যে পাঁচ দলবদল 'ক্ষত' হয়ে আছে বার্সার
নেইমার চলেই যাচ্ছেন। অন্তত প্যারিসের সংবাদমাধ্যমের দাবি মানলে, কয়েক দিনের মধ্যেই পিএসজির জন্য স্বাস্থ্য পরীক্ষা দেবেন। মাত্র এক মাস আগেই যা অকল্পনীয় ছিল, সেটাই এখন সত্য বলে মেনে নিতে হচ্ছে বার্সেলোনাকে। নেইমারকে ছাড়াই ভবিষ্যতের ছবি আঁকতে হবে কাতালান ক্লাবটিকে। মেসির উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছিল যাঁকে, তাঁর এমন বিদায় বিশাল ধাক্কা হয়ে এসেছে বার্সেলোনার জন্য।
নেইমারের এমন আচরণ বার্সেলোনা-সমর্থকেরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এখনো অনেকেই আশায় আছেন—নেইমার হয়তো শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টাবেন। মেসি-সুয়ারেজদের সঙ্গী হিসেবেই থেকে যাবেন বার্সেলোনায়। নাটক কোন দিকে মোড় নেবে, এটি ভবিষ্যতে জানা গেলেও আপাতত একটু অতীতে ফিরে যাওয়া যাক। অন্তত পাঁচজন খেলোয়াড়ের দলবদল বার্সেলোনা-সমর্থকদের পোড়ায় আজও।

১. ডি স্টেফানো
প্রথমেই বলে নেওয়া ভালো, বার্সেলোনার জার্সিতে কখনো খেলা হয়নি আলফ্রেডো ডি স্টেফানোর। অথচ কাতালান ক্লাবের সেরা ফুটবলারই হতে পারতেন এই ক্ষণজন্মা আর্জেন্টাইন। পঞ্চাশের দশকের শুরুতে তাঁর সঙ্গে চুক্তি করে ফেলেছিল বার্সেলোনা। রিভার প্লেটের সঙ্গে দলবদলের ব্যাপারে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাও সেরে ফেলেছিল তারা। কিন্তু কলম্বিয়ান ক্লাব মিলোনারিয়স বাধায় সমস্যা। ডি স্টেফানোর ওপর তাদের একধরনের অধিকার ছিল। কলম্বিয়ার এই ক্লাবের সঙ্গে বনিবনা না হওয়ায় ডি স্টেফানোর সঙ্গে বার্সেলোনার চুক্তিটা মূল্যহীন হয়ে পড়ে। রিয়াল মাদ্রিদ সে সুযোগটাই নিয়েছিল। তবে এটা নিয়ে ঝামেলা হয়েছিল রিয়াল ও বার্সার মধ্যে। ডি স্টেফানোকে নিয়ে দুই দলের ঝামেলা মেটাতে অদ্ভুত এক প্রস্তাব দেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন—এক বছর অন্তর অন্তর বার্সা ও রিয়ালে খেলবেন ডি স্টেফানো! এভাবে চার মৌসুম খেলোয়াড় ভাগাভাগির প্রস্তাব বার্সা মেনে নেয়নি। সেই স্টেফানো রিয়ালকে পরবর্তী সময়ে উপহার দেন ‘স্বর্ণযুগ’। জিতিয়েছেন টানা পাঁচ চ্যাম্পিয়নস লিগ! পরলোকে চলে যাওয়া ডি স্টেফানোর প্রসঙ্গ এখনো বিষণ্ন করে দেয় বার্সা-সমর্থকদের।

