যে গোলরক্ষকের হাতে চুম্বক!

পেনাল্টি মানেই দুরুদুরু বুকে অপেক্ষা। পেনাল্টি মানেই স্নায়ুর ওপর বড্ড চাপ। তবে এসব চাপ-টাপ বোধ হয় কাজ করে না ডিয়েগো আলভেজের ক্ষেত্রে! যেভাবে প্রতিপক্ষের পেনাল্টি ঠেকিয়ে দেন; প্রশ্ন করতেই পারেন তাঁর গ্লাভসে কি চুম্বক লাগানো? বল জাল নয়, গিয়ে ঠেকে গ্লাভস জোড়ায়! পেনাল্টি ঠেকিয়ে দেওয়ার মতো কঠিন কাজটা কত ‘সহজে’ সামলাচ্ছেন ভ্যালেন্সিয়ার ব্রাজিলিয়ান এ গোলরক্ষক!
বেশির ভাগ সময়ই পেনাল্টিতে হেরে যান গোলরক্ষকেরা, সাফল্যের উল্লাসে মেতে ওঠেন প্রতিপক্ষের খেলোয়াড়েরাই। তবে এ হিসাব খাটবে না আলভেজের ক্ষেত্রে। গত রাতেই ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি ঠেকিয়ে মুগ্ধতার আবেশ ছড়িয়েছেন অনেক ফুটবলপ্রেমীর মধ্যে। এত দারুণ রিফ্লেক্স, বলের ফ্লাইট ও শটের গতিবিধি বোঝার ক্ষমতা, এক কথায় দুর্দান্ত! এরই মধ্যে পেনাল্টি ঠেকানোয় বিশ্বের ১ নম্বর গোলরক্ষক হিসেবে উঠে আসছে তাঁর নাম। কাল শুধু পেনাল্টিই ঠেকাননি, আরও সাতটি সেভ করেছেন, যার কয়েকটিই অবিশ্বাস্য। ২ গোল খাওয়ার পর ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছিল রিয়াল। ভ্যালেন্সিয়াকে ১ পয়েন্ট এনে দিয়েছেন তিনিই।
ক্লাব ক্যারিয়ার শুরু ২০০৪ সালে ব্রাজিলীয় ক্লাব অ্যাটেলিকো মিনেইরোতে। তিন বছরের মিনেইরো-অধ্যায় শেষ করে পাড়ি জমান আটলান্টিকের ওপারে, স্পেনে। ২০০৭ সালে যোগ দেন লা লিগার ক্লাব আলমেরিয়ায়। বছর চারেক সেখানে কাটিয়ে যোগ দেন ভ্যালেন্সিয়ায়। ২০১১ সাল থেকে আছেন এখনো পর্যন্ত। স্পেনে আসার পর গত আট বছরে প্রতিযোগিতামূলক ম্যাচে মোট ৪০টি পেনাল্টির মুখোমুখি আলভেজ। এর অর্ধেকেরও বেশিবার গোল হজম করতে হয়নি তাঁকে।
দুই হাতে পেনাল্টি ঠেকিয়েছেন মোট ১৯টি। একটি লেগেছে পোস্টে, আরেকটি ছিল লক্ষ্যভ্রষ্ট। অর্থাৎ ৪০ গোলের ২১টিই সেভ! এর আগে লিওনেল মেসি, ডিয়েগো কস্তা, মারিও মানজুকিচের মতো এ সময়ের সেরা ফরোয়ার্ডদের পেনাল্টিও ঠেকিয়েছেন। সাধে কি আর ভ্যালেন্সিয়ার সমর্থকেরা আদর করে তাঁকে ডাকে ‘দ্য পেনাল্টি ওয়ারিয়র’!
গত রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ ড্রয়ের পর শিরোপা-স্বপ্ন অনেকটা ধূসর রিয়ালের। আর মৌসুমের শেষ মুহূর্তে রিয়ালের এমন ধাক্কার পেছনে কাজ করেছে আলভেজের ওই চোখ ধাঁধানো সেভ। রিয়ালের জার্সিতে পঞ্চমবারের মতো পেনাল্টি হাতছাড়া করলেন রোনালদো। আর আলভেজ এ দিয়ে দুবার প্রতিহত করলেন রিয়াল ফরোয়ার্ডকে। ২০০৯-১০ মৌসুমে বার্নাব্যুতে আলমেরিয়ার জার্সিতে রোনালদোর পেনাল্টি ঠেকিয়েছিলেন আলভেজ। এমন পারফরম্যান্সে বলতেই পারেন, ও আলভেজ কী জাদু আছে তোমার হাত দুটোয়!
আগামী মাসে ৩০ বছর পূর্ণ হবে। একটু দেরিতেই আলোতে এলেন। তবে ব্রাজিল সমর্থকেরা খুশি হতে পারেন এই ভেবে, আসছে কোপা আমেরিকায় ব্রাজিল দলে খেলবেন তিনি। তথ্যসূত্র: মার্কা।