যে কান্নায় এবার আনন্দ মেশাতে পেরেছেন মেসি

জীবনের সেরা মুহূর্তটা মেসি ভাগাভাগি করে নিচ্ছেন ভালোবাসার মানুষদের সঙ্গে।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে, ক্লাব বিশ্বকাপ, সুপার কাপ—ফুটবল ক্যারিয়ারে কত ট্রফিই তো জিতেছেন লিওনেল মেসি। ব্যক্তিগত অর্জন ফিফা বেস্ট বা ব্যালন ডি’অরের কথা বললে, সেখানেও মেসির রাজত্ব। কিন্তু ব্রাজিলের বিপক্ষে শেষ বাঁশি বাজতে কোপা আমেরিকার শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ার পর যেভাবে অঝোরে কেঁদেছেন মেসি, এর আগে কখনো কাঁদতে দেখা গিয়েছে তাঁকে? সে কান্নায় এত তীব্র আনন্দ তো কখনো মিশে ছিল না। আর্জেন্টিনার জার্সিতে একটি ট্রফি জয়ের জন্য মেসি কতটা ক্ষুধার্ত ছিলেন, তা বোঝা গেল আজ মারাকানায়।

২০০৫ সাল থেকে আর্জেন্টিনার হয়ে খেলছেন মেসি। দেশকে বিশ্বকাপসহ চারবার নিয়ে গিয়েছেন কোপা আমেরিকার ফাইনালেও। কিন্তু শিরোপা জেতা হয় না তাঁর। অনেকে মেসির নামের পাশে জুড়ে দিয়েছেন ফুটবলের ‘দুঃখী রাজপুত্র’ ট্যাগ। যাঁর সবকিছু থেকেও যেন কিছুই নেই। ব্রাজিলের বিখ্যাত মারাকানায় মিটল মেসির সেই হাহাকার।

শিরোপা নিশ্চিত হওয়ার পর মেসির চলনে–বলনে তাঁর বুকের ওপর থেকে জগদ্দল পাথর নেমে যাওয়ার আনন্দ। মেসি আর্জেন্টিনার জার্সিতে শিরোপা জিততে পারেন না, সে জবাব দিতে পারার স্বস্তি। কখনো শিরোপাটি হাতে নিয়ে শিশুর মতো ঝাঁকাচ্ছেন, কখনো মেডেল ঝুলিয়ে দিগ্‌ভ্রান্ত মানুষের মতো দৌড়াচ্ছেন। কখনো বন্ধু নেইমারের আলিঙ্গনবদ্ধ হয়ে জন্ম দিয়েছেন অসাধারণ এক দৃশ্যের।

এর মাঝেই অনন্য হয়ে থাকল একটি দৃশ্য। ওই যে, মাঠে হাঁটতে হাঁটতে মেসির মুঠোফোনে কথা বলার দৃশ্যটি। ভিডিও কলে মেডেল সামনে ঝুলিয়ে স্ত্রী আন্তোনেল্লার সঙ্গে কথা বলছিলেন মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সে দৃশ্যের ভিডিওটি।

আর্জেন্টিনার জার্সিতে এবারই প্রথম ‘চ্যাম্পিয়ন’ শব্দটা পাশে পেলেন মেসি।
ছবি: রয়টার্স

মেসির স্ত্রী ও তাঁর তিন সন্তান অবস্থান করছেন বার্সেলোনায়। স্ত্রী আন্তোনেল্লা ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘তোমার সুখই আমার সুখ। অভিনন্দন আমার ভালোবাসার মানুষটিকে।’ এর দুই ঘণ্টা পর আন্তোনেল্লা আরও একটি ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ‘এগিয়ে যাও আর্জেন্টিনা’ ক্যাপশনে লেখা সে ভিডিওতে দেখা যাচ্ছে মেসি ও আন্তোনেল্লার তিন সন্তান থিয়াগো, মাতেও ও চিরো গান গাইছে। ছোট ছোট সন্তানেরাও বুঝে গিয়েছে এমন কিছু অর্জন করেছেন বাবা, যার জন্য অনেক পথ পাড়ি দিতে হয়েছে তাঁকে।