যুব ফুটবল ঘিরে নতুন স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফের কোচ সৈয়দ গোলাম জিলানী ভীষণ উচ্ছ্বসিত। অনূর্ধ্ব-১৮ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফুটবলার বাছাই করতে ২২ ফেব্রুয়ারি গিয়েছিলেন যশোরে। শিক্ষা বোর্ড ও যশোর জেলা দল গড়তে হিমশিম খেতে হয়েছে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়ন বাংলাদেশ কোচকে। যশোর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ফুটবলারদের উৎসাহ দেখে ভীষণ আশাবাদী এই কোচ, ‘এবার হয়তো পাইপলাইনে ফুটবলারের অভাব হবে না।’

নতুন ফুটবলার তুলে আনার সিঁড়িটা যেন হারিয়েই যেতে বসেছিল। একসময়ের জনপ্রিয় টুর্নামেন্ট সোহরাওয়ার্দী কাপ, যেটি যুবক ফোন নামে আয়োজন করা হয় সর্বশেষ ২০০৬ সালে। সর্বশেষ হয়েছিল ওয়েস্টার্ন ইউনিয়ন অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপ, ২০০৭ সালে। ১০ বছর পর আবারও মাঠে গড়াচ্ছে জাতীয় যুব ফুটবল। ৯ মার্চ সারা দেশের আটটি ভেন্যুতে শুরু প্রাথমিক পর্ব, চূড়ান্ত পর্ব শুরু ২৩ মার্চ। কাল বাফুফে ভবনে হয়ে গেল প্রতিযোগিতার ড্র ও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।

টুর্নামেন্টের আগে ফুটবলার বাছাই করতে সারা দেশে গিয়েছিলেন বাফুফের তালিকাভুক্ত কোচরা। সেখানে বয়স নিয়ে লুকোচুরি এড়াতে জেএসসি ও পিএসসির সনদ দেখেছেন। এরপর উন্মুক্ত ট্রায়াল। সেখান থেকে বাছাই করা ৩০ জন নিয়ে গড়া হয়েছে জেলা দল।

যশোরের অভিজ্ঞতায় মুগ্ধ গোলাম জিলানী, ‘ডিএফএ (জেলা ফুটবল অ্যাসোসিয়েশন) কর্মকর্তারা ট্রায়ালের আগে মাইকিং করেছিলেন। কিন্তু এত সাড়া পড়বে, আমিও ভাবিনি। প্রায় আড়াই শর ওপরে ফুটবলার এসেছিল।’ এই টুর্নামেন্টে যেন সোহরাওয়ার্দী কাপের ছায়া খুঁজে পাচ্ছেন, ‘নিজেও একসময় সোহরাওয়ার্দী কাপে খেলেছি। ঢাকায় ও বিভিন্ন জেলায় সোহরাওয়ার্দী কাপ দেখতে তখন ক্লাবের কর্মকর্তারা যেতেন। সেখান থেকে সরাসরি তুলে আনতেন ফুটবলার। আশা করি, যুব ফুটবলেও তেমনটাই হবে।’

টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৬৩টি জেলা, বিকেএসপি ও যশোর শিক্ষা বোর্ড। জেলাগুলোর মধ্যে শুধু কিশোরগঞ্জ খেলছে না। সাংগঠনিক কাঠামো ঠিক নেই বলে অংশ নেওয়ার আবেদনই করেনি কিশোরগঞ্জ।

অন্তত ২০টি জেলা ভেন্যুর জন্য আবেদন করেছিল বাফুফের কাছে। এটাকেও ইতিবাচক হিসেবে দেখছেন বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায়, ‘এই টুর্নামেন্ট ঘিরে তৃণমূল পর্যায় থেকে প্রচুর সাড়া পেয়েছি। যেসব জেলায় নিয়মিত লিগ হচ্ছে না, সেসব জেলায় এভাবে ভেন্যু করার আগ্রহটা ফুটবলের জন্যই ভালো।’ টুর্নামেন্টে অংশগ্রহণ ফি বাবদ প্রতিটি দল পাচ্ছে ৪৫ হাজার টাকা।

প্রাথমিক পর্বের খেলাগুলো হবে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে। প্রতিটি অঞ্চলে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। আঞ্চলিক চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে চূড়ান্ত পর্বে।

যুব ফুটবল নিয়ে যেন নতুন করে স্বপ্ন দেখছেন বাদল রায়, ‘এই টুর্নামেন্টে আমরা নতুন ফুটবলার চাই। যারা কখনো বিসিএল ও বিপিএল খেলেনি, ওরাই খেলবে। এখান থেকে দীর্ঘমেয়ািদ ট্রেনিংয়ের জন্য প্রায় ১০০ ফুটবলারকে নেব একাডেমিতে।’