যাঁর 'কৃপায়' এখনো কোপায় টিকে আছে ব্রাজিল-আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই সেই দার্লিস গঞ্জালেস। ছবি : এএফপি
এই সেই দার্লিস গঞ্জালেস। ছবি : এএফপি
>আজ পেনাল্টি শুটআউটে ব্রাজিলের বিপক্ষে গোল করতে পারেননি প্যারাগুয়ের স্ট্রাইকার দার্লিস গঞ্জালেস। গোল করতে পারলে হয়তো কোপা আমেরিকার সেমিতে ওঠা হতো না ব্রাজিলের।

বিশ্বের কোটি কোটি ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক চাইলে প্যারাগুয়ের স্ট্রাইকার দার্লিস গঞ্জালেসকে একটা ধন্যবাদ দিতেই পারেন! ভদ্রলোক ছিলেন বলেই না কোপা আমেরিকার নকআউট রাউন্ডে এখনো টিকে আছে পরাশক্তি দল দুটি!

কীভাবে? একটু বিশ্লেষণ করা যাক। প্রথম রাউন্ডের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে কোনো রকমে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। প্রথমার্ধে প্যারাগুয়ের দেওয়া গোলটা পেনাল্টির মাধ্যমে দ্বিতীয়ার্ধে শোধ করে দেন লিওনেল মেসি। মেসির পেনাল্টির পরপরই সে ম্যাচে পেনাল্টি পেয়েছিল প্যারাগুয়ে, ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডির ভুলে। দার্লিস গঞ্জালেসের নেওয়া পেনাল্টিটা দুর্দান্ত ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। গোলটা হয়ে গেলে প্যারাগুয়ে জিতে যেত, আজ কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে আর খেলা লাগত না মেসিদের। গঞ্জালেস পেনাল্টি মিস করেছিলেন বলেই তো আজ ভেনেজুয়েলার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের রণকৌশল সাজাতে পারছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি!

আজকেও মোটামুটি একই কাণ্ড ঘটেছে। ১০ জন নিয়ে ৯০ মিনিট ধরে ব্রাজিলের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিয়ে ম্যাচটাকে পেনাল্টি শুটআউটে নিয়ে যাওয়া প্যারাগুয়ের চোখেমুখে তখন অঘটনের স্বপ্ন, ২০১১ ও ২০১৫ সালের স্মৃতি উঁকিঝুঁকি দিচ্ছে। সে দুবারও পেনাল্টি শুটআউটে ব্রাজিলকে কোপা থেকে বিদায় করে দিয়েছিল প্যারাগুয়ে। কিন্তু না, এবার আর ব্রাজিল বাদ পড়ল না। ওই যে, প্যারাগুয়েতে যে একজন দার্লিস গঞ্জালেস আছেন!

দার্লিস গঞ্জালেস পেনাল্টি নিতে আসার আগে দুই দলই একটি করে পেনাল্টি মিস করেছিল। প্যারাগুয়ের প্রথম পেনাল্টিটা দুর্দান্তভাবে আটকে দেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার, আর দার্লিস আসার ঠিক আগে পোস্টের বাইরে বল মেরে মিস করেন রবার্তো ফিরমিনো। ফিরমিনোর মিসের সুযোগ নিয়ে দার্লিস গোল করে দলকে এগিয়ে দেবেন কি, উল্টো ফিরমিনোর মতো শট মারলেন পোস্টের কয়েক হাত বাইরে। শেষ শটে ঠান্ডা মাথায় গোল করে ব্রাজিলকে সেমিতে নিয়ে যান ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস।

এখন আপনিই বলুন, দার্লিস গঞ্জালেস না থাকলে ব্রাজিল-আর্জেন্টিনার এখনো কোপায় টিকে থাকা হতো?