যে চারজনকে বিক্রি না করলে চলছে না রিয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলকে এখন ফুটবল পায়ে নয়, এভাবেই দেখে অভ্যস্ত রিয়ালের সমর্থকেরা। ছবি: এএফপি
বেলকে এখন ফুটবল পায়ে নয়, এভাবেই দেখে অভ্যস্ত রিয়ালের সমর্থকেরা। ছবি: এএফপি

লা লিগা শিরোপা বুঝে নিয়েছে রিয়াল মাদ্রিদ। নিয়ম বদলানোর ফলে পাওয়া সুযোগটা কাজে লাগিয়ে অপ্রত্যাশিতভাবে স্প্যানিশ সুপার কাপটাও ঘরে তুলেছে জানুয়ারিতে। ফলে বাকি সময়টায় আর যাই হোক না কেন, এবার মোটামুটি সফল মৌসুম কাটাল রিয়াল। সাফল্য ধরে রাখতে এখনই আগামী মৌসুম নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে তারা। এর সেটা করতে তহবিল সংগ্রহের দিকেই নজর দিয়েছে ক্লাবটি।

স্পনসর ও টিভি স্বত্বের এ যুগেও দ্রুত অর্থ সংগ্রহের সবচেয়ে সেরা উপায় খেলোয়াড়। বিক্রি। সে অনুযায়ী খেলোয়াড়ের অভাব নেই রিয়ালে। আগামী মৌসুমে মূল দলের জন্য ৩৭ জনকে পাচ্ছে রিয়াল। ফলে নতুন খেলোয়াড় না আনলেও অন্তত ১২ জন খেলোয়াড়ের জন্য নতুন দল খুঁজে বের করতে হবে লস ব্লাঙ্কোদের। তরুণদের ধারে, আর অপ্রয়োজনীয় ঠেকা ফুটবলারদের বিক্রি করে দেওয়ার কথাই ভাবছে রিয়াল। এর মাঝে যেকোনোভাবেই হোক স্কোয়াড থেকে অন্তত চারজন খেলোয়াড়ের নাম কাটিয়ে নিতে চাইবে দলটি।

সবার আগে নাম থাকবে হামেস রদ্রিগেজের। ২০১৪ বিশ্বকাপের পর যে খেলোয়াড়ের জন্য ক্লাবের দলবদলের রেকর্ডের শীর্ষ তিনে পরিবর্তন এনেছিলেন ফ্লোরেন্তিনো পেরেজ, সেই প্লেমেকার গত তিন মৌসুম ধরেই ব্রাত্য হয়ে পড়েছেন। বর্তমান মৌসুমের শুরুতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও ফেলেছিল ক্লাব। কিন্তু প্রাক মৌসুমে প্রীতি ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে ৭-৩ গোলে হারার পর তাদের আর শক্তিশালী করতে রাজি হয়নি রিয়াল। ফলে মাদ্রিদের এই প্রান্তেই থেকে যান হামেস। মৌসুমের শুরুতে অন্য মিডফিল্ডারদের অনুপস্থিতিতে টানা কয়েক ম্যাচ একাদশে থাকলেও ধীরে ধীরে তাঁর প্রতি আস্থা হারিয়েছেন জিদান। এই কলম্বিয়ানকে বিক্রি করে গত মৌসুমের মতো ৪০ মিলিয়ন পাওয়ার আশা ছেড়ে দিয়েছে রিয়াল। এবার ২৫ মিলিয়ন পেলেই খুশি তাঁরা। কিন্তু ২০১৪ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার ৮ মিলিয়ন ইউরো বেতন দেওয়ার মতো ক্লাব খুব কমই আছে।

রিয়ালের হয়ে এটাই সম্ভবত শেষ ট্রফি হামেসের। ছবি: টুইটার
রিয়ালের হয়ে এটাই সম্ভবত শেষ ট্রফি হামেসের। ছবি: টুইটার

রিয়ালের জন্য হামেসের মতোই মাথাব্যথা হয়ে আছেন গ্যারেথ বেল। ক্লাবের এক সময়কার সবচেয়ে দামি ফুটবলারকে লিগের শেষ ছয় ম্যাচে এক মুহূর্তের জন্য মাঠে নামাননি কোচ। মৌসুমের শুরুতেই তাঁকে ছেড়ে দেওয়ার কথা ছিল ক্লাবের। চীনের এক ক্লাবের সঙ্গে ব্যক্তিগত চুক্তি হয়ে গিয়েছিল ওয়েলশ অধিনায়কের। কিন্তু ১০০ মিলিয়ন ইউরো দিয়ে কেনা এক খেলোয়াড়কে মুফতে ছাড়তে রাজি হননি পেরেজ। অনিচ্ছা সত্ত্বেও তাঁকে নিয়েই মৌসুম শেষ করেছেন জিদান। তবে পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন, আগামী মৌসুমে আর বেলকে দেখতে চান না। কিন্তু বেলের জন্য যত কম অর্থই চাক না কেন রিয়াল, তাঁর বার্ষিক ১৭ মিলিয়ন ইউরো বেতন দেওয়ার ক্ষমতা যে দু-একটি ধনী ক্লাবের আছে, তারা কেউই ফর্ম হারিয়ে ফেলা এমন এক উইঙ্গারকে পেতে চাইবে না।

