যে পাঁচ কারণে রোনালদোই জিতবেন ব্যালন ডি'অর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও রোনালদোর হাতেই ব্যালন ডি’অর?
আবারও রোনালদোর হাতেই ব্যালন ডি’অর?

লিওনেল মেসি, ম্যানুয়েল নয়্যার, নাকি ক্রিস্টিয়ানো রোনালদো। ফিফা ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া তিনজনের পক্ষেই আছে ভালো যুক্তি। নিজের আগের মৌসুমগুলোর তুলনায় ভালো না গেলেও ইনজুরি-জর্জর মৌসুমে মেসি আর্জেন্টিনাকে নিয়ে গিয়েছিলেন বিশ্বকাপ ফাইনালে। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও হয়েছেন। নয়্যার তো সেখানে বিশ্বকাপই জিতেছেন। জাতীয় দলের হয়ে আলো ছড়াতে না পারলেও রোনালদো ক্লাব মৌসুমটাকে একার করে নিয়েছেন। সব মিলিয়ে বাজির দরে বেশির ভাগের চোখে রোনালদোই এগিয়ে। আসুন জেনে নিই, যে পাঁচটি কারণ রোনালদোকে এগিয়ে রেখেছে সবার আগে—

এক. অবিশ্বাস্য একটা বছর
মেসির মতো ইনজুরি সমস্যায় ভুগেছেন রোনালদো নিজেও। কিন্তু তার পরও ক্লাব ও জাতীয় দলের হয়ে ২০১৪ সালের নভেম্বর পর্যন্ত ৫৫ ম্যাচ খেলে ঠিক ৫৫ গোল করেছেন। গোল সহায়তা আছে ১৯টি। গোল সংখ্যায় মেসির বছরটাও কিন্তু সব মিলিয়ে দারুণ। তবে রোনালদোর চেয়ে পিছিয়েই আছেন তিনি। ৬২ ম্যাচ খেলে করেছেন ৫২ গোল। গোল করিয়েছেন ২১টি। রোনালদোর সঙ্গে গোল ব্যবধানটা মেসি অনেকটাই কমিয়ে এনেছেন গত কয়েকটা ম্যাচে। চার দিনের ব্যবধানে টানা দুটো হ্যাটট্রিক করে ভেঙেছেন স্প্যানিশ লিগ ও চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। মেসির এই ঝলসে ওঠা হয়তো ব্যালন ডি’অরের ভোটারদের প্রভাবিত করত। কিন্তু মেসির জন্য সমস্যা হলো, ভোট দেওয়ার শেষ তারিখ পেরিয়ে গিয়েছিল তার আগেই।

দুই. লা ডেসিমা
এক-দুই বছর নয়, অপেক্ষাটা দীর্ঘ এক যুগের। বিস্ময়টা আরও বাড়ছিল, দলটা ইউরোপের সবচেয়ে সফল দল বলেই। রেকর্ড সংখ্যকবার চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়াল মাদ্রিদই এই টুর্নামেন্টটায় ব্যর্থ হচ্ছিল বারবার। ২০০২ সালের পর রিয়ালকে আবার এই গৌরব এনে দিয়েছেন রোনালদো। বিশ্বকাপে পর্তুগাল প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু ক্লাব সাফল্য বিবেচনায় রোনালদোই এগিয়ে সবার থেকে।

তিন. ধারাবাহিকতা
বছরজুড়ে রোনালদো ছিলেন আশ্চর্য রকমের ধারাবাহিক। সব সময়ই পাদপ্রদীপের আলোটা নিজের ওপর টেনে নিয়েছেন। এই বছর রিয়ালের হয়ে নিজের হ্যাটট্রিকের রেকর্ডটা ২৬-এ উন্নীত করেছেন। আলফ্রেডো ডি স্টেফানোর রেকর্ডটা থেকে মাত্র দুটো হ্যাটট্রিক পেছনে আছেন রোনালদো। এর মধ্যে লা লিগায় রোনালদোর হ্যাটট্রিক ২২টি। যেখানে ডি স্টেফানোর রেকর্ড তিনি ছুঁয়েই ফেলেছেন। এই বছর তিনটি ট্রফি জিতেছেন। কোপা ডেল রে, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ। এই তিনটি টুর্নামেন্টের দুটোর ফাইনালেই গোল করেছেন।

চার. চ্যাম্পিয়নস লিগের রেকর্ড
গত বছর করা রোনালদোর রেকর্ডগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল চ্যাম্পিয়নস লিগের রেকর্ডটি। এক আসরেই রোনালদো ১৭ গোল করেছেন, মাত্র ১৩ ম্যাচে। মেসির রেকর্ডটি শুধু ভাঙেননি, সেটিকে আরও অস্পর্শনীয় উচ্চতায় নিয়ে গেছেন। শুধু চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা নয়, রোনালদো ছিলেন গত মৌসুমের লা লিগার সর্বোচ্চ গোলদাতা। জিতেছেন পিচিচি ট্রফি। এ ছাড়া ইউরোপের সব কটি লিগ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতার যে পুরস্কার, সেই গোল্ডেন শুও জিতেছেন রোনালদো।

পাঁচ. মেসি-নয়্যার যেখানে পিছিয়ে
গুরুত্বপূর্ণ স্প্যানিশ সুপার কাপ ছাড়া মেসি এ বছর কোনো ট্রফিই জেতেননি। সেই সুপার কাপও মেসি নয়, নেইমার-ঝলকে জিতেছিল বার্সা। এল ক্লাসিকোতে মেসির রেকর্ডটা অবিশ্বাস্য হলেও এ বছর রিয়াল মাদ্রিদের সঙ্গে মুখোমুখি ম্যাচগুলোতে কেন জানি মেসি সে রকম জ্বলে উঠতে পারেননি। মেসির নিষ্প্রভতার কারণেই বার্সাকে হটিয়ে গতবার স্প্যানিশ লিগ জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। নয়্যার সেদিক দিয়ে কিন্তু অনেক সফল ছিলেন। গত বছরের শেষপ্রান্তে ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন। এ বছর জিতেছেন জার্মান লিগ ও জার্মান কাপ। সবচেয়ে বড় কথা, বিশ্বকাপ জেতাতে রেখেছেন বড় ভূমিকা। কিন্তু এই বাস্তবতা সত্যি, গোলরক্ষক হয়ে রোনালদো-মেসির জনপ্রিয়তার সঙ্গে তার টক্কর দেওয়া আসলেই কঠিন। আর ফিফা ব্যালন ডি’অরে যেহেতু সারা বিশ্বের ফিফা সদস্য দেশগুলোর অধিনায়ক, কোচ ও একজন সাংবাদিক ভোট দেন, সেখানে জনপ্রিয়তা অনেক বড় একটা বিষয়।