যুদ্ধংদেহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পরশু ইউরোপা লিগের ম্যাচে ফেনেরবাচে ২-০ গোলে হারিয়েছে লোকোমোটিভ মস্কোকে। কিন্তু ম্যাচের ফল ছাপিয়ে রাজনীতিটাই যেন বড় হয়ে উঠেছে। সিরিয়া সংকট নিয়ে রাশিয়া ও তুরস্কের মধ্যে চলছে টানাপোড়েন। জ্বলতে থাকা কূটনৈতিক সম্পর্কের আগুনে আরেকটু ঘি ঢাললেন লোকোমোটিভের দিমিত্রি তারাসোভ। ম্যাচের শেষে খেলোয়াড়েরা সবাই জার্সি খুলতেই দেখা গেল এই মিডফিল্ডারের গায়ে পুতিনের ছবি ছাপানো একটি টি-শার্ট, সেখানে লেখা ‘সবচেয়ে বিনয়ী প্রেসিডেন্ট’। তুর্কি দৈনিক ইয়েনি সাফাক ঘটনাটিকে দেখছে ‘রাশিয়ান ফুটবলারের পুতিনীয় খোঁচা’ হিসেবে। শুধু দিমিত্রিই নন, রুশ দলটিই যেন ম্যাচটি খেলতে গিয়েছিল যুদ্ধংদেহী মনোভাব নিয়ে। মস্কো কোচ ইগর চেরেভচেঙ্কো নাকি ফেনেরবাচে কোচ ভিতর পেরেইরার সঙ্গে হাত মেলানো দূরে থাক, কথাই বলেননি। পেরেইরা তো হতাশামাখা কণ্ঠে বলেই ফেললেন, ‘দুঃখ পেয়েছি অনেক। ফুটবল আর রাজনীতি কিন্তু ভিন্ন বিষয়।’ এএফপি!