বেলের পরই যাকে যত দ্রুত সম্ভব ক্লাবের বাইরে দেখতে চাইবে বোর্ড, তিনি হলেন মারিয়ানো ডিয়াজ। রিয়াল একাডেমিতে বেড়ে ওঠা এই স্ট্রাইকারের গল্পটা অদ্ভুত। রিয়াল থেকে লিঁওতে গিয়ে এমনই ফর্ম দেখালেন যে ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ের পর আবার তাঁকে ফিরিয়েছে ক্লাব। চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে অসাধারণ এক গোল করে আশাও জাগিয়েছিলেন। কিন্তু ২০১৮/১৯ মৌসুমের বাকিটা বেঞ্চে বসেই কাটিয়েছেন। জিদান ফেরার পর তো বেঞ্চেও জায়গা হচ্ছিল না। এমন অবস্থায় লিগে প্রথমবারের মতো নামার সুযোগ হয়েছিল বার্নাব্যুর এল ক্লাসিকোতে। মাত্র মিনিট দুইয়ের উপস্থিতিতেই বার্সেলোনার বিপক্ষে গোল করা বুঝিয়ে দেয় তাঁর ক্ষমতা এখনো আছে। কিন্তু কাতালুনিয়ায় জন্ম নেওয়া এই স্ট্রাইকারের খেলার ধরন জিদানের পছন্দের সঙ্গে যায় না। ফলে গত মৌসুমেই তাঁকে ধারে বা বিক্রি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু মারিয়ানো মাদ্রিদ ছাড়তে রাজি হননি।

বার্সেলোনার বিপক্ষে গোল করার এ আনন্দই এ মৌসুমে মারিয়ানোর একমাত্র প্রাপ্তি। ছবি: টুইটার
বার্সেলোনার বিপক্ষে গোল করার এ আনন্দই এ মৌসুমে মারিয়ানোর একমাত্র প্রাপ্তি। ছবি: টুইটার

লুকা ইয়োভিচের গল্পটা আবার ভিন্ন। জার্মান লিগে দারুণ পারফরম্যান্স করায় এ মৌসুমেই সারবিয়ান এই স্ট্রাইকারকে দলে এনেছে রিয়াল। তাও ৬০ মিলিয়ন ইউরো খরচ করে। কিন্তু করিম বেনজেমার ফর্ম ও জিদানের দুই স্ট্রাইকার খেলানোর অনিচ্ছা মিলিয়ে মাঠে নামার সুযোগই পাননি। সে সঙ্গে চোট, আর করোনা ভাইরাস প্রতিরোধের নিয়ম ভেঙে বিতর্কিত হওয়াও তাঁর বিপক্ষে গেছে। স্ট্রাইকার হিসেবে এখনো তাঁকে উঁচু মানের ধরা হয়। বয়সও কম বিধায় তাঁকে পেতে আগ্রহী ক্লাবের অভাব নেই। করোনার ফলে আর্থিক ক্ষতি সামলে নেওয়ার জন্য ইয়োভিচকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে রিয়াল।

সম্ভব হলে এ চারজনকে বিক্রি করে আর্থিক সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করত রিয়াল। কিন্তু হয় খেলোয়াড়ের অনীহা কিংবা আগ্রহী ক্লাবের অভাবে হয়তো এদের ছাড়তে পারবে না রিয়াল। সে ক্ষেত্রে দলে থাকা অন্য খেলোয়াড়দের বিক্রি করার কথা ভাবতে হবে। এ ক্ষেত্রে চুক্তির শেষ পর্যায়ে লুকা মদরিচ, নাচো ও লুকাস ভাসকেজের ক্লাব ছাড়ার সম্ভাবনা আছে। তবে এরা যদি ক্লাবে মূল একাদশে না খেলার অনিশ্চয়তা মেনে নিয়ে থাকতে রাজি থাকেন, তাহলে রিয়াল তাঁদের ক্লাব ছাড়তে বাধ্য করবে না।

এক মৌসুমে দুই গোল করেই রিয়াল ক্যারিয়ার শেষ হচ্ছে ইয়োভিচের? ছবি: টুইটার
এক মৌসুমে দুই গোল করেই রিয়াল ক্যারিয়ার শেষ হচ্ছে ইয়োভিচের? ছবি: টুইটার

দানি সেবায়োস ও আলভারো ওদ্রিওসোলা অতটা আশাবাদী হতে পারছেন না। আপাতত ধারে থাকা এই দুই খেলোয়াড় জিদানের অধীনে ভালো করেননি। সেবায়োস তো জিদানের বিপক্ষে এর আগে কথাও বলেছেন। ধারে খেলতে গিয়ে আর্সেনালে মানিয়ে নিয়েছেন, সেখানে থাকার ইচ্ছের কথা আকারে-ইঙ্গিতে জানিয়েছেন। জিদানেরও এতে আপত্তি থাকার কথা নয়। ওদ্রিওসোলার ক্ষেত্রেও ভালো প্রস্তাব পেলে বিক্রি করে দেবে রিয়াল। বিক্রির তালিকায় আরও থাকবেন ধারে সময় কাটানো অস্কার রদ্রিগেজ, আলবের্তো সোরো (মিডফিল্ডার), জেসুস ভায়েহো (ডিফেন্ডার), বোর্হা মায়োরাল ও হোর্হে দি ফ্রুতুস (ফরোয়ার্ড)।

করোনা পরবর্তী দলবদলের বড় তারকা আপাতত কিনবেন না বলে জানিয়ে দিয়েছেন পেরেজ। তবু দলবদলে ব্যস্ত সময় কাটাতে হবে তাঁকে। কিনতে নয়, বিক্রি করতে।