মুখে কী বলছে কিছুই বোঝা যাচ্ছে না। কাছে গিয়েও না। একজনের সাহায্যে জানা গেল, একদল কিশোর স্লোগান দিচ্ছে, ‘কক্সবাজার’, ‘কক্সবাজার’। আঞ্চলিক টানে উচ্চারণটা মনে হচ্ছিল ‘হক্সবাজার’, ‘হক্সবাজার।’ বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে বেরিয়ে ওই কিশোরদের এমন উল্লাসে মেতে ওঠার কারণটা জানাই। একটু আগে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজারের পেকুয়ার টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মেয়েদের বিভাগে চ্যাম্পিয়নরা মিছিল করবে না, তা কি হয়! ওদেরও একটা দল স্টেডিয়াম চত্বরে নেমে পড়ল স্লোগান মুখে। এ দলটি বলছে ‘পাটগ্রাম’, ‘পাটগ্রাম’। মানে লালমনিরহাটের পাটগ্রামের টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে।
একই দিনে দুটি চ্যাম্পিয়নকে বরণ করল বঙ্গবন্ধু স্টেডিয়াম, যেখানে খেলা দূরের কথা পা রাখাই খুদে এসব ছেলেমেয়ের জন্য বড় এক রোমাঞ্চ। তার ওপর চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মিছিল করে গোটা এলাকা সরগরম করে ফেলল দল দুটি।
ততক্ষণে বিদায়ের সুর বেজেছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা টুর্নামেন্ট ২০১৬-এর। খালি হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের টইটম্বুর গ্যালারি। প্রায় ৩০ হাজার স্কুল ছাত্রছাত্রীর উপস্থিতিতে যে গ্যালারি দুপুর থেকেই উৎসবমুখর। তাতে ভরদুপুরেও থাকল ফাইনালের সত্যিকারের উত্তাপ। প্রাথমিক স্কুলের ছেলেদের ফাইনাল যে চ্যাম্পিয়ন বেছে নিতে সাডেন ডেথ পর্যন্ত গড়াতে পারে, তা দেখার শিহরণটা থাকল আলাদাই। নির্ধারিত ৫০ মিনিট ১-১ শেষে সরাসরি টাইব্রেকার। প্রথমে ৪-৪। তারপর সাডেন ডেথে ৫-৪ গোলে টৈটং হারাল সিলেটের জৈন্তাপুরের কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।
বেলা সাড়ে তিনটায় শুরু মেয়েদের ফাইনালে অবশ্য কোনো নাটকীয়তা ছিল না। অনেক বাধা পেরিয়ে শেষ লড়াইয়ে আসা রাজশাহীর বড়বাড়িয়া স্কুল ১-০ গোলে হেরে গেল টেপুরগাড়ীর কাছে। ১০ মিনিটে মিতু আক্তারের গোলটি ধরে রেখে বঙ্গমাতা টুর্নামেন্টে এই প্রথম চ্যাম্পিয়ন পাটগ্রামের স্কুলটি।
মেয়েদের বিভাগে গত তিনবারের চ্যাম্পিয়ন ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর স্কুল এবার বিভাগীয় পর্যায়েই বিদায় নেওয়ায় নতুন চ্যাম্পিয়ন পেল এই টুর্নামেন্ট। ছেলেদের বিভাগেও নতুন চ্যাম্পিয়ন। যদিও এ স্কুলটি গতবারের চ্যাম্পিয়ন রাজাখালী সরকারি প্রাথমিক স্কুলের পাশেই। পেকুয়া উপজেলার তিনটি স্কুল টানা ফাইনাল খেলল।
টুর্নামেন্টে ছেলেদের বিভাগে সেরা খেলোয়াড় টৈটংয়ের আবু হানিফ নোমান। একই দলের অধিনায়ক মিনারউদ্দিন সর্বোচ্চ গোলদাতা। মেয়েদের বিভাগে সেরা খেলোয়াড় চ্যাম্পিয়ন দলের মিতু আক্তার। এসব পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে নিতে পারার স্মৃতিটা কোনো দিনই ভুলবে না ওরা।
সেটা টের পাওয়া গেল কাঁপা কাঁপা গলায় জানানো ওদের অনুভূতিতেই। ছেলেদের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মিনারউদ্দিন বলল, ‘প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখেছি, এতেই মনে হয় সব পেয়ে গেছি।’
দেশের ফুটবল-তীর্থে, যেখানে মেসির মতো ফুটবলারের পা পড়েছে, সেই মাঠে সেই ঘাসে পা ছুঁইয়ে এই ছেলেমেয়েরা ফিরে গেল আপন ঠিকানায়। চোখে আঁকল ফুটবলার হওয়ার স্বপ্ন। বঙ্গমাতা ও বঙ্গবন্ধু টুর্নামেন্ট ফুটবলার তুলে আনার বিশাল এক সিঁড়ি হয়ে উঠেছে। ফুটবলার তৈরির দায়িত্ব এখন ক্লাব, ফুটবল ফেডারেশনসহ সবার।