যে কারণে মেসিকে কিনতে পারবে না চেলসি

বাতাসে গুঞ্জন, লিওনেল মেসিকে স্ট্যামফোর্ড ব্রিজে আনার তৎপরতা চালাচ্ছে চেলসি। বন্ধু সেস্ক ফ্যাব্রিগাসও কদিন আগে বললেন, মেসি চেলসিতে এলে তাঁর ভালো লাগবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, চাইলেও ব্লুজদের ডেরায় বার্সেলোনা ফরোয়ার্ডকে ভেড়ানো যাবে না। বিষয়টি জানালেন চেলসি কোচ হোসে মরিনহো।
মরিনহোকে যখন জিজ্ঞেস করা হলো, মেসিকে আনতে পারবেন চেলসিতে?
পর্তুগিজ কোচ পরিষ্কার জানিয়ে দিলেন, ‘না, সে সুযোগ নেই।’
কেন আনা যাবে না? অবশ্যই কারণটা আর্থিক। তবে কি আর্জেন্টিনা অধিনায়ককে আনার সামর্থ্য নেই চেলসির? মরিনহো বিষয়টির ব্যাখ্যা দিলেন এভাবে, ‘কারণ, উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি)। আমাদের এফএফপির কিছু নিয়ম মানতে হয়। টাকার হিসাব-নিকাশও নির্দিষ্ট সংখ্যার মধ্যে রাখতে হয়। জাদুকরি এক খেলোয়াড়কে আকাশচুম্বী দামে কেনার অবস্থায় চেলসি নেই।’
গত মাসেই জানা গিয়েছিল, গত অর্থবছরে এক কোটি চার লাখ পাউন্ড আয় করেছে চেলসি। কিন্তু মেসিকে আনতে হলে চেলসিকে ঢালতে হবে ২০ কোটি ৫০ লাখ ইউরো বা দুই হাজার কোটি টাকারও বেশি। এ অর্থ ব্যয়ের সামর্থ্য যদি চেলসির থেকেও থাকে, তবে তা হবে স্পষ্টত এএফএফের নিয়ম লঙ্ঘন। কারণ, সেটা ক্লাবের আয়ের সঙ্গে কিছুতেই সামঞ্জস্য হবে না। সূত্র: গোলডটকম ও মার্কা।