যে জার্সি অভিশপ্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিশপ্ত জার্সি
অভিশপ্ত জার্সি

কী অভিশাপ জড়িয়ে আছে চেলসির ৯ নম্বর জার্সিটিতে? স্টামফোর্ড ব্রিজের দলটি জার্সিটি অবসরে পাঠানোর কোনো ঘোষণা দেয়নি কখনো। তবে এই নম্বর পরে এখন আর কেউ সেখানে খেলেনও না। অথচ জার্সি নম্বর হিসেবে ‘৯’ কতই না লোভনীয়! কিন্তু দলটির সবচেয়ে বড় স্ট্রাইকার ডিয়েগো কস্তা ৯-এর বদলে বেছে নিয়েছেন ‘১৯’।

খুব বেশি নয়, সময়ে ভর করে একটু পেছনে গেলেই চেলসির ৯ নম্বর জার্সিটির সঙ্গে অভিশাপের একটা গন্ধ পাওয়া যায়। মূলত ক্লদিও রানিয়েরিকে সরিয়ে হোসে মরিনহোকে কোচের দায়িত্ব দেওয়ার পর থেকে। চেলসিতে পর্তুগিজ এই কোচের দুই দফায় সাতজন স্ট্রাইকার ৯ নম্বর জার্সি পরে খেলেছেন। চেলসিতে নাম লেখানোর আগে তাদের প্রত্যেকেই তাদের আগের ক্লাবে ছিলেন গোলের মধ্যে। কিন্তু চেলসিতে নাম লেখানোর পর পেয়ে বসে গোল-খরা!

মাতেজা কেজম্যান: চেলসিতে মরিনহোর প্রথম ৯ নম্বর জার্সির খেলোয়াড় সার্বিয়ার সাবেক এই স্ট্রাইকার। চার বছরে পিএসভি আইন্দহোফেনের হয়ে ১৭৬ ম্যাচ খেলে ১২৯ গোল করেন কেজম্যান। ডাচ ক্লাবটিতে নিজের সর্বশেষ মৌসুমেও ৪৩ ম্যাচ খেলে করেছিলেন ৩৮ গোল। তবে ২০০৪ সালে চেলসিতে নাম লেখানোর পর কেমন যেন হয়ে গেলেন! সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪১টি ম্যাচ খেলে করতে পারেন মাত্র সাতটি গোল। মরিনহোও তাঁকে এক মৌসুমের বেশি রাখার দরকার মনে করেননি। ২০০৫ সালে অ্যাটলেটিকো মাদ্রিদে নাম লেখান। পিএসভির সেই গোলের ধারা আর ফিরে না পেলেও চেলসির মতো অতটা খরাও ছিল না।

হারনান ক্রেসপো: কেজম্যান গেলেন, দৃশ্যপটে এলেন ক্রেসপো। খুব বেশি পাচ্ছিলেন না, তবে ইতালির ক্লাব এসি মিলানে ভালোই খেলছিলেন। ২০০৪-০৫ মৌসুমে ৪০ ম্যাচ খেলে গোল পেয়েছিলেন ১৮টি। পরের মৌসুমে চেলসিতে নাম লেখান। একটি মৌসুমই খেলেন। ৪২ ম্যাচ খেলে করেন ১৩ গোল। ইন্টার মিলানে নাম লিখিয়ে পরের মৌসুমেই ৪০ ম্যাচ খেলে করেন ২০ গোল।

খালিদ বোলারুজ: হামবুর্গ এসভি থেকে খালিদ বোলারুজ চেলসিতে নাম লেখান ২০০৬ সালে। মরিনহো ৯ নম্বর জার্সিটি তাঁর হাতেই তুলে দেন। বোলারুজকে ৯ নম্বর জার্সি দেওয়ায় সেই সময়ে বিস্মিত হয়েছিলেন ফুটবল অনুরাগীদের অনেকেই। বোলারুজ যে ছিলেন একজন ডিফেন্ডার! মরিনহোর কাছে হয়তো এটিকেই মনে হয়েছিল শাপ মোচনের উপায়!

স্টিভ সিডওয়েল: ৯ নম্বর জার্সির হাতবদল হয় দুই বছর পর। তবে কোনো স্ট্রাইকারের কাছে ফেরে না সেটা। একজন ডিফেন্ডার হয়ে জার্সিটি পান একজন মিডফিল্ডার-ইংল্যান্ডের মিডফিল্ডার স্টিভ সিডওয়েল।

ফ্রাঙ্কো ডি সান্তো: চেলসিতে কোনো স্ট্রাইকারের গায়ে ৯ নম্বর জার্সিটি আবার ওঠে ২০০৮ সালে। স্ট্রাইকারের কাছে ৯ নম্বর জার্সিটি যে শাপমোচন ছাড়াই ফিরেছিল সেটা স্পষ্ট হয়ে যায় পরে। চেলসির হয়ে ১৬টি ম্যাচ খেললেও কোনো গোল পাননি ফ্রাঙ্কো ডি সান্তো!

ফার্নান্দো তোরেস: তোরেস যখন চেলসিতে নাম লেখান, মরিনিহো তখন দায়িত্বে ছিলেন না। ২০১০-১১ মৌসুমে দলটির হয়ে ১৮ ম্যাচ খেলে একটি গোল করেন। পরের মৌসুমে ৪৯ ম্যাচে ১১। ২০১২-১৩ মৌসুমে ৬৪ ম্যাচ খেলে করেন ২২ গোল। ২০১৩ সালে দ্বিতীয়বারের মতো চেলসির দায়িত্ব নেন মরিনহো। তোরেসের গোলগুলোও যেন কোথায় হারিয়ে গেল! ২০১৩-১৪ মৌসুমে ৪১ ম্যাচ খেলে করেন ১১ গোল।

রাদামেল ফ্যালকাও: বড় আশা করে রাদামেল ফ্যালকাওকে নিয়ে এসেছিল চেলসি। চেলসির ৯ নম্বর জার্সিটি পরেন ফ্যালকাও। ক্লাবটির হয়ে ১২টি ম্যাচ খেলেন কলম্বিয়ার স্ট্রাইকার। মাত্র একবারই লক্ষ্যভেদ করতে পেরেছেন। দশম স্থানে থেকে গত মৌসুমে লিগ শেষ করে চেলসি। মৌসুম শেষের অনেক আগেই মরিনহোকে বিদায় করে স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি। ফ্যালকাও ফিরে যান তার পুরোনো ক্লাব মোনাকোতে। সেখানে ৯ নম্বর জার্সিই পরছেন। চলতি মৌসুমে খেলা ১৬ ম্যাচে করেছেন ১৪ গোল। অভিশাপটা চেলসিরই, তাঁর নয়!