যে বার্তা পেল বাংলাদেশ
আন্তর্জাতিক ফুটবল দেখতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভিআইপি বক্সে নিয়মিতই আসেন সাবেক ফুটবলাররা। কিন্তু কাল নেপাল-বাহরাইন ম্যাচটা দেখতে সেখানে ছিল অতিথিদের ভিড়। স্ত্রী-সন্তানসহ নেপাল আর বাহরাইন দূতাবাসের অনেক কর্মকর্তা দেখলেন বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল। ঘরের মাঠে দর্শক হয়ে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। মাঠে তাই বাংলাদেশের সাবেক ফুটবলারদের খুব একটা পাওয়া যায়নি।
বাড়িতে বসে টেলিভিশনে খেলা দেখেছেন জাতীয় দলের সাবেক ফুটবলার এবং মোহামেডানের কোচ জসিমউদ্দিন জোসি। তাঁর বিচারে নেপালই টুর্নামেন্টের যোগ্য চ্যাম্পিয়ন, ‘যোগ্য দল হিসেবেই জিতেছে নেপাল।’ অথচ এই নেপাল এই টুর্নামেন্টে এসেছে তরুণতর একটি দল নিয়ে। এসএ গেমসের প্রস্তুতিই যাদের মূল লক্ষ্য ছিল। এই একই লক্ষ্যে বাংলাদেশ খেলিয়েছে অলিম্পিক দলকে। বাংলাদেশের যুবারা বাদ পড়ল গ্রুপ পর্বেই আর নেপাল গড়ল ইতিহাস। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন নেপাল একটি মাত্র গোল খেয়েছে। জোসির চোখে এই সাফল্যের মূল রহস্য নেপালের বয়সভিত্তিক ফুটবলের উন্নয়ন, ‘আমাদের সর্বোচ্চ পর্যায়ে খেলা জাতীয় দলটা ব্যর্থ। স্বাধীনতার পর থেকে দেখে এসেছি দীর্ঘ মেয়াদে কোনো প্রশিক্ষণ নেই আমাদের। আর বয়সভিত্তিক দলের অনুশীলনে প্রাধান্য দিয়েছে নেপাল। সাফল্যটা এই জন্যই এসেছে নেপালের।’
বিমল, বিশাল, নবযুগদের মতো তরুণ নেপালিদের দুর্দান্ত পারফরম্যান্স দেখে বাংলাদেশের হেমন্তদের এখন ঈর্ষাই জাগতে পারে। তবে বাংলাদেশ দলের ব্যর্থতায় আফসোসে পুড়ছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় শফিকুল ইসলাম মানিক, ‘আমাদের কোনো পরিকল্পনা নেই। কর্মকর্তারা মাঠে খেলা রেখেই তৃপ্তি খোঁজেন। কিন্তু কীভাবে ফুটবলারদের উন্নতি হবে, নতুন ফুটবলার তৈরি করে আনতে হবে সেটা ক্লাব বা ফেডারেশনের কারোরই ভাবনায় নেই। আমরা সবাই চরম ব্যর্থ।’
এসএ গেমসে এই নেপালের সঙ্গেই গ্রুপ পর্বে খেলতে হবে বাংলাদেশকে। এই জয়ের পর নেপালের আত্মবিশ্বাসও বেড়েছে অনেক। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে কোচ বালগোপাল মহারজন এসএ গেমসের জন্যও যেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ‘আমরা এসেছিলাম টুর্নামেন্টে অংশ নিতে, ভাবিনি যে চ্যাম্পিয়নই হয়ে যাব। এই জয়ের ফলে এসএ গেমসেও ছেলেরা আরও ভালো খেলবে।’
৪টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নবযুগ শ্রেষ্ঠ। টুর্নামেন্ট-সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে। নবযুগ ভীষণই উচ্ছ্বসিত, ‘মনে হচ্ছিল দশরথ রঙ্গশালায় খেলছি। নেপালের সমর্থকদের সঙ্গে বাংলাদেশিরাও উৎসাহ দিয়েছে। এই ট্রফি দুটি তাদের জন্য।’
জাতীয় দলের সাবেক সহকারী কোচ রেনে কোস্টার নেপালের বিমল ও বাংলাদেশের হেমন্তকে হল্যান্ডে ট্রায়াল দিতে নিয়ে গিয়েছিলেন। বিমল সুযোগ পেলেও সেখান থেকে ফিরে এসেছিলেন হেমন্ত। বিমলরা এগিয়ে যাচ্ছেন। আর হেমন্তদের বাংলাদেশ তাঁদের সঙ্গে তাল মেলাতে পারছে না।