যুক্তরাষ্ট্রে সবার ওপরে কাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের ‘শ্রেষ্ঠত্ব’ ধরে রাখলেন কাকা। ফাইল ছবি।
নিজের ‘শ্রেষ্ঠত্ব’ ধরে রাখলেন কাকা। ফাইল ছবি।

এসি মিলানে তিনি ছিলেন নায়কের আসনে। চোট বাধা হয়ে না দাঁড়ালে, কে জানে, রিয়াল মাদ্রিদেও হয়তো নিজেকে আরও ভালোভাবে মেলে ধরতে পারতেন কাকা। তবে সেসব এখন অতীত, ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে ব্রাজিলিয়ান মিডফিল্ডার এখন আলো ছড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)। 

আলো ছড়ানোর দামও অরল্যান্ডো সিটির কাছ থেকে পাচ্ছেন দুহাত ভরে। এমএলএসের প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিবেদন বলছে, ২০১৬ সালে এমএলএসের ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পাচ্ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। শুধু এই এক বছরেই তাঁর আয় প্রায় ৭১ লাখ ৬৭ হাজার ডলার। বাংলাদেশি টাকায়? প্রায় ৫৭ কোটি টাকা।
অবশ্য কাকার এই ‘শ্রেষ্ঠত্ব’ এবারই প্রথম নয়। গত বছরও এমএলএসের সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত খেলোয়াড় ছিলেন কাকা।
এবার তালিকায় দুইয়ে থাকা খেলোয়াড়টি হলেন সেবাস্তিয়ান জোভিঙ্কো। ইতালিয়ান ফরোয়ার্ডের বার্ষিক বেতন ৭১ লাখ ১৫ হাজার ডলার। ‘বিদেশি’ খেলোয়াড়দের মধ্যে এরপরেই আছেন দুই সাবেক ইংলিশ খেলোয়াড়—সাবেক লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ড ও চেলসির সাবেক মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের মধ্যে মাইকেল ব্র্যাডলিই শুধু আছেন সেরা পাঁচে। সূত্র: রয়টার্স।

এমএলএসে সবচেয়ে বেশি বেতন (সেরা ১০)
১. কাকা (অরল্যান্ডো সিটি)—৭১ লাখ ৬৭ হাজার ডলার
২. সেবাস্তিয়ান জোভিঙ্কো (টরন্টো এফসি)—৭১ লাখ ১৫ হাজার ডলার
৩. মাইকেল ব্র্যাডলি (টরন্টো এফসি)—৬৫ লাখ ডলার
৪. স্টিভেন জেরার্ড (লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি)—৬১ লাখ ৩২ হাজার ডলার
৫. ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড (নিউ ইয়র্ক সিটি)—৬০ লাখ ডলার
৬. আন্দ্রেয়া পিরলো (নিউ ইয়র্ক সিটি)—৫৯ লাখ ১৫ হাজার ডলার
৭. ডেভিড ভিয়া (নিউ ইয়র্ক সিটি)—৫৬ লাখ ১০ হাজার ডলার
৮. জোজি আল্টিডোর (টরন্টো এফসি)—৪৮ লাখ ২৫ হাজার ডলার
৯. ক্লিন্ট ডেম্পসি (সিয়াটল সাউন্ডার্স)—৪৬ লাখ ৫ হাজার ডলার
১০. জিওভান্নি দস সান্তোস (লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি)—৪২ লাখ ৫০ হাজার ডলার