যে চার ম্যাচে রোনালদোকে পাবে না রিয়াল

ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই কাল বার্সেলোনার বিপক্ষে অনায়াসে জিতেছে রিয়াল মাদ্রিদ। মার্কো এসেনসিও যে নতুন রোনালদো হয়ে উঠেছেন। জিনেদিন জিদানকে আশা করতে হবে, পরের চার ম্যাচেও যেন এসেনসিও এমন দুর্দান্তই থাকেন। রোনালদোকে ছাড়াই যে লিগ শুরু করতে হচ্ছে রিয়ালকে। কাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন রোনালদোর ৫ ম্যাচ নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে।
স্প্যানিশ সুপার কাপের প্রথম ম্যাচে পেনাল্টির আবেদন করে উল্টো ডাইভ দেওয়ার অপরাধে হলুদ কার্ড দেখেছিলেন। সেটি দ্বিতীয় হলুদ কার্ড হয়ে রোনালদোকে লাল কার্ড দেখিয়েছিল। হতাশায় রেফারিকে হালকা ধাক্কা মেরেছিলেন। লাল কার্ডের কারণে এক ম্যাচ, আর ধাক্কার কারণে অতিরিক্ত চার ম্যাচ—সব মিলিয়ে ৫ ম্যাচের শাস্তি পেতে হয় রোনালদোকে। আবেদন করেও লাভ হলো না।
রোববার দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে লিগ শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে রিয়াল। সে ম্যাচে তো বটেই, এরপর নিজেদের মাঠে ভ্যালেন্সিয়া আর লেভান্তের পর রিয়াল সোসিয়েদাদের মাঠে গিয়ে খেলবে রিয়াল। এই চার ম্যাচে খেলতে পারবেন না রোনালদো। ২০ সেপ্টেম্বর রিয়াল বেতিসের ম্যাচ দিয়ে ফিরবেন। তবে এর মধ্যে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে কোনো বাধা থাকবে না। ১২ বা ১৩ সেপ্টেম্বর রিয়ালের প্রথম ম্যাচ পড়ার কথা।
কাল এল ক্লাসিকো শুরুর আগেই এই রায়ের ঘোষণা আসে। রোনালদো ইনস্টাগ্রামে তাঁর প্রতিক্রিয়ায় লেখেন, ‘পুরো ব্যাপারটা হজম করতে পারছি না। ৫ ম্যাচ!! এটা আমার কাছে বাড়াবাড়ি আর হাস্যকর মনে হচ্ছে। একেই বলে যন্ত্রণা! সতীর্থ আর ভক্তদের প্রতি কৃতজ্ঞতা সমর্থন দেওয়ার জন্য!!!’