যে কারণে বার্সার একাদশে ছিলেন না তুরান-ভিদাল

বেঞ্চে খেলোয়াড় ছিলেন সাতজন। দল কোনোভাবেই গোলের রাস্তা খুঁজে পাচ্ছে না। তবু বার্সেলোনা কোচ লুইস এনরিকে খেলোয়াড় পরিবর্তন করলেন মাত্র একজন—দ্বিতীয়ার্ধে ইভান রাকিতিচের বদলে মাঠে নামালেন সার্জি রবার্তোকে। এর আগে গত ডিসেম্বরে ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচেও মাত্র একজন খেলোয়াড় বদল করেছিলেন এনরিকে।
কৌশলগত কারণে এমন সিদ্ধান্ত হতে পারে। আবার এমনও হতে পারে চোটের হাত থেকে খেলোয়াড়দের রক্ষা করতেই এমন সিদ্ধান্ত কোচের। তবে বেঞ্চে যদি আরদা তুরান ও অ্যালেক্স ভিদাল থাকতেন, তাহলে কী এনরিকে বিকল্প চিন্তা করতেন না?
করতেন কি না সেটি এনরিকেই ভালো বলতে পারবেন। তবে কাল তুরান ও ভিদালকে বার্সেলোনা বেঞ্চে না দেখে অনেকের মনেই একটা জিজ্ঞাসা দেখা দিয়েছিল, কেন নেই এই দুজন? এই মৌসুমের শুরুতেই অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে মিডফিল্ডার তুরান ও সেভিয়া থেকে রাইট-ব্যাক ভিদালকে দলে নিয়ে আসে বার্সা। তবে দলবদলে নিষেধাজ্ঞার কারণে এঁদেরকে দলে নিবন্ধন করাতে পারেনি কাতালান ক্লাবটি।
গত পরশু শেষ হয়ে গেছে নিষেধাজ্ঞার মেয়াদ। তবু কেন এই দুজনকে গতকাল ম্যাচে দেখা যায়নি? বিশেষ করে এমন এক ম্যাচে, যেখানে সপ্তাহের মাঝপথে খেলার ক্লান্তির ছাপ ছিল বার্সার সবার চেহারায় স্পষ্ট।
কারণ নববর্ষের ছুটি। নতুন বছর ছুটি কাটিয়ে এখনো খোলেনি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অফিস। এই কারণে ভিদাল ও তুরানকে নিবন্ধিত করাতে পারেনি বার্সেলোনা। ছুটি শেষে আগামীকাল খুলবে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অফিস। কালই তাই এই দুই খেলোয়াড়ের নিবন্ধনের সব কাজ বার্সা শেষ করে রাখার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে আগামী ৬ জানুয়ারি কোপা দেল রের ম্যাচে এই এস্পানিওলের বিপক্ষেই বার্সার জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে তুরান ও ভিদালের।
তবে নিবন্ধন করাতে না পারলেও ‘নতুন’ এই দুই খেলোয়াড়ের জার্সি নম্বর নাকি ঠিক করে রেখেছে বার্সেলোনা। শোনা যাচ্ছে, এই মৌসুমেই বার্সা ছেড়ে চেলসিতে যোগ দেওয়া পেদ্রোর ‘৭’ নম্বর জার্সিটি পাবেন তুরান আর ভিদাল পাচ্ছেন ‘২২’ নম্বর জার্সি।