যুব টুর্নামেন্ট নিয়ে নীরব ক্লাব ও বাফুফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল থেকে ফুটবলার তুলে আনার বড় সিঁড়ি হতে পারত প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর যুব টুর্নামেন্ট। সেই লক্ষ্যে অনেক চেষ্টা-তদবিরের পর ২০১২-১৩ মৌসুমে টুর্নামেন্টটি শুরু হয়েছিল। পরের মৌসুমেও এটি মাঠে গড়ায়। প্রথমবার অনূর্ধ্ব-১৬, পরেরবার অনূর্ধ্ব-১৮। দুবারই চ্যাম্পিয়ন মোহামেডান।

কিন্তু অন্য অনেক আয়োজনের মতো এটিরও ধারাবাহিকতা নেই। দুই বছর ধরে তাই টুর্নামেন্টটি বন্ধ। ভুটান-লজ্জার পর যদিও অনেকে আশা করেছিলেন, দ্রুত বয়সভিত্তিক এই টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। কিন্তু কোথায় কী, বালিতেই মুখ গুঁজে আছে বাফুফে ও ক্লাবগুলো।

কিন্তু কেন? কাল বাফুফের পেশাদার লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী আত্মসমর্পণের ভঙ্গিতে বললেন, ‌‘ক্লাবগুলো রাজি থাকলে টুর্নামেন্টটি আবার হতে পারে। তবে এখন আর সময় কই। দেখি, আগামী বছর করব।’

ক্লাব রাজি থাকলে টুর্নামেন্ট হবে! তার মানে বাফুফের নিজস্ব কোনো নিয়মকানুন নেই। অথচ এই টুর্নামেন্ট খেলা প্রিমিয়ারের দলগুলোর জন্য বাধ্যতামূলক। আসলে লিগের বাইলজটা স্রেফ ছাপার অক্ষরে কিছু শব্দ ছাড়া আর কিছু নয়। ক্লাব খেলতে না চাইলে ক্লাবকে রাজি করাতে পারে না ফেডারেশন।

ওদিকে শিরোপাপ্রত্যাশী ক্লাবগুলো ৫০-৬০ লাখ টাকায় ‌‘অচল’ খেলোয়াড় কিনলেও ৫ লাখ টাকা খরচ করে বয়সভিত্তিক দল গড়তে রাজি নয়। শেখ জামাল ধানমন্ডি ক্লাব এর বড় উদাহরণ। আগের দুটি টুর্নামেন্টে দলটি খেলেইনি। এ দেশের ক্লাব যে বাফুফেরও ঊর্ধ্বে, শেখ জামালকে জবাবদিহির আওতায় আনতে না পেরে বাফুফেই সেটি প্রমাণ করেছে।

কিন্তু শেখ জামাল বয়সভিত্তিক দল গড়েনি কেন? পরশু প্রশ্নটি করা হয়েছিল ওই ক্লাবের ফুটবল কমিটির সদস্য সাবেক ফুটবলার শামসুল আলম মঞ্জুকে। তাঁর দেওয়া উত্তরটা ছিল বিস্ময়কর,‌ ‘ক্লাবের আর্থিক সংকট আছে, তাই ক্লাব টিম কী করবে কী করবে না, এটা ক্লাবের নিজস্ব ব্যাপার।’

ক্লাব এভাবে দায়িত্ব এড়ালে ভুটানের কাছে জাতীয় দল তো লজ্জা পাবেই!