যে দলের দাম ৫ হাজার ৯৪১ কোটি টাকা

গঞ্জালো হিগুয়েইনের দাম ৭৭৭ কোটি টাকা! ক্লাব ফুটবলের খোঁজ না নিয়ে শুধু আর্জেন্টিনার খেলা দেখলে অবিশ্বাস্য ঠেকতেই পারে। কিন্তু ক্লাব ফুটবলে অসাধারণ খেলছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। আর এ কারণেই ইতালিয়ান দলবদলের নতুন রেকর্ড গড়ে নাপোলি থেকে নিজের ডেরায় তাঁকে নিয়ে এল জুভেন্টাস। বিশ্বের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ দামি ফুটবলারই এখন হিগুয়েইন।
হিগুয়েইনের দলবদলের খবর নিশ্চিত হওয়ার পরই স্কাই স্পোর্টস সর্বকালের সবচেয়ে দামি দল নির্বাচিত করেছে। দামের অঙ্কে নয়, মাঠের প্রতিটি পজিশনের সবচেয়ে বেশি বিক্রি হওয়া খেলোয়াড়দের নিয়ে বানানো হয়েছে এই দল। অর্থাৎ, একটি একাদশ গড়তে যে যে খেলোয়াড়কে প্রয়োজন পড়ে, গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার, ফরোয়ার্ড—ওই পজিশনগুলোতে কে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন, এমন ১১ জন আছেন এই তালিকায়। আর সবচেয়ে দামি এই দলকে সাজানো হয়েছে ৪-২-৩-১ ফরমেশনে। দেখা যাক কে কে সুযোগ পেলেন এই দলে—
জিয়ানলুইজি বুফন: একজন গোলরক্ষকের জন্য সর্বোচ্চ কত খরচ করা যায়? ক্লদিও ব্রাভোর মতো গোলরক্ষকের জন্য বার্সেলোনার খরচ হয়েছিল মাত্র ৯৭ লাখ পাউন্ড, অর্থাৎ প্রায় ১০০ কোটি টাকা। অথচ আজ থেকে ১৫ বছর আগে জিয়ানলুইজি বুফনের জন্য জুভেন্টাসের ট্যাঁক থেকে খসেছিল ৩৩৬ কোটি টাকা (৩২.৬ মিলিয়ন পাউন্ড)! একজন গোলরক্ষক তো দূরে থাক, একজন স্ট্রাইকারের জন্যও এতটা খরচ করার কথা কেউ তখন ভাবতে পারত না। জুভেন্টাস ভেবেছিল এবং সেটির সুফলও পেয়েছে তারা। একজন গোলরক্ষকের জন্য এটাই দলবদলের রেকর্ড হয়ে আছে।
লিলিয়ান থুরাম ও লুক শ: রাইট ও লেফট ব্যাক হিসেবে এ দলে আছেন এ দুজন। ২০০১ সালেই পার্মা থেকে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন থুরাম। তাঁর জন্য ২২৭ কোটি টাকা খরচ করেছিল জুভেন্টাস। মাঠের বাঁ প্রান্তে তাঁর সঙ্গী শর জন্য ম্যানচেস্টার ইউনাইটেড সাউদাম্পটনকে দুই বছর আগে দিয়েছে ২৮৯ কোটি টাকা।
ডেভিড লুইজ ও রিও ফার্ডিন্যান্ড: সেন্টার ডিফেন্সে আছেন লুইজ ও ফার্ডিন্যান্ড। প্যারিস সেন্ট জার্মেই চেলসি থেকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুইজকে দলে টেনেছে ৪১২ কোটি টাকায় (৪০ মিলিয়ন পাউন্ড)। আর আজ থেকে ১৪ বছর আগে ইউনাইটেড ফার্ডিন্যান্ডকে পেতে খরচ করেছিল প্রায় ৩০০ কোটি টাকা!

জিনেদিন জিদান ও হামেস রদ্রিগেজ: মিডফিল্ডে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের দুই প্রজন্মের দুই তারকা। ২০০১ সালে দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে জুভেন্টাস থেকে জিদানকে দলে টেনেছিল রিয়াল। তাঁর দলবদলের অঙ্কটা ছিল ৪৮৭ কোটি টাকা (৪৭.২ মিলিয়ন পাউন্ড)। আর ২০১৪ সালে হামেসকে দলে টানতে রিয়াল খরচ করেছিল ৬৪৯ কোটি টাকা (৬৩ মিলিয়ন পাউন্ড)। রিয়ালের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দামি ফুটবলার তিনি।
গ্যারেথ বেল, নেইমার ও রোনালদো: এবার আক্রমণ ভাগে আসা যাক। ২০১৩ সালে ৮৭৯ কোটি টাকায় (৮৫.৩ মিলিয়ন পাউন্ড) বিশ্ব রেকর্ড গড়ে টটেনহাম থেকে বেলকে দলে এনেছে রিয়াল। বেলকে আনতে রোনালদোর রেকর্ড ভেঙেছে রিয়াল। পর্তুগিজ মহাতারকাকে আনতে ইউনাইটেডকে ৮২৫ কোটি টাকা (৮০ মিলিয়ন পাউন্ড) দিয়েছে স্প্যানিশ দলটি। আর ২০১৩ সালে নেইমারকে আনতে সব মিলিয়ে বার্সেলোনার খরচ হয়েছে ৭৬০ কোটি টাকা (৭৩.৭ মিলিয়ন পাউন্ড)।
এবং হিগুয়েইন: এই দলের একমাত্র স্ট্রাইকার হিসেবে আছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। তাঁকে দলে পেতে ৭৫.৩ মিলিয়ন পাউন্ড খরচ করেছে জুভেন্টাস; যা আগের রেকর্ডের চেয়ে ১০ মিলিয়ন পাউন্ড বেশি (লুইস সুয়ারেজের জন্য এ অর্থ দিয়েছিল বার্সেলোনা)।
তাহলে দলবদলের বাজারে সবচেয়ে দামি দলের মূল্য দাঁড়াচ্ছে...
‘মাত্র’ ৫৯৪১ কোটি টাকা! বেশ অল্পই!