যুক্তরাষ্ট্রের টিকে থাকার লড়াই
চার দলের গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে যাবে দুটি দল। এক ম্যাচ হারলেও তাই সুযোগ ভালোই থাকে। কিন্তু টানা দুই ম্যাচে হারলে যে হিসাবটা কঠিন হয়ে যাবে! কোস্টারিকার বিপক্ষে আগামীকাল ভোরে মাঠে নামার আগে তাই ভীষণ চাপে যুক্তরাষ্ট্র। সান্তা ক্লারায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কলম্বিয়ার কাছে হারটাই স্বাগতিকদের হিসাব-নিকাশ দিয়েছে বদলে।
উল্টো অবস্থানে কলম্বিয়া। প্রথম ম্যাচে ২-০ গোলে জয় হোসে পেকারম্যানের দলকে জুগিয়েছে বাড়তি আত্মবিশ্বাস। প্যাসাডোনায় আজ প্যারাগুয়েকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালের পথেও অনেক দূর এগিয়ে যাবে কলম্বিয়া।
যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার জন ব্রুকস অবশ্য এসব চাপ-টাপ পাত্তাই দিচ্ছেন না। শিকাগোর ম্যাচের আগে সোজা বলে দিলেন, ‘অনেকে অকারণেই আমাদের সমালোচনা করছে। প্রথম ম্যাচে আমরা সেট পিস থেকে দুটি গোল খেয়েছি, যা দুর্ভাগ্যজনক। সেদিন কোস্টারিকা-প্যারাগুয়ে ম্যাচটাও ড্র হয়েছে। তাই আমাদের ভালোই সুযোগ আছে পরের রাউন্ডে যাওয়ার।’ গ্রুপের পরের দুটি ম্যাচ কলম্বিয়া ম্যাচের চেয়ে সহজ হবে বলেই মনে করেন ব্রুকস, ‘আমরা সবচেয়ে কঠিন দলটার বিপক্ষে খেলে ফেলেছি। এখন বাকি দুটি ম্যাচ জিতে পরের রাউন্ডে যেতে চাই।’
জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও কলম্বিয়ার একটা দুশ্চিন্তা দলের সবচেয়ে বড় আস্থা হামেস রদ্রিগেজের কাঁধের চোট। প্যারাগুয়ের বিপক্ষে কাল রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার থাকছেন না বলেই ধরে নেওয়া যায়। তাঁর বদলি নামতে পারেন মেক্সিকান ক্লাব তিউয়ানার ফরোয়ার্ড ডায়রো মোরেনো। কোপার আগে হাইতির বিপক্ষে কলম্বিয়ার প্রীতি ম্যাচেই গোল করেছিলেন মোরেনো। গোলডটকম।