যে পাঁচ কারণে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

>সাফে আজ সন্ধ্যায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জয় পেলেই জামাল ভূঁইয়ার দলের নিশ্চিত হয়ে যাবে সেমিফাইনাল। ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু, তা বিশ্লেষণ করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক কোচ সাইফুল বারী টিটু। জানিয়েছেন, পাঁচ কারণে আজ পাকিস্তানকে হারাতে পারে বাংলাদেশ
হাই প্রেসিং ফুটবল
ব্রিটিশ কোচ জেমি ডের অধীনে এশিয়ান গেমস থেকে শুরু করে সাফে ভুটানের বিপক্ষেও দেখা গিয়েছে হাইপ্রেসিং ফুটবল। অর্থাৎ প্রতিপক্ষ দলকে নিচ থেকে বিল্ডআপ খেলতে বাধা দেওয়া। প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে বল গেলেই যত দ্রুত তা কেড়ে নেওয়ার চেষ্টা ও সামনের পাসিং অপশনগুলো বন্ধ করে দেওয়া। সাম্প্রতিক সময়ে যে কাজটা বাংলাদেশ খুব ভালো করে দেখাতে পারছে।
তারুণ্য
প্রথম একাদশে মাঠে নামা সাতজনের বয়স ২২–এর নিচে। যারা নিজেদের প্রমাণ করতে মুখিয়ে আছে। ফলে এশিয়ান গেমস থেকে শুরু করে সাফেও ছন্দে আছে বাংলাদেশ। তরুণেরা পুরো মাঠ চষে বেড়াচ্ছেন। হার মেনে না নেওয়ার মানসিকতার প্রমাণ দেখাচ্ছে বারবার। পাকিস্তান দলের বেশির ভাগ খেলোয়াড়ের বয়সই ২৬-এর ওপরে। পরিসংখ্যান বলবে তাঁরা অভিজ্ঞ। কিন্তু তাঁদের পরীক্ষা নেওয়ার জন্য ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছেন বাংলাদেশের তরুণেরা।
আবহাওয়া
পাকিস্তান দলের বেশির ভাগ খেলোয়াড়ই ইউরোপীয় বংশোদ্ভূত। যাঁরা ইউরোপের বিভিন্ন দেশে লিগ খেলতে খেলতেই সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে এসেছেন। ফলে বাংলাদেশের গরম আবহাওয়া তাঁদের বেশ পরীক্ষাতেই ফেলতে পারে। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ গোলে জিতলেও বল দখল বা গোলের সুযোগ তৈরিতে নেপালিদের চেয়ে অনেক পিছিয়ে ছিল পাকিস্তানিরা। এ ছাড়া গরমে কয়েকজনকে খেলোয়াড়কে হাঁসফাঁস করতেও দেখা গিয়েছে। বেশ কয়েকবার সাইডলাইনে এসে ঘাড়ে, মুখে পানি ছিটিয়েছেন তাঁরা। এই ব্যাপার আজ বাংলাদেশের জন্য সুবিধা হয়ে দেখা দিতে পারে।
সুফিলের গোল পাওয়া
বাংলাদেশ দলের নম্বর নাইন মাহবুবুর রহমান সুফিল প্রথম ম্যাচেই গোল পেয়েছেন। সে কারণেই তাঁর আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ভুটানের বিপক্ষে ম্যাচটি ছিল জাতীয় দলের জার্সিতে তাঁর দ্বিতীয় ম্যাচ। এর আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লাওসের বিপক্ষে অভিষেক ম্যাচেও গোল করেছিলেন । জাতীয় দলের জার্সিতে টানা দুই ম্যাচে গোল করা সুফিলের গোলের খিদে আছে, এটা বলাই যায়। এ ছাড়া এশিয়ান গেমসে থাইল্যান্ডের বিপক্ষেও তিনি গোল পেয়েছেন । পাকিস্তানের ব্রাজিলের কোচ জানিয়েই দিয়েছেন, তাঁরা নাকি সুফিলকে নিয়ে একটু বাড়তি বিশ্লেষণই করবেন।
সেটপিসে উন্নতি
পাকিস্তানের খেলোয়াড়েরা শারীরিকভাবে লম্বা ও শক্তিশালী হওয়ায় সেটপিসে সুবিধা আদায় করে নেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ডেড বল পরিস্থিতিতে বেশ ভালো উন্নতি করেছে বাংলাদেশ। রক্ষণ করার সময় কে ম্যান মার্কিং করবে, আর কে জোন ব্লক করবে, তপু বর্মণ-বাদশাদের মধ্যে বিষয়টি এখন পরিষ্কার। ফলে সেটপিস–জুজুটা বাংলাদেশ শিবিরে আর নেই।