যে কারণে বার্সা ছেড়েছিলেন গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগেই প্রকাশিত হয়েছে গার্দিওলার সাংবাদিক বন্ধু মার্তি পেরারনাউয়ের নতুন বই পেপ কনফিডেনশিয়াল।
নামের সঙ্গে মিল রেখেই বইটিতে তুলে আনা হয়েছে সাবেক বার্সেলোনা কোচের হাঁড়ির অনেক খবর

র্দিওলার সাংবাদিক বন্ধু মার্তি পেরারনাউয়ের নতুন বই পেপ কনফিডেনশিয়াল
র্দিওলার সাংবাদিক বন্ধু মার্তি পেরারনাউয়ের নতুন বই পেপ কনফিডেনশিয়াল

একঘেয়েমি পেয়ে বসেছিল বলে বার্সেলোনা ছেড়েছেন, বলেছেন অনেকবারই। বিদায়বেলায় ছিল ‘সব পেয়েছি’র তৃপ্তি। তা অর্জনের চূড়ায় পৌঁছে কারও মধ্যে অবসাদ ছাপ ফেলতেই পারে। পেপ গার্দিওলারও হয়তো এমনটাই মনে হয়েছিল যে, বার্সাকে দেওয়ার আর কিছুই নেই। কিন্তু গল্পের ভেতরেও গল্প থাকে। এখন জানা গেল শুধু অবসাদ নয়, ক্লাবের ভেতরের রাজনীতিও প্ররোচিত করেছিল বায়ার্ন মিউনিখের বর্তমান কোচকে।
কদিন আগেই প্রকাশিত হয়েছে গার্দিওলার সাংবাদিক বন্ধু মার্তি পেরারনাউয়ের নতুন বই পেপ কনফিডেনশিয়াল। নামের সঙ্গে মিল রেখেই বইটিতে তুলে আনা হয়েছে সাবেক বার্সেলোনা কোচের হাঁড়ির অনেক খবর। ২০১২ সালে বার্সেলোনা ছেড়ে যাওয়ার ঘোষণা দেওয়ার সময় অনেকেই বিস্মিত হয়েছিলেন। খেলোয়াড়ি জীবন থেকেই যে ক্লাবের ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন, কেন তাদের ছেড়ে যাবেন? পরে গার্দিওলা জানিয়েছিলেন, নতুন চ্যালেঞ্জ নিতে চান। কিন্তু সিদ্ধান্তটা মোটেই হুট করে নেওয়া ছিল না, পেছনে কলকাঠি নেড়েছিল বেশ কিছু কারণ।
সমস্যা ছিল আসলে বার্সেলোনার দুই সভাপতিকে ঘিরে। গার্দিওলা যখন কোচ হন, হুয়ান লাপোর্তা ছিলেন বার্সার সভাপতি। এমনিতে দুজনের সম্পর্ক বেশ ভালোই ছিল, কিন্তু লাপোর্তা ছিলেন খেয়ালি প্রকৃতির। মুহূর্তের মধ্যে তাঁর মেজাজ বদলে যেত, চাপিয়ে দিতে চাইতেন নিজের সিদ্ধান্ত। গার্দিওলা এসব অবশ্য ভালোই সামাল দিচ্ছিলেন। শুরুতে লাপোর্তাই তাঁকে বার্সেলোনা ‘বি’ দলের দায়িত্ব দেন। সেখানকার সাফল্যই গার্দিওলাকে নিয়ে আসে মূল দলে।
কিন্তু ২০১০ সালে সান্দ্রো রোসেল আসার পর বদলে যায় পরিস্থিতি। লাপোর্তার সঙ্গে রোসেলের একটা চাপান-উতোর ছিল আগে থেকেই। ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত রোসেল ছিলেন বার্সেলোনার সহসভাপতি, কিন্তু লাপোর্তার সঙ্গে মতদ্বৈধতায় পদ ছেড়ে দেন। রোসেল আসার পর ক্লাবের আবহ আরও অস্থিতিশীল হয়ে উঠতে থাকে। তত দিনে বার্সার হয়ে সম্ভাব্য সবকিছুই জেতা হয়ে গেছে গার্দিওলার। রোসেলের সঙ্গে ঠিক বৈরী সম্পর্ক না থাকলেও সুসম্পর্ক শুরু থেকেও ছিল না। সাধারণ সভায় ক্লাব সদস্যদের লাপোর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে রাজি করিয়ে ফেলায় গার্দিওলার সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়। সবকিছু মিলিয়েই ন্যু ক্যাম্পে বিষিয়ে উঠতে থাকে গার্দিওলার মন।
এর মধ্যে খেলোয়াড়েরাও একটু গা ছাড়া দিতে শুরু করেছিলেন। প্রথম চার মৌসুম গার্দিওলা খেলোয়াড়দের যেমন অক্লান্ত পরিশ্রম করিয়েছিলেন, পরে তাতে যেন একটু ভাটা পড়তে থাকে। গার্দিওলা তাই দলে একটা বড়সড় বদলের ছক আঁটতে থাকেন। পিকে, ফ্যাব্রিগাস, আলভেজদের বিক্রি করে দেওয়া ছিল এই পরিকল্পনায়। কিন্তু রোসেল এই প্রস্তাবে খুব একটা সায় দেননি। গার্দিওলা বুঝে যান, দলে আর আগের মতো কর্তৃত্ব নেই তাঁর। তাই সিদ্ধান্ত নেন, বিদায় বলে দেবেন বার্সেলোনাকে।
এসব কিছুই অবশ্য পেরারনাউয়ের লেখা। গার্দিওলা নিজে প্রকাশ্যে এসব নিয়ে এখনো কিছুই বলেননি। ভবিষ্যতে কখনো হয়তো বলবেন। গোলডটকম।