যুবাদের সেরা মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাদার্সকে ফাইনালে হারিয়ে মোহামেডানের তরুণ ফুটবলারদের ট্রফি জয়ের আনন্দ যেন বাঁধ মানতেই চাইছে না! কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
ব্রাদার্সকে ফাইনালে হারিয়ে মোহামেডানের তরুণ ফুটবলারদের ট্রফি জয়ের আনন্দ যেন বাঁধ মানতেই চাইছে না! কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

ম্যাচ শেষ হতেই সাদা-কালো পতাকা নিয়ে মাঠে ঢুকলেন এক সমর্থক। সেই পতাকা নিয়েই সারা মাঠ ঘুরলেন মোহামেডানের খেলোয়াড়েরা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল এয়ারটেল অনূর্ধ্ব-১৮ ফুটবলের ফাইনালে ব্রাদার্সকে ২-০ গোলে হারিয়ে বিপুল উচ্ছ্বাসে ভাসল মোহামেডানের যুবদল। গত মৌসুমে অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। এবার অনূর্ধ্ব-১৮ ফুটবলের শিরোপাটাও গেল তাদের ঘরে।
কমলা ও সাদা-কালোর ফাইনালটা কাল এতই উপভোগ্য, প্রাণবন্ত আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল যে হঠাৎ দেখে কারও বোঝার উপায় ছিল না মাঠে ছোটরা খেলছে।
উচ্চ পারিশ্রমিক দিয়েও পছন্দমতো ফুটবলার না পাওয়াটা মোহামেডানের জন্য অনেক দিনের অস্বস্তি। কিন্তু এই টুর্নামেন্ট তাদের জন্য স্বস্তিদায়ক। শুধু মোহামেডান নয়, পেশাদার লিগের সব ক্লাবের জন্যই টুর্নামেন্টটা ফুটবলার তৈরির বড় উৎসমুখ হয়ে ওঠার প্রতিশ্রুতি দিচ্ছে। উঠতি প্রতিভাবান এসব ফুটবলারের সামনে এখন সম্ভাবনার অবারিত দুয়ার।
বাফুফের কোচ মাহবুব হোসেন রক্সি টুর্নামেন্ট নিয়ে দারুণ আশাবাদী, ‘এটা নিয়ে আমাদের দীর্ঘ পরিকল্পনা রয়েছে। এবার অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট করেছি। আগামী বছর হবে অনূর্ধ্ব-১৯। এখান থেকে যাতে সরাসরি জাতীয় অনূর্ধ্ব-১৯ দলে খেলতে পারে ওরা, সেটাই আমাদের প্রথম লক্ষ্য।’
পারফরম্যান্স দিয়ে মোহামেডানের মিডফিল্ডার সাজ্জাদ হোসেন (সাব্বির) পুরো টুর্নামেন্টে আলাদা করে সবার নজর কেড়েছেন। টুর্নামেন্টের সেরা মিডফিল্ডারের পুরস্কার পাওয়া এই খেলোয়াড়কে দেখে সাবেক ফুটবলার রুম্মন বিন ওয়ালী সাব্বিরের কথাই মনে পড়ছিল মাহবুবের, ‘সাব্বির ভাইয়ের মতোই ওর পাসিং, গতি, বল ডেলিভারির ক্ষমতা। আমরা ওর খেলা দেখে মুগ্ধ।’
ফাইনালের সেরা বদরুল হাসানের প্রশংসাও ঝরল তাঁর কণ্ঠে। ৭১ মিনিটে বদরুলের গোলেই এগিয়ে যায় মোহামেডান। শেষ বাঁশি বাজার আগে জয় নিশ্চিত হয় নিজামের গোলে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
পুরস্কারের ডালি
সেরা খেলোয়াড় আকাশ সাহা (মোহামেডান)
সেরা গোলরক্ষক সাইফুল ইসলাম (মোহামেডান)
সেরা স্ট্রাইকার সাদেক হোসেন (মোহামেডান)
সেরা ডিফেন্ডার এজাজুল ইসলাম (ব্রাদার্স)
ফেয়ার প্লে ট্রফি ব্রাদার্স