২. ম্যারাডোনা
দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে ডিয়েগো ম্যারাডোনাকে দলে টেনেছিল বার্সেলোনা। তার প্রতিদানও দিচ্ছিলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি। বার্নাব্যুতে রিয়াল-সমর্থকদের দাঁড়িয়ে সম্মান জানাতে বাধ্য করা প্রথম বার্সেলোনা ফুটবলার ছিলেন তিনি। কিন্তু তাঁর উচ্ছৃঙ্খল আচরণ ও উদ্দাম জীবনযাপন ক্ষুব্ধ করে তুলেছিল বার্সা কর্মকর্তাদের। ফলে মাত্র দুই মৌসুম খেলার পরই ম্যারাডোনাকে বিক্রি করে দেয় তারা। বার্সেলোনা থেকে নাপোলিতে গিয়েই নিজের সেরা রূপটা বিশ্বকে দেখিয়েছিলেন আর্জেন্টিনাকে সবশেষ বিশ্বকাপ জেতানো এই তারকা।

৩. রোনালদো
আরেকটি বিশ্ব রেকর্ড এবং আরেকটি হতাশার গল্প। ১৯৯৬-৯৭ মৌসুমে রেকর্ড গড়ে বার্সেলোনায় এসেছিলেন ব্রাজিলীয় স্ট্রাইকার রোনালদো। নিজের জাত চেনাতে সময় নেননি একদমই। ৪৯ ম্যাচে ৪৭ গোল (সে সময়ের তুলনায় প্রায় অসম্ভব এক রেকর্ড), মাত্র ২০ বছর বয়সে ফিফার বর্ষসেরা খেলোয়াড়—কী করেননি তিনি! একটা রত্নই যেন পেয়ে গিয়েছিল বার্সা। কিন্তু ক্লাব সভাপতির আচরণ ও চুক্তি নিয়ে মিথ্যাচারে ক্ষুব্ধ হয়ে ক্লাব ছাড়েন রোনালদো। আরেকটা হতাশার কাহিনি লেখা হয় বার্সেলোনার ইতিহাসে।

৪. মাইকেল লাউড্রপ
ইয়োহান ক্রুইফের স্বপ্নের বার্সেলোনা দলের সদস্য ছিলেন এই ডেনিশ মিডফিল্ডার। পাঁচ বছর দাপটের সঙ্গেই খেলেছেন। চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, লা লিগার শিরোপা জিতেছেন টানা চারটি। সেই লাউড্রপ কিনা ক্রুইফের সঙ্গে রাগ করে চলে গেলেন রিয়াল মাদ্রিদে! বার্সা-সমর্থকদের কষ্ট বাড়াতেই কিনা বার্সেলোনাকে ৫-০ গোলে হারালেন রিয়ালের জার্সিতে! রিয়ালকে প্রথম মৌসুমেই জিতিয়ে দিলেন লা লিগা!

৫. লুইস ফিগো
লাউড্রপকে বার্সা-সমর্থকেরা মাফ করে দিয়েছেন, কিন্তু লুইস ফিগোর সে সৌভাগ্য হয়নি। বার্সেলোনা-সমর্থকদের কাছে পর্তুগিজ তারকা এখনো ‘জুডাস’ (প্রতারক)। দলের প্রাণভোমরা, দলের সবচেয়ে ভালোবাসার পাত্রের এমন ধোঁকা কে সহ্য করতে পারে? দলবদলের কিছুদিন আগেও পর্তুগিজ মিডফিল্ডার সবাইকে আশ্বস্ত করেছিলেন, ‘আমি কোথাও যাচ্ছি না।’ সেই ফিগো সবাইকে স্তব্ধ করে বিশ্ব রেকর্ড গড়ে চলে গেলেন চিরপ্রতিদ্বন্দ্বীদের ডেরায়! রিয়ালের জার্সিতে এরপর যখনই ন্যু ক্যাম্পে ফিরেছেন ফিগো, সমর্থকদের ‘ভালোবাসা’ টের পেয়েছেন। তাঁকে উদ্দেশ্য করে ‘শূকরের মাথা’ও ছোড়া হয়েছিল মাঠে! ফিগো এখনো বার্সার জন্য দগদগে এক ক্ষত।