম্পর্কে তেমন জানা না থাকলেও স্বাগতিক দলের প্রতি বাহরাইন কোচের সমীহই আছে, ‘বাংলাদেশ দল সম্পর্কে কিছুই জানি না। ওরা ঘরের মাঠে খেলবে। চেনা দর্শকের সামনে সবকিছু উজাড় করে দেবে। আশা করি, জমজমাট লড়াই হবে।’
অলিম্পিক দলের সহকারী কোচ গোলাম জিলানী গত আগস্টে অনূর্ধ্ব-১৬ দলকে সাফে চ্যাম্পিয়ন করেছেন। এখানেও তিনি সাফল্যপ্রত্যাশী, ‘সামনেই এসএ গেমস। তিন-চারজন সিনিয়র প্লেয়ার রেখেছি শক্তি বাড়াতে। এখানে যারা খেলছে তাদের ৯৯ ভাগ ফুটবলারই আমার হাত ধরে বড় হয়েছে। ওদের নিয়ে আমি আশাবাদী।’
শহরের মোড়ে মোড়ে কালও অনেক জায়গায় বিক্রি হয়েছে টিকিট। মূল দলের পর দেশের দ্বিতীয় দলটিরও জয় দেখতে উন্মুখ হয়ে আছে যশোরবাসী।