যুব সাফের জন্যও ফুটবল লিগ বন্ধ!
প্রিমিয়ার ফুটবল লিগ কবে শেষ হবে, তা এখন এক গবেষণার বিষয়। শুরুর আগেই ৪৭ দিন পিছিয়েছিল রমজান, চিকুনগুনিয়া, ফিলিস্তিনে অনূর্ধ্ব-২৩ দলের সফর ইত্যাদি কারণে। ২৮ জুলাই অবশেষে দশম প্রিমিয়ার লিগ মাঠে গড়ায়। বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাদামাঠে খেলা চলে, আবার সেই কাদার কারণে তিন দিন বন্ধ থাকে খেলা। ৬ দিন ছিল ঈদের ছুটি। ৬ সেপ্টেম্বর শুরু হয়ে চলল মাত্র দুই দিন। আগামীকাল শুরু হয়ে চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২০ দিনের লম্বা ছুটি! অনূর্ধ্ব-১৮ জাতীয় দলের সাফ টুর্নামেন্ট খেলতে ভুটান যাওয়াই এই লম্বা বিরতির কারণ। ১৮-২৭ সেপ্টেম্বর এই টুর্নামেন্ট শেষে লিগ আবার ১ বা ২ অক্টোবর শুরুর সিদ্ধান্ত হয়েছে কালকের লিগ কমিটির সভায়।
অনূর্ধ্ব-১৮ দলে সাইফ স্পোর্টিংয়ের পাঁচজন, মুক্তিযোদ্ধা ও আরামবাগের চারজন করে খেলোয়াড় আছে। রহমতগঞ্জের দুজন, ঢাকা আবাহনীর একজন, শেখ রাসেলের একজন আছে। তবে এই তরুণদের বেশির ভাগেরই জায়গা হয় বেঞ্চে। যে দলগুলোর বেশি খেলোয়াড় আছে, তারা লিগ খেলবে না বলেছে। বাফুফে ক্লাবগুলোকে জাতীয় স্বার্থে খেলোয়াড় ছাড়তে অনুরোধ করেছে। সব মিলিয়েই খেলা বন্ধ। প্রাসঙ্গিক তথ্য, অনূর্ধ্ব-১৮ সাফ টুর্নামেন্ট থেকে শ্রীলঙ্কা নাম প্রত্যাহার করায় পাঁচ দল নিয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হতে পারে। টুর্নামেন্টে খেলছে ভারত, বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, ভুটান।
তবে জাতীয় ও অনূর্ধ্ব-২৩ দলের পর অনূর্ধ্ব-১৮ দলের জন্যও হঠাৎ তিন সপ্তাহ লিগ বন্ধ রাখায় ক্ষুব্ধ ব্রাদার্সের ম্যানেজার আমের খান, ‘অনূর্ধ্ব-১৮ দলের জন্য খেলা বন্ধ রাখা নজিরবিহীন। এভাবে যখন-তখন খেলা বন্ধ করে লিগটাকে হাস্যকর করে ফেলা হয়েছে। আমি তাই লিগ কমিটির সভাতেই যাইনি। এ রকম সিদ্ধান্ত আগেই গোপনে হয়ে যায়।’