যুদ্ধবিধ্বস্ত বলবেন না, আফগানিস্তান সুন্দর দেশ

- আফগানিস্তান জাতীয় দলের ফুটবলার জোহিব আমিরি বর্তমানে নিউ রেডিয়ান্ট ক্লাবের হয়ে খেলছেন।
- জোহিব ২০১৩ সালে আফগানিস্তান জাতীয় দলের অধিনায়ক হন।
- ছেলেবেলায় জোহিবকে পাকিস্তানে শরণার্থী হতে হয়েছিল
- ছয় বছর ধরে জোহিব ভারতের মুম্বাইতে অবস্থান করছেন।
সোনার চামচ মুখে দিয়ে নয়, পৃথিবী তাকে বরণ করে নিয়েছিল বোমা ও গুলির শব্দে। জীবনের প্রয়োজনে ঘর ছেড়ে হতে হয়েছে শরণার্থী, কখনো যাযাবর। মাথা গোঁজার জায়গা ছিল না। তবু থামিয়ে দেননি স্বপ্ন দেখা। পাহাড়-বাধা জয় করে ১৫ বছর বয়সে জাতীয় দলের জার্সি গায়ে তুলে স্বপ্নকে করেছেন মুঠোবন্দী। কাঁধে নিয়েছেন আফগানিস্তান জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব। নিউ রেডিয়ান্টের হয়ে এএফসি কাপ খেলতে সেই আফগান নায়ক জোহিব ইসলাম আমিরি এখন ঢাকায়।
গতকাল দুপুরের কথা। অনুশীলনের জন্য হোটেল লবিতে নেমে আসা সব খেলোয়াড়ের চোখে মুখেই আনন্দ। শুধু আফগান জোহিবের মুখে হতাশার ছাপ। কারণ জিজ্ঞাসা করতেই পায়ের দিকে ইশারা করে বুঝিয়ে দিলেন ইনজুরি। কে জানত, এই ইনজুরির গল্পের থেকেই শোনা হবে কাবুলে জন্ম নেওয়া এক আফগান বীরের জীবনযুদ্ধ জয়ের গল্প।
পাঁচ ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট জোহিব। তাই আদর-ভালোবাসারও কমতি ছিল না। বড় ভাইকে ফুটবল খেলতে দেখে ছোটবেলায় ফুটবলের প্রেমে পড়ে যায় জোহিব। কিন্তু বোমা ও গুলির শব্দের মধ্যে বাড়ি থেকে রাস্তায় যাওয়াতেই ছিল বারণ। বাড়ির ছোট ছেলে কি আর বারণ মানে!
ভালো করে কিছু বুঝে ওঠার আগেই আফগানিস্তান ছেড়ে পাকিস্তানে শরণার্থী হতে হয় জোহিবের পরিবারকে। না ছিল মাথা গোঁজার জায়গা, না খাবার। জোহিবের অতশত ভাবনা ছিল না। ফুটবল হলেই চলত। রাস্তায় আরও শরণার্থী বালকদের সঙ্গে খালি পায়ে নেমে পড়তেন কাগজ ও ছেঁড়া কাপড় দিয়ে গোল করে তৈরি করা ফুটবল নিয়ে। ছোট ছেলেটির কষ্ট বলতে যা ছিল, ওই কাবুলের গায়ে মাখা স্মৃতি, বন্ধু ও আত্মীয়স্বজনের জন্য।

শরণার্থীশিবির থেকে চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কিশোর বয়সে কাবুলে ফেরেন জোহিবরা। কাবুল জীবনের মোড় ঘুরিয়ে দেয়। স্থানীয় এক দলের হয়ে খেলতে গিয়ে নজরে পড়েন কাবুল দলের। পরে সেখান থেকে ২০০৫ সালে স্থানীয় প্রিমিয়ার লিগের ক্লাব সোহায় নাম লেখানো। একই বছরে জাতীয় দলে সুযোগ। প্রথমে পরিবার আফগানিস্তানে থাকার অনুমতি দিতে কিছুটা দোদুল্যমান হয়ে উঠলেও জোহিব ছিলেন নাছোড়, ‘জীবনের ঝুঁকি সব জায়গাতেই আছে। তাই আমিও অনেকের মতো এই ঝুঁকিটা নিয়েছিলাম। আর জীবনও থেমে থাকে না। আমি ভাগ্যবান, এর মধ্য দিয়েই ফুটবলার হতে পেরেছি।’
তত দিনে ডিফেন্ডার জোহিব আরও পরিণত। ২০১০ সালে মুম্বাই এফসির বিপক্ষে ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসেন জোহিবের ক্লাব। সেখানেই মুম্বাইয়ের কোচের নজরে পড়া। কিন্তু সে বছর আর ভারতে আসা হয়নি। পরের বছরেই দলবদল করে মুম্বাইয়ে নাম লেখানোর মধ্যে দিয়ে প্রথম আফগান হিসেবে আনুষ্ঠানিকভাবে দেশের বাইরে সর্বোচ্চ পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেন জোহিব। এরপরে এফসি গোয়ার হয়ে খেলেছেন ফ্র্যাঞ্চাইজি ফুটবলে আইএসএলে। এ বছর মালদ্বীপ ক্লাব নিউ রেডিয়ান্টে নাম লেখানোর আগে ছিলেন চেন্নাই সিটিতে।
জোহিবের মুম্বাইয়ে নাম লেখানোটা তাঁর পরিবারের জন্য আশীর্বাদ। এই শহরেই নোঙর গেড়েছে এখন তাঁর পরিবার, ‘ছয় বছর ধরে পরিবারসহ মুম্বাইতে থাকি। তাই ভারতের ক্লাবগুলোতেই খেলি। মধ্যপ্রাচ্যের অনেক ক্লাবের প্রস্তাব থাকলেও যাওয়া হয়নি। এবারই গিয়েছি নিউ রেডিয়ান্টে।’
পাকিস্তানে শরণার্থী জীবন। এরপরে আলো ঝলকানো মুম্বাইয়ের বাসিন্দা। কিন্তু যেখানেই যান, পরিচয়টা তো আফগান জাতীয় দলের অধিনায়ক। ২০১৩ সাল থেকে ২০১৬ পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব ছিল কাঁধে। তাই আফগানিস্তানকে যুদ্ধবিধ্বস্ত বললে ক্ষোভও ঝরে কণ্ঠে, ‘সবাই কেন আফগানিস্তানকে যুদ্ধবিধ্বস্ত বলে বুঝি না। আফগানিস্তান অনেক সুন্দর একটি দেশ। যেখানে মানুষ পরিবার নিয়ে বসবাস করছে। আনন্দ নিয়ে জীবন যাপন করছে।’
মাঠের বাইরেও যেন জোহিব আফগানিস্তানের এক বিশেষ দূতও। এই না হলে স্পোর্টসম্যান!