
সারা বিশ্বে তিনি যতটা জনপ্রিয়, ততটা নিজের দেশ আর্জেন্টিনায় নয়। লিওনেল মেসিকে নিয়ে এ কথাটা প্রায়ই শোনা যায়। এবার ভালো প্রমাণও মিলল। মেসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ার খবরে যেখানে খুশি হওয়ার কথা, তা না, দেশটির একটি পত্রিকা সেই খবর দিতে গিয়ে তাঁকে তুলনা করেছে আর্জেন্টিনার কুখ্যাত এক যুদ্ধাপরাধীর সঙ্গে!
ঘটনাটা খুলেই বলা যাক। আলফ্রেডো আসটিজ নামে আর্জেন্টিনায় এক সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী আছেন। সামরিক শাসক হোর্হে রাফায়েল ভিদেলার আমলে যিনি আর্জেন্টাইন নৌবাহিনীর কমান্ডার ছিলেন। সত্তর ও আশির দশকে রাজনৈতিক বন্দীদের ওপর অমানুষিক নির্যাতন ও অনেককে হত্যার অপরাধে যাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সম্প্রতি আর্জেন্টাইন সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, আসটিজের মতো অপরাধীদের শাস্তিও কমানো হতে পারে।
প্রায় কাছাকাছি সময়েই ফিফার আপিল কমিটি লিওনেল মেসির ওপর চার ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। যেটি তিনি পেয়েছিলেন বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচে সহকারী রেফারিকে কটূক্তি করার কথিত অপরাধে। দিয়ারিও পারফিল নামে আর্জেন্টিনার একটি পাক্ষিক পত্রিকা মেসির এই শাস্তি কমার ঘটনাটিকে তুলনা করেছে যুদ্ধাপরাধীদের শাস্তি কমানোর সিদ্ধান্তের সঙ্গে। শুধু তা-ই নয়, ‘সোনালি চুলের মৃত্যুদূত’ বলে পরিচিত আলফ্রেডো আসটিজের একটি ছবিকে ফটোশপ করে মেসি বানিয়ে সেটি ছেপেও দিয়েছে!
এটি জানার পর স্বাভাবিকভাবেই চরম ক্ষুব্ধ মেসির পরিবার। গোলডটকমের কাছে মেসির এক পারিবারিক মুখপাত্র বলেছেন, তাঁরা খুবই ক্ষুব্ধ এবং পত্রিকাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন। গোলডটকম।