যুব দল নিয়ে মাঠে বাফুফে
জাতীয় দল নিয়ে ব্যস্ততায় নিচের দিকে বাড়তি নজর দিতে পারে না বাফুফে। তবে এবার ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর কলম্বোতে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের জন্য শক্তিশালী দল গঠন এবং কার্যকর অনুশীলনের ওপর গুরুত্ব দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
কাল সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসে একটা রূপরেখাও তিনি তৈরি করেছেন। অতীতে তড়িঘড়ি করে বয়সভিত্তিক দল গঠনে গোষ্ঠীপ্রীতিরও অভিযোগ থাকত। এবার শুধু যোগ্যদেরই দলে নিতে কঠোর সতর্কতা অবলম্বন করা হবে।
সালাউদ্দিন বেশ আশাবাদী যুব দল নিয়ে, ‘এই প্রতিযোগিতায় ভালো করার সুযোগ আছে আমাদের। বয়সভিত্তিক পর্যায়ে সব দলই প্রায় সমান। এ কারণেই আমরা আশাবাদী এবং ভালো করতে সম্ভাব্য সবই করব।’ বাংলাদেশের গ্রুপে সবচেয়ে বড় নাম উজবেকিস্তান। আছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভুটান। উজবেকিস্তানকে গ্রুপের শীর্ষস্থান ছেড়ে দিলে রানার্সআপ হওয়া কঠিন নয়। বাংলাদেশের লক্ষ্য দশ গ্রুপের সেরা পাঁচ রানার্সআপ দলের একটি হয়েও চূড়ান্ত পর্বে যাওয়া। এই মিশনের ক্যাম্পে কোচ থাকছেন জাতীয় দলের সহকারী কোচ সাইফুল বারী। জার্মান গোলকিপার কোচ ক্রিস্টিয়ান শোয়েচলারও তাঁর সঙ্গী।