যাদের জার্সি সবচেয়ে দামি

টিভির সামনে বসে খেলা দেখছে দুই বন্ধু। একজনের পরে আছেন নীল সাদা জার্সি, আরেকজন গায়ে চাপিয়ে বসেছেন হলুদ রং। কে কোন দলের সমর্থক তা বলে দিতেও হচ্ছে না। এভাবেই না-বলা অনেক কিছুই বলে দেয় গায়ে চাপানো জার্সি। এই জার্সি গায়ে চাপিয়েই তো নিজেদের মধ্যে ‘মেসি না রোনালদো’ তর্কে মাতেন সমর্থকেরা। সমর্থকদের জার্সি নিয়ে এমন আবেগ কিন্তু ক্লাবগুলোর বড় এক আয়ের উৎস। বিভিন্ন জার্সি নির্মাতা প্রতিষ্ঠান এই জার্সি তৈরির অধিকার পেতে বড় অঙ্কের চুক্তি করে ক্লাবগুলোর সঙ্গে। এসব চুক্তির অঙ্কটাও মাথা ঘুরিয়ে দেওয়ার মতো।
দামি জার্সির শীর্ষে থাকা দশটি ক্লাব—
রিয়াল মাদ্রিদ
মাঠে গত মৌসুমটা ভালো যায়নি রিয়াল মাদ্রিদের। কিন্তু জার্সির ভারে সবচেয়ে এগিয়ে স্প্যানিশ পরাশক্তিরাই। জার্সির চুক্তিতে রিয়াল মাদ্রিদ ছাড়িয়ে গেছে বিশ্বের সব ক্লাবকে। সম্প্রতি ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে বার্ষিক ১০ কোটি ৬০ লাখ পাউন্ডের চুক্তি করেছে। দশ বছরের এই চুক্তির ফলে শুধু জার্সিতেই ১০০ কোটি পাউন্ডের বেশি আয় করবে তারা। জার্সিতেই ১০০ কোটি পাউন্ড? রিয়ালই যে প্রথম সেটা না বললেও চলছে!
ম্যানচেস্টার ইউনাইটেড
দ্বিতীয়স্থানে আছে ‘রেড ডেভিল’রা। গত বছর ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে দশ বছরের চুক্তি করেছে অ্যাডিডাস। সেই চুক্তি অনুযায়ী ইউনাইটেডের জার্সি তৈরির অধিকার পেতে বছরে ৭ কোটি ৫০ লাখ পাউন্ড দিচ্ছে অ্যাডিডাস। এই লোভনীয় চুক্তির কারণেই নাইকির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করেছে ইউনাইটেড।
বায়ার্ন মিউনিখ
জার্মান লিগ তো প্রায় এক ঘোড়ার দৌড়, বায়ার্ন মিউনিখের কাছে পাত্তাই পায় না অন্যরা। জার্সির দৌড়েও স্বদেশি ক্লাবগুলোর চেয়ে যোজন যোজন এগিয়ে বায়ার্ন। অ্যাডিডাসের সঙ্গে জার্সির চুক্তিতে বছরে ৬ কোটি ৪৫ লাখ পাউন্ড পাচ্ছে বাভারিয়ান ক্লাবটি। জার্মান ক্লাবগুলোর মধ্যে শীর্ষ দশে জায়গা মিলেছে শুধু বায়ার্নেরই।
আর্সেনাল
আর্সেনাল সর্বশেষ লিগ শিরোপা জিতেছিল এক যুগ আগে কিন্তু তাতে সমর্থকদের আনুগত্য কমেনি এক ফোঁটাও। বিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পিউমাও আর্সেনালের সঙ্গে চুক্তি করে ফুটবলের অভিজাত অঙ্গনে ঢুকে পড়েছে। আর্সেনালের সঙ্গে এই চুক্তির জন্য বছরে ৩ কোটি পাউন্ড খরচ করতে হবে তাদের।
চেলসি
মাঠে আর্সেনালকে তারা ঘোল খাইয়ে ছাড়তে পারে, তবে জার্সির লড়াইয়ে চেলসি একটু পিছিয়েই আছে। অ্যাডিডাসের সঙ্গে তাদের চুক্তিটাও ৩ কোটি পাউন্ডের কাছাকাছি, আর্সেনালের চেয়ে কিছুটা কম। তবে আর্সেনালের নতুন চুক্তির আগে চেলসিই এগিয়ে ছিল।
লিভারপুল
ষষ্ঠস্থানে আছে ইংলিশ লিগের ‘সেরা চারে’র অন্যতম লিভারপুল। ইদানীং মাঠের সাফল্যে অতীতের ছায়া মনে হলেও সমর্থকদের ভালোবাসা এখনো কমেনি ‘অল রেড’দের জন্য। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিউ ব্যালান্স নতুন চুক্তি করেছে লিভারপুলের সঙ্গে। আগামী মৌসুমে কার্যকর হতে যাওয়া এই চুক্তির অঙ্কটা শর্ত সাপেক্ষে বার্ষিক ২ কোটি ৪০ লাখ থেকে ৩ কোটি পাউন্ড পর্যন্ত উঠতে পারে।
বার্সেলোনা
চমকে ওঠার মতোই তথ্য। গত মৌসুমের সেরা ক্লাবটি জার্সি মূল্যে এতটা পিছিয়ে! নাইকির সঙ্গে দশ বছর মেয়াদি চুক্তি অনুযায়ী বছরে ২ কোটি ৭০ লাখ পাউন্ড পায় ক্লাবটি। ২০১৮ সালে এই চুক্তি শেষ হলেই রিয়ালকে টপকে যাওয়ার মতো একটি চুক্তি করতে চায় তারা।
জুভেন্টাস
আবারও অ্যাডিডাস। ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের সঙ্গেও চুক্তি করেছে তারা। এই চুক্তিতে ‘তুরিনের বুড়ি’দের বছরে ২ কোটি পাউন্ড দিচ্ছে অ্যাডিডাস। এর আগে নাইকির সঙ্গের চুক্তিতে ১ কোটি ৫০ লাখ পাউন্ড পেত ক্লাবটি।
এসি মিলান
জুভেন্টাসের পরেই আছে এসি মিলান। ইতালিয়ান এই ক্লাবটিও চুক্তি করেছে অ্যাডিডাসের সঙ্গে। তবে জুভেন্টাসের তুলনায় বেশ কম পাচ্ছে তারা। বছরে জার্সি বাবদ ১ কোটি ৪০ লাখ পাউন্ড পাচ্ছে মিলান।
প্যারিস সেন্ট জার্মেই
ফ্রান্সের লিগ ওয়ানে পিএসজির কারণে অন্য দলগুলো এখন দ্বিতীয়স্থানের জন্যই লড়াই করে। ফ্রান্সের সবচেয়ে ধনী ক্লাবটি জার্সির চুক্তিতেও অন্যদের চেয়ে এগিয়ে আছে অনেক। নাইকির সঙ্গে জার্সির চুক্তিতে বছরে ১ কোটি ৪০ লাখ পাউন্ড পাচ্ছে তারা।