যুক্তরাষ্ট্রে বাংলাদেশের এক সোনা জয়ীর নীরব বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাফে সোনা জয়ের পর শুটার নাসির উদ্দিন জনি। ছবি ফেসবুক থেকে নেওয়া
সাফে সোনা জয়ের পর শুটার নাসির উদ্দিন জনি। ছবি ফেসবুক থেকে নেওয়া

গতকাল সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন সোনা জয়ী শুটার নাসির উদ্দিন জনি। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৫২ বছর বয়সে চলে গেলেন দক্ষিণ এশিয়ান গেমসে সোনাজয়ী এই শুটার। গেমসে তিনটি সোনা জয়ের কৃতিত্ব আছে চট্টগ্রাম থেকে উঠে আসা জনির।

১৯৯৯ সালে বাংলাদেশ শুটিং দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের আটলান্টায় গিয়েছিলেন বিশ্বকাপ শুটিংয়ে। সেই থেকে তাঁর বসতি ছিল যুক্তরাষ্ট্রে। বিয়ে করেন আরেক শুটার শারমিন রহমান সাগরকে। দেশে মাঝেমধ্যে আসতেন। তবে শুটিংয়ের সঙ্গে সেভাবে আর যোগাযোগ ছিল না। অথচ এই শুটিংই তাঁকে এনে দিয়েছিল পরিচিতি। পদক জিতেছেন সাফ শুটিংয়ে। তবে চট্টগ্রাম থেকে উঠে আসা জনিকে মনে রাখতে হবে সাফ গেমসের সাফল্যের জন্য।

১৯৯৩ ঢাকা সাফ গেমসে (এখন নাম এসএ গেমস) ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনে দলীয় সোনা জেতেন জনি। বাকি দুই সঙ্গী ছিলেন জিম এ হায়দার ও কামরুল ইসলাম। এরপর ১৯৯৫ সালে মাদ্রাজ সাফ গেমসে দেখা গিয়েছিল জনি-ঝলক। দুটি সোনা জেতেন সেই গেমসে। যার একটি ব্যক্তিগত, ৫০ মিটার এয়ার রাইফেল প্রোনে। অন্যটি ৫০ মিটার থ্রি পজিশনে দলীয় বিভাগে। যেখানে তাঁর সঙ্গী ছিলেন জিম হায়দার ও সাইফুল আলম চৌধুরী রিংকি।